লড়াই হবে চতুর্মুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে নির্বাচন কাছে আসছে, অন্যদিকে কাউন্সিলর নির্বাচনে পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের ভোটারদের বিভক্তি স্পষ্ট হয়ে উঠছে। সাবেক দুই কাউন্সিলর আবু জাফর চৌধুরী ও ইকবাল হাফিজ ওরফে যুবরাজের মৃত্যুর পর থেকেই নানা মেরুকরণ চলে আসছিল। ফলে প্রার্থীর দলীয় পরিচয়ের চেয়েও এলাকাপ্রীতিই এখানে বড় হয়ে দাঁড়িয়েছে ভোটারদের কাছে। যোগ্য প্রার্থী বাছাই করা নিয়ে পুরো এলাকা এখন সরগরম। চলছে গণসংযোগ, ব্যানার ও পোস্টার টাঙানো, প্রচারপত্র বিলির কাজ। ভোটারের মন জয় করতে দারুণ ব্যস্ত প্রার্থীরা। এবার কাউন্সিলর পদে নির্বাচন করছেন মোহাম্মদ আবদুল করিম (ক্রিকেট ব্যাট), সালাউদ্দিন ইবনে আহমদ (ময়ূর), জহির আহমদ চৌধুরী (হাতি), মাজহারুল ইসলাম চৌধুরী (নলকূপ), মাহবুবুল হক (বাস), আবু ছিদ্দিক (চাঁদ), মো. রমজান আলী (পাগড়ি) ও মো. কাউছার হোসেন (ঘুড়ি)। এর মধ্যে প্রথম পাঁচজনই আওয়ামী ঘরানার। আবু ছিদ্দিক ও মো. কাউছার হোসেন বিএনপি ঘরানার। মো. রমজান আলী জামায়াতের। এ ওয়ার্ডে ভোটারসংখ্যা ৩২ হাজার ৮১০। এর মধ্যে পুরুষ ১৭ হাজার ৩৩৭ এবং মহিলা ১৫ হাজার ৪৭৩। ভোটারদের ধারণা, এবার জহির আহমদ চৌধুরী, সালাউদ্দিন ইবনে আহমদ, মাজহারুল ইসলাম চৌধুরী ও মাহবুবুল হকের মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। বিএনপি ও জামায়াতের তিনজন প্রার্থী হওয়ায় নির্বাচনী হিসাব গতবারের চেয়ে কঠিন হয়ে গেছে। তা ছাড়া, জামায়াত সমর্থক প্রায় দেড় হাজার মানুষ ভোটার হয়েছেন সাতকানিয়ায়। ফলে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে গত নির্বাচনে যুবরাজ যে রকম চমক দেখিয়েছিলেন এবার তেমনটি হবে না। মূল লড়াই হবে আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যেই। পুরোনো শহর খ্যাত এ ওয়ার্ডে রয়েছে সরকারি সিটি কলেজ, ইসলামিয়া ডিগ্রি কলেজ, কলেজিয়েট উচ্চবিদ্যালয়, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), মোহামেডান স্পোর্টিং ক্লাব, ডিসি ট্রাফিকের দপ্তর ইত্যাদি। এ ছাড়া কর্ণফুলীর পাড়ে স্ট্র্যান্ড রোডে রয়েছে ঐতিহ্যবাহী সদরঘাট, পদ্মা অয়েল কোম্পানির প্রধান কার্যালয়, বিআইডব্লিউটিসির কার্যালয়, পুরোনো কাস্টম এবং লবণশিল্পের বড় কেন্দ্র হিসেবে পরিচিত মাঝিরঘাট। আছে ছোট ছোট অনেক তৈরি পোশাক, গ্রিল, জুতা, সাবান কারখানা আর গুদাম। সব মিলিয়ে এ ওয়ার্ডের কাউন্সিলর পদটি গুরুত্বপূর্ণ। মাঝিরঘাট সড়ক এলাকার ভোটার রহমান হাবীব বলেন, ‘ওয়ার্ডের প্রধান সমস্যা সদরঘাট, মাঝিরঘাট ও দারোগাহাট সড়কের যানজট। এরপর আছে পানির সংকট, অপ্রশস্ত অলিগলি, জুতা কারখানার বর্জ্য আর ডাস্টবিনের উপচে পড়া ময়লা এবং মাদকের রমরমা বাণিজ্য। সব প্রার্থীর প্রতিশ্রুতি প্রায় একই ধরনের। তারপরও মূল লড়াইটা হবে আওয়ামী ঘরানার চার প্রার্থীর মধ্যে।’ নির্বাচনী প্রচারণায় অনেকটা এগিয়ে আছেন জহির আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘আমি কথায় নয় কাজে বিশ্বাসী। দলীয় পরিচয় তো আমার আছেই। আমি জয়ের ব্যাপারে আশাবাদী এ কারণে যে, উত্তর ও দক্ষিণ নালাপাড়া, আইস ফ্যাক্টরি রোড, কামাল গেটের মতো বিশাল একটি এলাকায় আমি একক প্রার্থী। এ ওয়ার্ডে এবার প্রার্থী বেশি কিন্তু ভোটার কম। তা ছাড়া অতীতে নির্বাচন করার অভিজ্ঞতা আমার আছে তাই এলাকাবাসীর কাছে তুলনামূলকভাবে বেশি পরিচিত এবং গ্রহণযোগ্য। সাড়াও পাচ্ছি বেশ।’ দারোগাহাট সড়কের ভোটার মোহাম্মদ ইউসুফ বলেন, ‘সালাউদ্দিন ইবনে আহমদ দারোগাহাট, স্ট্র্যান্ড রোড, বার্মা মসজিদ এলাকার মতো ওয়ার্ডের বড় একটি অংশের ভোটারদের প্রিয়মুখ। সমাজসেবক হিসেবে এলাকায় তাঁর পরিচিতিও আছে। এ ছাড়া সাবেক কমিশনার আবু জাফর চৌধুরীর পরিবার-সমর্থক-কর্মীরা এবার তাঁর পক্ষে কাজ করছেন।’সালাউদ্দিন ইবনে আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমি ওয়ার্ডের দুঃখী মানুষগুলোর মুখে হাসি ফোটাতে চাই। তাঁরা নানা ভাবে অবহেলিত। আমাদের এখানে কিছু অনুন্নত এলাকা আছে। বিশেষ করে কলোনি বা বস্তিগুলো। এসব এলাকায় একদিকে পানিসংকট অন্য দিকে জলাবদ্ধতা। আমি এসব সংকট দূর করতে চাই। ঘরে ঘরে বেকার, তাদের কর্মসংস্থান করতে চাই।’ মাজহারুল ইসলাম চৌধুরী ভোটযুদ্ধে কাজে লাগাতে চাইছেন সাবেক দুই কাউন্সিলরের নাম। প্রচারপত্রে তাঁদের প্রসঙ্গ এনেছেন কয়েকবার। গত সোমবার নালাপাড়া এলাকায় গণসংযোগকালে কথা হয় এ প্রতিবেদকের সঙ্গে। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সারা ওয়ার্ডজুড়ে আমার ভোটারেরা ছড়িয়ে আছে। আমি একটি সুন্দর আলোকিত সমাজ গঠন করতে চাই।’মাহবুবুল হক একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান হিসেবে অনেকের ধারণা এবার তিনিও মূল লড়াইয়ে থাকবেন। তাঁর পক্ষে কাজ করছেন ছাত্রলীগের নাহিদ, সাজ্জাদসহ অনেক নেতা-কর্মী। প্রতিদিন পালাক্রমে গণসংযোগ করছেন তিনি।বিএনপি ঘরানার কাউন্সিলর প্রার্থী আবু ছিদ্দিক বেশ আশাবাদী জয়ের ব্যাপারে। তিনি বলেন, ‘এ ওয়ার্ডে লড়াই হবে ত্রিমুখী। এর মধ্যে জহির আহমদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদের ভোটব্যাংক আছে। আর বিএনপির বেশির ভাগ ভোট এবং জামায়াতের একটি অংশের ভোট আমি পাব। কারণ গতবার আমি যুবরাজ ভাইকে ছাড় দিয়েছিলাম। তাঁরা গত নির্বাচনে ওয়াদা করেছিলেন পরের নির্বাচনে আমাকে সমর্থন দেবেন।’তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে এলাকার ঠিক মাঝখানে ওয়ার্ড কার্যালয়টি সরিয়ে আনব। পানিসংকট ও জলাবদ্ধতা নিরসনে যথাযথ উদ্যোগ নেব, কমিউনিটি ট্রাফিক ব্যবস্থা চালু করব। দক্ষিণ মাদারবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে দুপালা চালু করব, একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করব।’