লোহালক্কড় আর ট্রাকের এলাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বেবাকে ফালায় হেইয়্যা আমিও ফালাই আর কি’ বলেই ময়লার ঝুড়িটা ফেলল সে ডাস্টবিনের বাইরে। এরপর ভোঁ-দৌড়। সে একটি বাসায় কাজ করে। যেখানে সেখানে ময়লা ফেলায় আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে পশ্চিম মাদারবাড়ি। নাগরিক যন্ত্রণা আরও আছে—রাস্তার দুই পাশে অসংখ্য লোহালক্কড়ের দোকান। রাস্তাজুড়ে লোহালক্কড়ের বাসা, পথচারীদের হাঁটার জন্য নেই ফুটপাত। এলাকাবাসীর বড় অভিযোগ, ট্রাক আর লোহালক্কড়ের এলাকা হয়ে যাচ্ছে এটি।মেহের আলী চায়ের দোকানের পাশের ১ নম্বর গলির সামনেই দেখা যায় আবর্জনার স্তূপ। রাস্তাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনা। ‘গলি থেকে বেরোলেই গন্ধে দম বন্ধ হওয়ার উপক্রম হয়। কারণ আর কিছুই না, ডাস্টবিনের ভেতরে ময়লা-আবর্জনা না ফেলে পুরো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়।’ কথাগুলো বললেন পশ্চিম মাদারবাড়ি এলাকার বেগম সুফিয়া জামান। আরও বললেন, ‘অবশ্য ডাস্টবিনটাও ভাঙা, এমনিতেও ময়লা-আবর্জনা বাইরে চলে আসে। আর এর সুযোগ নেন স্থানীয় লোকজন। নালাতেও ময়লা ফেলা হয়।’প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্রী সাইমা বলেন, ‘রিকশা নিতে দাঁড়ালে মনে হয় এই বুঝি নালার ভেতর পড়ে গেলাম। গলিটি যানবাহন ও পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ।’গৃহিণী গোলতাজ বেগম বললেন, ‘পশ্চিম মাদারবাড়ি এলাকাটা ঘিঞ্জি আর রাস্তার দুই পাশে লোহালক্কড়ের দোকান। পরিবহনের কাজ তো আছেই। দিন নেই, রাত নেই ট্রাক এদিক-সেদিক ছোটাছুটি করে। ট্রাক, আর মানুষ দিন দিন বাড়ছে। কিন্তু সে অনুপাতে রাস্তা দূরে থাক, পথচারীদের জন্য সামান্য ফুটপাতও নেই।’দোকানি সেলিম উদ্দিন বলেন, ‘এলাকায় চলছে তীব্র পানিসংকট।’ আরাফাত চৌধুরী সামনে আনলেন মাদকাসক্তদের উৎপাতের কথা। ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম বলেন, ‘এলাকাবাসী পানির সংকট ও ডাস্টবিন সমস্যা নিয়ে প্রায় আসেন। ডাস্টবিন সমস্যার সমাধানে ভ্যানে করে ময়লা ফেলার ব্যবস্থা করেছেন। প্রতি মহল্লায় কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের কাছ থেকে চাঁদা আদায় করে একজন বেতনভুক্ত কর্মী নিয়োগ করা হয়েছে, তিনি প্রতি বাড়ি থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ করেন।’ তিনি আরও বলেন, ‘যানজট সমস্যা সমাধানের জন্য ওয়ার্ডের প্রায় ৭৯টি কাঁচা রাস্তা পাকা করা হয়েছে। কয়েকটা সড়ককে একমুখো করা হয়েছে। আমি চেয়েছিলাম টার্মিনাল স্থাপন করতে। এ ব্যাপারে উপ-কমিশনার (ডিসি) ট্রাফিকের কাছে লিখিত আবেদন করেছি। এ ছাড়াও বিভিন্ন অপরাধ ও দুর্ঘটনা দমনের জন্য গলি-উপগলিতে বাতির ব্যবস্থা করেছি। জলাবদ্ধতা দূরীকরণে এক কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে গুলজার খালের সংস্কার করা হয়েছে।’ পানীয়জলের সংকট নিরসনে ওয়াসার অনুমোদন সাপেক্ষে গভীর নলকূপ স্থাপনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি জানান, এলাকায় মহিলা কলেজ ও বালক উচ্চবিদ্যালয় স্থাপন, বেকার মহিলাদের জন্য সেলাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের চেষ্টা করছেন। তিনি লোহালক্কড়ের দোকানগুলোতে গ্র্যান্ডিং যন্ত্রের শব্দদূষণ ও মাদকের উৎপাত বাড়ার কথা স্বীকার করেন।