লৌহমানবীর স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফকল্যান্ড যুদ্ধের ২৫ বছর পূর্তির স্মারক মুদ্রা উন্মোচন করতে কিংসউড গিয়েছিলেন মার্গারেট থ্যাচার। অনুষ্ঠান আয়োজক ছিল খ্যাতনামা প্রাইভেট মুদ্রা প্রস্তুতকারী প্রতিষ্ঠান পবজয় মিন্ট। কিংস স্ট্রিটের ব্রুন হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়ার দায়িত্ব পায় পাঁচ বছর বয়সী জাস্টিন আলী। থ্যাচারের আগ্রহে তাঁর সঙ্গে অনেকক্ষণ সময় কাটানোর সুযোগও পেয়েছিল ব্রিটিশ বাংলাদেশি এই মেয়েটি। সম্প্রতি ৮৭ বছর বয়সে মারা যান ইস্পাতকঠিন হূদয়ের রাজনীতিক মার্গারেট থ্যাচার। দৃঢ়প্রতিজ্ঞ, আপসহীন ও কঠোর মনোভাবের এ নেত্রী বিশ্বব্যাপী পেয়েছিলেন ‘লৌহমানবী’র খেতাব। স্যার উইনস্টন চার্চিলের পর ব্রিটেনের সবচেয়ে প্রভাবশালী সরকার প্রধান মনে করা হয় দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে। দৃঢ় ও স্পষ্টভাষী থ্যাচার টানা তিনটি নির্বাচনে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে জয়লাভ করেন। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ উপস্থিত ছিলেন মার্গারেটের শেষকৃত্যানুষ্ঠানে। ব্রিটেনের নেতৃত্বস্থানীয় কারও মৃত্যুতে দেশের মানুষের এত মিশ্র প্রতিক্রিয়া স্মরণাতীতকালে দেখা যায়নি। লৌহমানবীর স্মরণে ব্রিটিশ পত্রপত্রিকাসহ সারা বিশ্বের সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে বিশেষ নিবন্ধ। এরই মধ্যে আবার ফিরে এসেছে লৌহমানবীর সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত জাস্টিন আলীর পুরোনো স্মৃতি। যুক্তরাজ্যের প্রভাবশালী কয়েকটি পত্রিকা এবং জার্মান ন্যাশনাল রেডিওতে প্রচারিত হয়েছে জাস্টিনের মার্গারেট থ্যাচারকে ফুলের তোড়া উপহার দেবার সেই ঘটনার স্মৃতিচারণা। জাস্টিন অবশ্য এখন আর সেই ছোট্টটি নেই। কিংস্টন ইউনিভার্সিটি থেকে মিডিয়া অ্যান্ড ক্যালচার বিষয়ে স্নাতক করেছেন। ২০০৮ সাল থেকে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের অন্যতম পরিচালক ও প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। জাস্টিন বলছিলেন, ‘ মার্গারেট থ্যাচারের কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা আমার জীবনের বিশাল পাওনা। এর আগে কয়েকবার তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলাম। পবজয় মিন্টের অনুষ্ঠানে তিনি আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিলেন। একটা কথা খুব মনে আছে, থ্যাচার আমাকে বলেছিলেন, যেকোনো বিষয়ে আত্মবিশ্বাস সবচেয়ে বেশি জরুরি। ভেঙে পড়লে কিংবা হাল ছেড়ে দিলে জীবন আরও কঠিন হয়ে পড়বে।’বলতে বলতে জাস্টিন ফিরে যাচ্ছিলেন ছোট্টবেলার সেই দিনের স্মৃতিতে। লৌহমানবীর দেওয়া অনুপ্রেরণা ঠিকই কাজে লাগিয়েছেন জাস্টিন। বাবা ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসের প্রবর্তক এবং দ্য স্পাইস সাময়িকীর সম্পাদক এনাম আলী এমবিইর যোগ্য উত্তরসূরি তিনি। সুদূর বিলেতে থেকেও জাস্টিন প্রতিনিয়ত ভাবেন বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের প্রতি রয়েছে তাঁর অগাধ ভালোবাসা। ২০০৬ সালের ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস আসরে আবেগঘন সঞ্চালনায় অতিথিদের কাছ থেকে বাংলাদেশে বন্যাপীড়িতদের সাহায্যার্থে তিনি সংগ্রহ করেন ২০ লাখ টাকা। বাংলাদেশের ঐতিহ্য আর সংস্কৃতিই তাঁর মূল পরিচয় বলে মনে করেন জাস্টিন আলী।