ল্যাপটপের যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হয়তো খুব আয়েশ করে চায়ের কাপে চুমুক দিয়ে গান শুনছেন। ধুম করে আপনার সব চিন্তা দুমড়েমুচড়ে গেল। আপনার সাধের ল্যাপটপ আপনাকে আর গান শোনাচ্ছে না। যতই খোঁচাখুঁচি করেন, উঁহু, কিছুতেই কিছু হচ্ছে না। আর তার পরই শুরু হয়ে গেল ল্যাপটপ ঠিক করা নিয়ে আপনার অভিযান। এ তো গেল একটা দিক। আরও তো রয়েছে ভাইরাসজনিত ল্যাপটপের বিভিন্ন রোগ। আর সেই সঙ্গে আপনার নানা ঝামেলা পোহানো। বেশ কয়েক দিন আগেই কথা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সেজান শরীফের সঙ্গে। বহুদিন ধরে টাকা জমিয়ে কিনেছেন ল্যাপটপ। কিন্তু ল্যাপটপের হার্ডডিস্ক ক্রাশ করায় প্রচুর তথ্য হারিয়ে গেছে। এমনকি মাদারবোর্ডের সমস্যায়ও জর্জরিত তার ল্যাপটপ।ল্যাপটপের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এর আয়ু ও কর্মক্ষমতা অনেকাংশে নির্ভর করে আপনি ল্যাপটপের কতটা যত্ন নিচ্ছেন তার ওপর। ল্যাপটপকে কীভাবে ভালো রাখা যায়, বহুদিন কর্মক্ষম রাখা যায়, সে সম্পর্কে কিছু টিপস দিয়েছেন কম্পিউটার সোর্সের বিজনেস ম্যানেজার মিনহাজ আলম ভূঁইয়া।  ল্যাপটপ সব সময় হালকা নরম কাপড় দিয়ে মুছে পরিষ্কার রাখতে হবে, যাতে ধুলাবালি বা ময়লা না লাগে। এ ক্ষেত্রে কোনো রকম রাসায়নিক ব্যবহার না করাই ভালো। কিবোর্ড পরিষ্কার করার জন্য ব্রাশ ব্যবহার করা যেতে পারে। সতর্ক থাকতে হবে কোনো কি যেন খুলে না যায়। কিবোর্ডের জন্য কিগার্ডও ব্যবহার করা যায়। ল্যাপটপ রাখার স্থানে যেন ধুলা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।  ল্যাপটপ ব্যবহারে সতর্ক থাকুন। কোনোভাবেই যেন এতে জোরে ধাক্কা না লাগে কিংবা মাটিতে পড়ে না যায়। অসাবধানতায় ধাক্কা বা চাপ লেগে ডিসপ্লে স্ক্রিন ভেঙে যেতে পারে, হার্ডডিস্ক, মাদারবোর্ডেরও ক্ষতি হতে পারে। তাই ল্যাপটপ বহনের জন্য বিশেষভাবে তৈরি ব্যাগ ব্যবহার করুন। এসব ব্যাগ ল্যাপটপকে আঘাত থেকে রক্ষা করতে পারে। সময়ের সঙ্গে ল্যাপটপের ব্যাটারির আয়ু কমতে থাকে। কত দ্রুত আয়ু কমবে, তা ব্যবহারের ওপর নির্ভর করে। সুযোগ থাকলে মেইন পাওয়ার দিয়ে ল্যাপটপ চালানো যায়। তবে মাসে অন্তত একবার ব্যাটারির চার্জ সম্পূর্ণ শেষ করে নতুন করে চার্জ দেওয়াটা ব্যাটারির জন্য ভালো।  ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে নিবন্ধন করানো অ্যান্টিভাইরাস ব্যবহার করা উচিত। সতর্ক থাকলে বিনা মূল্যে পাওয়া অ্যান্টিভাইরাস দিয়েও ল্যাপটপকে ভাইরাসমুক্ত রাখা যায়। পেনড্রাইভ বা যেকোনো ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহারের আগে তা স্ক্যান করে নিতে হবে।  নিবন্ধন করানো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চেষ্টা করুন। এতে অ্যান্টিভাইরাস দেওয়া থাকে এবং বেশ নিরাপদ। হার্ডডিস্ক কম ফরম্যাট করা ভালো। ল্যাপটপ ব্যবহারের পর চেষ্টা করবেন সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর তা ব্যাগে ভরতে। ল্যাপটপের নিচে কুলিং ফ্যান থাকে, যেটা দিয়ে ভেতরের তাপ অপসারণ করা হয়। তাই ল্যাপটপ এমন জায়গায় বসান, যেখানে নিচে তাপ চলে যাওয়ার ব্যবস্থা আছে। ল্যাপটপ বিছানায় বা নরম কোথাও রেখে কাজ করা ঠিক নয়।  কখনোই কিবোর্ডের ওপর কলম, পেনড্রাইভ, মডেম, মাউস বা অন্য কোনো টুকিটাকি জিনিস রাখবেন না। ল্যাপটপ ব্যবহারের সময় কোনো পানীয় বা খাবার খাওয়ার ব্যাপারে সচেতন থাকতে হবে। যদি কখনো অসাবধানতায় কিবোর্ডের ওপর পানি পড়ে, সে ক্ষেত্রে দ্রুত ব্যাটারি খুলে ফেলতে হবে এবং সার্ভিস সেন্টারে দিতে হবে। তা না হলে বড় রকম দুর্ঘটনা ঘটতে পারে। টাচ-প্যাড ব্যবহারের পাশাপাশি ইউএসবি মাউস ব্যবহার করা যেতে পারে। কিবোর্ডের ব্যবহার বেশি থাকলে এক্সটারনাল কিবোর্ড ব্যবহার করা ভালো।  ল্যাপটপের ব্লু-টুথ, ওয়াই-ফাই, ইনফ্রারেড ইত্যাদির প্রয়োজন না থাকলে ল্যাপটপ ব্যবহারের সময় এসব ডিভাইস বন্ধ করে রাখুন। এতে ব্যাটারির শক্তি খরচ কম হবে।  ব্যক্তিগত ব্যবহারকারীর ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে অন্যের নাগাল থেকে রক্ষা পেতে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। এতে যাচ্ছেতাই ব্যবহার রোধ করা যায়, ল্যাপটপও থাকে নিরাপদ।  আপনার ল্যাপটপটি যে ব্র্যান্ডের, চেষ্টা করুন যেকোনো সমস্যায় সেই ব্র্যান্ডের কোম্পানির পরামর্শ নিতে। সব সময় আসল ডিলার, আমদানিকারক, বিশ্বস্ত মাধ্যম বা ব্যক্তির কাছ থেকে ল্যাপটপ কিনুন।  সার্ভিসে দিলে অবশ্যই ল্যাপটপে রাখা আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ব্যক্তিগত ফাইলগুলো সরিয়ে ফেলুন।