ল্যাকমের আসরে শরৎচন্দ্রের ‘পার্বতী’
একদিকে পোশাকের বাহার, অপর দিকে বলিউড তারকাদের দ্যুতি—জমে উঠেছে ল্যাকমের আসর। সোহা আলী খান, মনোজ বাজপেয়ী, ম্রুণাল ঠাকুর, শ্রুতি হাসান—এই কদিনে ল্যাকমের মঞ্চ আলোকিত করেছেন এসব বলিউড তারকা।
ল্যাকমে ফ্যাশন উৎসবের তৃতীয় দিনে মঞ্চে দেখা দিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় চরিত্র পার্বতী। ভারতের দিল্লিতে চলমান এই আসরে ডিজাইনার প্রতিমা পান্ডের লেবেল ‘প্রামা’ উন্মোচন করে ‘পারু’ কালেকশন।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’-এর নায়িকা পারু অর্থাৎ পার্বতী প্রতিমার মূল প্রেরণা। পারুর অপার সৌন্দর্যকে যেন এই মঞ্চে আবার জীবন্ত করেছিলেন তিনি। এই চরিত্রের সাজপোশাকের মধ্য দিয়ে ১৯২০ সালের হারিয়ে যাওয়া ফ্যাশন ধারাকে আবার ফিরিয়ে এনেছিলেন তিনি। এভাবে কেবল শহর আর প্রকৃতি নয়, বাংলা ক্ল্যাসিক সাহিত্যও প্রভাব ফেলছে আধুনিক ফ্যাশনে।
ডিজাইনার বৈশালী এই আসরে নিয়ে এসেছিলেন উৎসবের পোশাকের নানান বাহার। তাঁর আয়োজনে লাল রঙের আধিক্য বেশি চোখে পড়ে। ‘ফিল রোগ’ নামের এই কালেকশনে ছিল গাউনের বৈচিত্র্য। নজর কেড়েছিল তার কর্ড ওয়ার্ক।
ল্যাকমের আসরে ডিজাইনার উজ্জ্বল দুবের লেবেল ‘অন্তর অগ্নি’ তুলে ধরে আগামী দিনের হাল ফ্যাশনের পোশাক। ছিল পালাজো, পালাজোর সঙ্গে লম্বা ঝুলের জ্যাকেট, একই প্রিন্টের পালাজো আর টপ, গ্যালেন্স প্যান্টসহ আরও নানান ট্রেন্ডি পোশাক। উজ্জ্বল দুবের ডিজাইন করা কালো প্যান্ট, আর ফুলহাতা কালো টপ পরে এই আসরে ঝড় তোলেন দক্ষিণি তারকা শ্রুতি হাসান।
‘ল্যাকমে ফ্যাশন উইক ২০২২’-এর তৃতীয় দিন অর্থাৎ শুক্রবারের আসর শুরু থেকেই জমজমাট। স্বাতী কাপুর, আর যাযাবরকে দিয়ে এদিনের উৎসব শুরু হয়েছে। আইষা রাও, কাবেরী, রাজদীপ রানাওয়াত ছাড়া আরও অনেক ডিজাইনারের দাপট দেখা গেছে। বলিউডের সবচেয়ে জনপ্রিয় ডিজাইনার মনীষ মালহোত্রাও অংশ নিয়েছেন এবার।