ল্যাপটপ ও মুঠোফোন মেলায় বিশেষ ছাড়
নগরের জিইসি মোড়ের ইউনুস্কো সিটি সেন্টারের পঞ্চম তলায় চলছে সপ্তাহব্যাপী ল্যাপটপ ও মুঠোফোন মেলা। ‘নরটন ল্যাপটপ অ্যান্ড মোবাইল ফেয়ার-২০১২’ শীর্ষক এ মেলার আয়োজন করেছে ইউনুস্কো সিটি সেন্টার আইটি ফ্লোর ব্যবসায়ী সমিতি। সার্বিক ব্যবস্থাপনায় ছিল কম্পিউটার সোর্স।মেলার টাইটেল স্পন্সর নরটন, কো-স্পন্সর ফুজিৎসু, লজিটেক ও বাংলালায়ন। গতকাল শনিবার মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. ফয়েজউল্লাহ খান। এতে বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার সোর্স লিমিটেডের পরিচালক মো. মোখলেসুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক এম এ মতিন, বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুল হাসান সিদ্দিকী, কম্পিউটার সোর্সের আঞ্চলিক ব্যবস্থাপক খন্দকার মুরাদুর রহমান, রায়ানস কম্পিউটার্সের কর্মকর্তা হামিদুল হক, কম্পিউটার ল্যান্ডের মো. মুহিম উদ্দীন, ইউনুস্কো সিটি সেন্টারের ব্যবস্থাপক জসিম উদ্দীন প্রমুখ। আয়োজক সূত্রে জানা যায়, আগামী ৪ আগস্ট পর্যন্ত মেলা চলবে। মেলায় ফুজিৎসু, ডেল, এইচপি, অ্যাপল, আসুস, অ্যাসার, লেনোভো প্রভৃতি ব্র্যান্ডের ল্যাপটপ এবং নকিয়া, স্যামসাং, সনি এরিকসন, সিম্ফনি ও মেক্সিমাস ব্র্যান্ডের মুঠোফোন বিশেষ ছাড়ে বিক্রি হচ্ছে। ক্রেতাদের জন্য কুইজ ও লটারির মাধ্যমে পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে । মেলায় ইউনুস্কো সিটি সেন্টারের ১৬টি তথ্যপ্রযুক্তি বিপণন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। নিজস্ব প্রতিবেদক