লৌহজংএর জলে
কয়েক বছর আগে পূজার নিমন্ত্রণে গিয়েছিলাম মির্জাপুরের কুমুদিনীতে। টাঙ্গাইলের এই প্রতিষ্ঠানটি ভারতেশ্বরী হোমস, কুমুদিনী হাসপাতালসহ নানা কারণে বেশ বিখ্যাত। ভেতরে ঢুকতে গিয়েই দেখি দুই পাশে সুসজ্জিত ফুলের বাগান। আমাদের অভ্যর্থনা জানাতে এলেন একজন শিক্ষক। তিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে চললেন। সীমানাপ্রাচীর পেরিয়ে আমরা একটি ঘাটে এসে উপস্থিত হলাম। নতুন এসেছি বলে বুঝতেই পারিনি পূজার ঘরটি ভেতরে নেই। ও পাড়েও আরেকটি ঘাট। দুই পাড়ে অসংখ্য মানুষ অপেক্ষা করছে। পূজার কারণে চারপাশে উর্যাসবের আমেজ। যাতায়াতের জন্য রশি বেঁধে নৌকা চলাচল করছে। দূরত্বটা এতই কম যে প্রথমে ভেবেছিলাম ওয়াপদার খাল। পরে জানা গেল এটা একটা নদী। নাম লৌহজং। নাম শুনে খানিকটা ধাঁধায় পড়লাম। লৌহজং মুন্সিগঞ্জের একটি উপজেলার নাম। কিন্তু লৌহজং নামের এই নদের জন্ম ও প্রবাহ টাঙ্গাইল জেলাতেই সীমাবদ্ধ। এই শরতেও মোটামুটি খরস্রোতা। আগে নিশ্চয় আয়তনের দিক থেকে এতটা ছোট ছিল না। এক পাশ সিমেন্টের বড় বড় পাটাতন দিয়ে ঢালাই করা। আর দেয়াল ঘেঁষে হাঁটার পথ। গ্রামের মানুষ এ পথে চলাচল করে। দলে দলে মানুষ পূজা দেখতে যাচ্ছে। আমরাও গেলাম পূজামণ্ডপে। ঢাকের বাদ্য আর মানুষের ভিড় ঠেলে এগিয়ে গেলাম। বিকেলে গেলাম নদীর তীরে। একপাশে অপেক্ষমাণ যাত্রী পারাপারের নৌকা। বিচিত্র রঙের নকশা আঁকা এই নৌকাগুলো এখন ইঞ্জিনের বিকট শব্দ তুলে প্রকৃতির পবিত্র নিস্তব্ধতা ভেঙে দেয়। আমরা অনেক দূর অবধি হাঁটলাম। চারপাশ শান্ত, নিরিবিলি। ছোট্ট হলেও একধরনের মায়ায় জড়ানো যেন লৌহজং নদ। পথের ঘরবাড়ি জনশূন্য। আমরা নদীর সঙ্গে গল্প করব বলে এমনই একটি নির্জন বাড়ির সামনে গিয়ে বসলাম। দুটি শালিক এসে আমাদের খুব কাছেই খাবার খুঁজতে লাগল। হাতের কাছেই জল; শীতল বাতাস পরশ বুলিয়ে দিচ্ছিল বারবার। এই সিমেন্ট বাঁধানো কৃত্রিম তীরে সুযোগ না পেয়ে খানিকটা দূরেই ফুটল কাশফুল। কিছুক্ষণের মধ্যে এক অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন হলো মন। আমরা নির্বাক বসে বসেই নদীর সৌন্দর্য উপভোগ করি। এই জলপথ কত সুখ-দুঃখের সাক্ষী হয়ে বেঁচে আছে! কত বিচিত্র খবর বয়ে নিয়ে যাচ্ছে উজান থেকে ভাটিতে, আবার ভাটি থেকে উজানে! নদীর তীর ঘেঁষে দুই পাশের সবুজ রেখা। পুবে এসে সরাসরি বাঁক নিয়েছে দক্ষিণে। তারপর এঁকেবেঁকে গিয়ে মিশেছে দেলদুয়ারের এলাংজানি নদীতে। অবশ্য ওর জন্মও টাঙ্গাইল সদরের ধলেশ্বরীতে। শুরু থেকে শেষ পর্যন্ত পাড়ি দিয়েছে প্রায় ৭৬ কিলোমিটার পথ। প্রস্থেও একেবারে কম যায় না, ৪০ মিটারের মতো। আর নদীর অববাহিকার আয়তন ১০৪ বর্গকিলোমিটার।