ল্যাপটপের চাহিদাই ছিল বেশি বিক্রি হয়েছে আইকনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট দিনব্যাপী প্রযুক্তি মেলা শেষ হয়েছে গত শুক্রবার। নগরের জিইসি মোড়ের ইউনসকো সিটি সেন্টার কম্পিউটার ব্যবসায়ী সমিতি আয়োজিত এ মেলার শেষ দিনে দর্শনার্থীদের ভিড় ছিল। জুমার নামাজের পর দল বেঁধে আসতে থাকেন অনেকেই। তাঁদের মধ্যে তরুণের সংখ্যাই বেশি ছিল। আগ্রাবাদ বেপারীপাড়া থেকে এসেছেন কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী রাশেদ ইসলাম। সঙ্গে ছিলেন কয়েকজন বন্ধু। বললেন, ‘আমরা ল্যাপটপ কিনতে এসেছি। মেলায় দাম কিছুটা কম, তাই।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শর্মিলা রহমান কিনেছেন নোটবুক। ‘সহজে বহন করার সুবিধা এবং বিদ্যুৎ-সমস্যার কারণে আমার কাছে নোটবুকই সবচেয়ে নির্ভরযোগ্য মনে হয়। তাই এটি কিনেছি।’‘মেলায় ল্যাপটপের বিক্রি এবং চাহিদা বেশি ছিল। বিক্রি হয়েছে সাম্প্রতিক সময়ে আলোচিত প্রযুক্তিপণ্য এসারের আইকনিয়া ট্যাবলেট পিসি।’ এ কথা জানালেন মেলা আয়োজক কমিটির সভাপতি আবদুল মতিন। তিনি জানান, এর বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। কিন্তু মেলা উপলক্ষে এর দাম রাখা হয় ৯৮ হাজার টাকা।‘ক্যাসপারস্কি ল্যাপটপ অ্যান্ড মোবাইল ফেয়ার ২০১১’ নামে এ মেলা শুরু হয় গত ২৯ জুলাই। এর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন। মেলায় অংশ নিয়েছে কম্পিউটার সোর্স লিমিটেড, জননী কম্পিউটার, রায়ান্স কম্পিউটার লিমিটেড, কম্পিউটার ল্যান্ড, কম্পিউনিক্স, ম্যাক সিস্টেম, ভিশন কম্পিউটার, কেবিআর কম্পিউটার, অরজিন কম্পিউটার, পাওয়ার লাইন কম্পিউটার, রাঙ্গুনিয়া কম্পিউটার, ওসান কম্পিউটার, স্পার্ক কম্পিউটার প্রভৃতি প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান। এসার, ডেল, এইচপি, সনি, অ্যাপল, ফুজিৎসু, লেনোভো, স্যামসাংসহ বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য বিক্রি করে এসব প্রতিষ্ঠান।মেলার সফলতা প্রসঙ্গে আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ কামরুল হাসান সিদ্দিকী ও সভাপতি আবদুল মতিন বললেন, তাঁরা মেলা আয়োজনে সফল হয়েছেন। ব্যবসায়ী সমিতির সব সদস্যের সর্বাত্মক সহযোগিতার ফলে অত্যন্ত সুষ্ঠুভাবে মেলা শেষ করতে পেরেছেন। নিজস্ব প্রতিবেদক