আজকাল বাসায় অনেকেই কমবেশি ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করেন। এ ছাড়া এখনকার বেশির ভাগ মোবাইল ফোনে তারহীন ওয়াইফাই সংযোগ-সুবিধা রয়েছে। অনেকেই কোনো ওয়াইফাই জোনে (যেখানে ওয়াইফাই সংযোগ আছে) গিয়ে সেই মোবাইল ফোন বা ল্যাপটপ কম্পিউটার দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন। এখন আপনি চাইলে নিজের ল্যাপটপ কম্পিউটারটিকেই ওয়াইফাই হটস্পট হিসেবে ব্যবহার করতে পারেন। ওয়াইফাই হটস্পট মানে হলো, আপনার ল্যাপটপই তখন ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট সেবা দেবে। ওয়াইফাই আছে এমন একাধিক স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপ আপনার ল্যাপটপের সঙ্গে যুক্ত হয়ে ইন্টারনেট সংযোগ পাবে। সেসব থেকে ইন্টারনেট ব্যবহার করা যাবে।ল্যাপটপে যদি অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ৭ থাকে, তবে শুধু একটা সফটওয়্যার দিয়ে খুব সহজেই আপনার ল্যাপটপটিকে ওয়াইফাই হটস্পট বানাতে পারবেন। সফটওয়্যারটির নাম কানেকটিজ। www.connectifz.me/download-lite ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি নামিয়ে (ডাউনলোড) ইনস্টল করতে হবে। এরপর সফটওয়্যারটি রান করান। এবার পাসওয়ার্ড চাইবে। অন্যরা যে পাসওয়ার্ড ব্যবহার করে আপনার ওয়াইফাই হটস্পট ব্যবহার করবে, সেই পাসওয়ার্ডটি দিন। এবার আপনি আপনার ল্যাপটপে যে ধরনের ইন্টারনেট ব্যবহার করেন, তার ওপর ভিত্তি করে ইন্টারনেট নির্বাচন করুন। আপনি যদি তার দিয়ে যুক্ত ব্রডব্যান্ড বা টেলিফোননির্ভর ডায়াল-আপ ইন্টারেনেটের ব্যবহারকারী হন, তবে Internet to Share-এর Option থেকে Local area Network নির্বাচন করুন। যদি ওয়াইম্যাক্স ব্যবহারকারী হন তবে WiMAX Network Adapter নির্বাচন করুন। এরপর Advanced Settings-এ Share Over Option থেকে WiFi নির্বাচন করুন। আপনার সব কাজ শেষ। শুধু Start Hotspot-এ ক্লিক করুন আর অন্য ল্যাপটপ বা মোবাইল ফোনে দেখুন আপনার তৈরি করা ওয়াইফাই হটস্পটের নামটি দেখাচ্ছে কি না। Connect করুন আর ব্যবহার করুন ইন্টারনেট।—মো. ফিরোজ আহমেদ, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।