ল্যাপটপ মেলায় তরুণদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজার দিন বলে সকালে তেমন ভিড় না থাকলেও নগরের ইউনুস্কো সিটি সেন্টারে ল্যাপটপ ও মুঠোফোন মেলায় দুপুরের পর থেকেই লোকজন আসতে শুরু করেন। এঁদের মধ্যে তরুণদের সংখ্যাই বেশি। প্রযুক্তিপ্রেমী দর্শকেরা মেলা ঘুরে ঘুরে দেখছিলেন আর দাম জুতসই মনে হলে সঙ্গে সঙ্গেই কিনে নিচ্ছিলেন পছন্দের পণ্যটি। গত মঙ্গলবার মেলা প্রাঙ্গণ ঘুরে এমন চিত্রই দেখা যায়। মেলায় কথা হয় নাহিদ কাদের নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে। তিনি বলেন, ‘আমি ল্যাপটপ কিনতে এসেছি। মেলায় ছাড় পাব বলেই আসা। ঘুরে দেখি, পছন্দ আর দামে মিলে গেলেই কিনব।’ মেলা আয়োজক কমিটির আহ্বায়ক এম এ মতিন বলেন, ‘মেলায় আমরা ভালোই সাড়া পাচ্ছি। মেলায় ফুজিৎসু, ডেল, এইচপি, অ্যাপল, আসুস, অ্যাসার, লেনোভো প্রভৃতি ব্র্যান্ডের ল্যাপটপ এবং নোকিয়া, স্যামসাং, সনি এরিকসন, সিম্ফনি ও মেক্সিমাস ব্র্যান্ডের মুঠোফোনে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া মেলায় প্রতিদিন কুইজ ও লটারির মাধ্যমে পুরস্কারের ব্যবস্থা রয়েছে।’ইউনুস্কো সিটি সেন্টারের পাঁচতলায় সপ্তাহব্যাপী এ মেলা শুরু হয় গত শনিবার। ‘নরটন ল্যাপটপ অ্যান্ড মোবাইল ফেয়ার-২০১২’ শীর্ষক এ মেলার আয়োজন করেছে ইউনুস্কো সিটি সেন্টার আইটি ফ্লোর ব্যবসায়ী সমিতি। ৪ আগস্ট পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত রয়েছে।  নিজস্ব প্রতিবেদক