লৌহমানবীর অনশনের ১০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা ১০ বছর অনশন! হ্যাঁ, ধনুর্ভঙ্গ এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ভারতের এক মানবতাবাদী কর্মী। পুলিশ ও চিকিৎসকেরা জোর করে নাকে নল দিয়ে তরল খাদ্য ঢুকিয়ে বাঁচিয়ে রেখেছেন তাঁকে।ব্যতিক্রমধর্মী এই আন্দোলনকারীর নাম ইরম শর্মিলা চানু। উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যের একজন লেখিকা ও সাংবাদিক তিনি। প্রদেশটির রাজধানী ইম্ফলের জেএন হাসপাতালে কড়া পুলিশি নিরাপত্তায় বন্দী আছেন তিনি। ৩৯ বছর বয়সী শীর্ণদেহী শর্মিলা গোটা ভারতে এখন পরিচিত মণিপুরের লৌহমানবী হিসেবে। তাঁর আন্দোলন সেনাবাহিনীর বিশেষ একটি ক্ষমতার বিরুদ্ধে। ১০ মার্চ শর্মিলাকে মুক্তি দেয় মণিপুর সরকার। পরদিন আবার গ্রেপ্তার করা হয় তাঁকে। ইম্ফলের একটি আদালত শর্মিলাকে ১৫ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ফের আত্মহত্যার প্রচেষ্টার অভিযোগে। অনশনের ১০ বছর পূর্তির দিন শর্মিলা হাসপাতাল থেকে এক বিবৃতিতে জানিয়েছিলেন, সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।২০০০ সালের ১ নভেম্বর ইম্ফল উপত্যকার মালম শহরে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন ১০ নিরীহ নাগরিক। এই হত্যার বিরুদ্ধে সেদিন তীব্র নিন্দায় ফেটে পড়েন শর্মিলা। কিন্তু মণিপুরে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন ‘আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৫৮’ বলবৎ থাকায় ওই ‘গণহত্যার’ জন্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি। ওই আইনের বলে এ ধরনের হত্যার জন্য ভারতীয় সেনাবাহিনীকে কৈফিয়ত দিতে হয় না। সেই হত্যাকাণ্ডের তিন দিন পর শর্মিলা ৪ নভেম্বর সন্ধ্যায় শুরু করেন ‘আমরণ’ অনশন।