মুন্সিগঞ্জের রহমত উল্লাহ খান আনোয়ারের বাড়ির দিকে সবার একটু আলাদা নজর। সারা দিন নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন তিনি। ঠুকঠাক করে তৈরি করে যাচ্ছেন নানা জিনিসপত্র। বাড়ির ভেতর থেকে আসা শব্দ আর লোহালক্কড়ের ব্যবহার দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। নিশ্চয়ই কোনো গোপন কাজ হচ্ছে। পুলিশে খবর দেওয়া হলো। পুলিশের লোকজন এসে তো অবাক। কোথায় কী! ঘরভর্তি ঘরগেরস্তালির নানা জিনিসপত্র তৈরি করেছেন তিনি। পেপারওয়েট আমরা কে না চিনি! কিন্তু এর মধ্য দিয়েও যে সৃজনশীলতা প্রকাশ করা যায় তা হয়তো অনেকেই জানি না। সে কাজটিই করে যাচ্ছেন আনোয়ার। কোনোটি কমা আকৃতির, কোনোটি বাটখারার মতো। কোনোটিতে একসঙ্গে দুটো কাজ হবে। কলমদানি ও পেপারওয়েট। বাদ যায়নি নৌকার ভেলার আদলও। এগুলোকে পেপারওয়েট-শিল্প বললে নেহাত ভুল বলা হবে না। আর এ শিল্পের উদ্যোক্তা রহমত উল্লাহ খান আনোয়ার। নানা নকশার ১৮ রকমের পেপারওয়েট তৈরি করেছেন। বিশেষত্ব হচ্ছে প্রতিটির নকশা আলাদা। শুধু কি পেপারওয়েট। মাছ শুকিয়ে শুঁটকি করবেন? কিন্তু পড়েছেন যন্ত্রণায়। পাখি এসে খেয়ে ফেলে। ধুলাবালির কথা নাইবা বললাম। তাই বলে শুঁটকি করা হবে না। তাই কি হয় নাকি? এমন সমস্যার সমাধানে তৈরি করেছেন শুঁটকি করার বিশেষ যন্ত্র। যন্ত্রটিতে তিন আকারের ট্রে আছে। তাতে মাছ রেখে রেলিংয়ের মধ্য দিয়ে বাইরে মেলে দিন। ওপরে রয়েছে স্বচ্ছ প্লাস্টিকের পর্দা। যা খাবারকে পাখির লোলুপ দৃষ্টি, ধুলাবালি সবকিছু থেকে রক্ষা করবে। এভাবে সহজেই তৈরি করতে পারবেন শুঁটকি, আচার। এ রকম প্রায় ২৫০ রকমের গৃহস্থালির সামগ্রী তৈরি করেছেন আনোয়ার। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই ব্যতিক্রম কিছু বানাতে চাইতাম। লোহা-লক্কর আমাকে খুব আকর্ষণ করত। ফেলে দেওয়া ভাঙা জিনিসপত্র নিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা করতাম। কিছু হতো, কিছু হতো না। বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই স্পৃহা আরও বেড়ে গেল।‘ এখনো সেই শখ ধরে রেখেছেন আনোয়ার। ছোট জিনিস থেকে বড় আসবাবপত্র সবই তৈরি করেন তিনি। খাট, আলমারি, রান্নাঘরের কেবিনেট, খাবার টেবিল, টিভি রাখার স্ট্যান্ড থেকে শুরু করে চায়ের কাপ, চামচ, লবণদানি, ঝাড়ু স্ট্যান্ড, ফিল্টার স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড, কলমদানি, মোমদানি, দেয়ালঘড়ি গৃহস্থালির প্রয়োজনীয় সবই তৈরি করেছেন তিনি। প্রতিটি জিনিসের নকশায়ও আছে বৈচিত্র্য। তবে তিনি কাজ করে আরাম পান স্টেইনলেস স্টিল দিয়ে। সেগুন কাঠ, প্লাইউড, চিপ বোর্ড, মেলামাইন বোর্ড, প্লাস্টিকের ব্যবহারও নিয়মিত করেন। বললেন, ‘মানুষের জীবনে ব্যস্ততা বেশি, সময় কম। এমন জিনিস তৈরি করছি যাতে করে কম সময়ে দ্রুত কাজ হবে। এতে করে তাদের কষ্ট কম হবে। স্বল্প পরিসরে প্রয়োজনীয় প্রতিটি জিনিস যেন নাগালের মধ্যে থাকে।’ সম্পূর্ণ্রনিজের ইচ্ছায় এ কাজ করে যাচ্ছেন আনোয়ার। নিজেকে একজন শিল্পী দাবি করে তিনি বলেন, ‘আমি একজন শিল্পী। সৃজনশীল ও রুচিশীল জিনিস মানুষকে উপহার দিতে চাই। তবে আমার কাজ দেখে কারও ভালো লাগলেই সার্থক হব।’ আনোয়ার প্রথম পর্দার সামনে আসেন ইত্যাদি-এর মাধ্যমে। চলতি বছরের জানুয়ারি মাসে ইত্যাদিতে তাঁকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রচারিত হয়। ‘আগে নিজের মতো কাজ করতাম। কাউকে তেমন কিছু বলতাম না। এখন সবাই তো আমাকে দেখে অবাক। প্রচুর লোকজন বাড়িতে ভিড় করে। আমার জিনিসপত্র দেখতে চায়। তবে নিজের মতো করে কাজ করতে ভালো লাগে।’মুন্সিগঞ্জে চশমার ব্যবসা করলেও পড়াশোনার পাটটা আগেই চুকিয়ে ফেলেছেন। তবে এ বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। বিএ পাস করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর পাস করেছেন। তবে শখের এ কাজই এখন নেশায় পরিণত হয়েছে। এটি তাঁর ভালোবাসাও। আর তা সম্ভব হয়েছে পরিবারের জন্য। ‘আমার মা ও ভাইবোনেরা যদি সাহায্য না করত তাহলে সম্ভব হতো না। অনেক উৎসাহিত করেছে আমাকে।’ কাজটাকে পেশা হিসেবে নেওয়ার কথা ভাবছেন। আরও নতুন নতুন উদ্ভাবন নিয়ে ব্যস্ত এখন তিনি। তবে তাঁর তৈরি জিনিস দেখে কেউ বানিয়ে নিতে চাইলে সেখানে ক্রেতার নিজস্ব মতামত দেওয়ার সুযোগ থাকবে। তিনি নিরন্তর রেখে চলেছেন শিল্পীমনের স্বাক্ষর। স্বপ্ন দেখেন দেশ ছাড়িয়ে খ্যাতি বিদেশেও যাবে। সারা বিশ্বের মানুষের কাছে নিজের তৈরি জিনিস দেখাতে পারবেন। দেশের সুনাম হবে। নিজের তো বটেই।