লোহাগাড়ায় স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটজন চিকিৎসা কর্মকর্তার মধ্যে চারজনই নেই। গত ২৩ জুন একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ যোগ দিলেও পর দিন থেকে আর হাসপাতালে আসেননি তিনি। ১৬ জন নার্সের মধ্যে আছেন আটজন। নষ্ট হয়ে আছে এক্স-রে যন্ত্রটিও। এ ছাড়া, উপজেলার নয়টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে বড়হাতিয়া ছাড়া আর কোনো ইউনিয়নে চিকিৎসা কর্মকর্তা নেই। এমন চিকিৎসকসংকট ও এক্স-রে যন্ত্রের অভাবে লোহাগাড়া উপজেলায় চিকিৎসাসেবা ভেঙে পড়েছে। চিকিৎসকেরা জানান, ৫০ শয্যার উপজেলা হাসপাতালে লোহাগাড়া ছাড়াও পার্বত্য এলাকা বান্দরবানের লামা, টংকাবতী, কেয়াজুপাড়ার অনেক রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নেন প্রায় ২০০ রোগী। অভ্যন্তরীণ শয্যাগুলোতেও প্রায় সময় রোগী ভর্তি থাকে। কিন্তু পর্যাপ্ত চিকিৎসক না থাকায় অনেক রোগীই উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না। সূত্র জানায়, লোহাগাড়া হাসপাতাল ২০০৫ সালে জরুরি ও জটিল প্রসূতি সেবার জন্য জাতীয় স্বর্ণপদক লাভ করে। কিন্তু দীর্ঘদিন ধরে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও অবেদনবিদ না থাকায় প্রসূতিসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। নাজনীন সুলতানা নামে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হলেও গত ২৩ জুন যোগদানের পর থেকে তিনি বিনা অনুমতিতে হাসপাতালে অনুপস্থিত রয়েছেন।উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রীনিবাস দাশ বলেন, এ হাসপাতালে চিকিৎসক স্বল্পতা ও এক্স-রে যন্ত্রের অভাবে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে প্রসূতিসহ গরিব রোগীদের। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল হচ্ছে না।চিকিৎসক-কর্মচারীরা জানান, হাসপাতালে বিদুৎ-বিভ্রাট কিংবা ভোল্টেজের ওঠা-নামার বিড়ম্বনা লেগেই আছে। ভোল্টেজের এ রকম ওঠা-নামার ফলে দেড় মাস আগে হাসপাতালের এক্স-রে যন্ত্রটি অচল হয়ে পড়ে। এটির টেকনিশিয়ান গাজী নাসির উদ্দিন জানান, যন্ত্রটি চালু থাকা অবস্থায় প্রতি মাসে শতাধিক রোগী ১০০ টাকা ফির বিনিময়ে এ হাসপাতালে এক্স-রে সুবিধা পেতেন। এখন বেসরকারি রোগ নিরূপণি কেন্দ্রে গিয়ে এক্স-রে করাতে রোগীদের ৩০০-৫০০ টাকা খরচ হচ্ছে। তিনি জানান, ১০-১৫ হাজার টাকা খরচ করলে এক্স-রে যন্ত্রটি চালু করা যাবে। হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. হানিফ জানান, বক্ষব্যাধি, ডিউডেনাস, পাকস্থলী, ফুসফুস, হাড়ভাঙাসহ শরীরের বিভিন্ন অঙ্গের রোগ নির্ণয়ের জন্য এক্স-রে যন্ত্র জরুরি। হাসপাতালে ভর্তি রোগী আশিষ রায় বলেন, ‘ভর্তি হওয়ার পর আমাকে কয়েকটি এক্স-রে করতে দেওয়া হয়। হাসপাতালের এক্স-রে যন্ত্র নষ্ট থাকায় আমি খুব কষ্ট করে উপজেলা সদরের একটি রোগ নিরূপণিকেন্দ্রে গিয়ে বেশি খরচে এক্স-রে করাতে বাধ্য হই।’ রোগীর অভিভাবক বাবলী গুপ্তা বলেন, ‘এ হাসপাতালে পানি সরবরাহ খুব কম, শৌচাগার নোংরা। এতে আমরা অস্বস্তিতে ভুগছি।’ জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানান, হাসপাতালে বিরাজমান সমস্যাগুলোর কথা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্ত্রীরোগ বিশেষজ্ঞ নাজনীন সুলতানার অনুপস্থিতির ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।