লড়াই হবে জোট-মহাজোটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলার চার পৌরসভা—চকরিয়া, কক্সবাজার, টেকনাফ ও মহেশখালীতে নির্বাচন আজ। প্রতিটি পৌরসভায় নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রশাসন সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রার্থীরাও নির্বাচনী প্রচারণা শেষে চূড়ান্ত পরীক্ষার অপেক্ষায়। ভোটাররা জানান, এই চার পৌরসভায় লড়াই হবে মহাজোট ও চারদলীয় জোট-সমর্থিত মেয়র প্রার্থীদের মধ্যে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কক্সবাজার: কক্সবাজার পৌরসভা নির্বাচনে মহাজোট-সমর্থিত মেয়র পদপ্রার্থী মুজিবুর রহমানের (আনারস) সঙ্গে চারদলীয় জোট-সমর্থিত প্রার্থী সরওয়ার কামালের (তালা) হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ভোটারদের ধারণা। ভোটাররা জানান, ছয় দিন আগে টেলিফোন প্রতীক নিয়ে এই পৌরসভার চারবারের নির্বাচিত মেয়র নুরুল আবছার মাঠে নামলে ভোটের হিসাব দ্রুত পাল্টে যায়। তখন চারদলীয় জোট-সমর্থিত প্রার্থী সরওয়ার কামাল একটু পিছিয়ে পড়েন। কিন্তু ২৪ জানুয়ারি হাইকোর্টের একটি রায়ে নুরুল আবছারকে নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা হলে সরওয়ার কামাল আবার সামনে চলে আসেন। তবে আওয়ামী লীগের অপর দুই বিদ্রোহী প্রার্থী আবদুল খালেক (দেয়ালঘড়ি) ও রাশেদুল ইসলামও (টেলিভিশন) পিছিয়ে নেই। তাঁদের যেকোনো একজনও প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেন। তখন লড়াইটা হবে ত্রিমুখী।এই চার মেয়র প্রার্থী ছাড়াও মাঠে রয়েছেন আরও পাঁচ প্রার্থী। তাঁরা হলেন—জাতীয় পার্টির রুহুল আমিন (জাহাজ), স্বতন্ত্র রোকসানা পারভিন (কাপ-পিরিচ), রণজিত কুমার দে (দোয়াত-কলম), জগদীশ বড়ুয়া (চশমা) ও জুলফিকার আলী (মাইক)।চকরিয়া: চকরিয়া পৌর নির্বাচনে সাত মেয়র প্রার্থীর মধ্যে শেষ মুহূর্তে এসে ভোটারদের আলোচনায় উঠে এসেছেন চারজন। তাঁদের মধ্যে মহাজোট-সমর্থিত ও চারদলীয় জোট-সমর্থিত দুই প্রার্থী ছাড়াও আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। আওয়ামী লীগ শেষ মুহূর্তেও বিদ্রোহীদের বশে আনতে পারেনি। মেয়র পদপ্রার্থীরা হলেন মহাজোট-সমর্থিত বর্তমান মেয়র জাফর আলম (দেয়ালঘড়ি), চারদলীয় জোট-সমর্থিত নুরুল ইসলাম হায়দার (চশমা), আওয়ামী লীগের বিদ্রোহী সেলিম উল্লাহ (দোয়াত-কলম), ফজলুল করিম সাঈদী (তালা) ও আ ক ম গিয়াস উদ্দিন (জাহাজ), জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোয়ার আলম (আনারস) এবং স্বতন্ত্র আবুল হাসেম (টেলিভিশন)।টেকনাফ: টেকনাফ পৌরসভায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভোটাররা। প্রশাসন পৌরসভার নয়টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এখানে মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত মোহাম্মদ ইসলাম ও চারদলীয় জোট-সমর্থিত মোহাম্মদ ইসমাঈল প্রতিদ্বন্দ্বিতা করছেন।ভোটাররা জানান, ভোট দিতে যেতে ভয় হচ্ছে। কারণ নির্বাচনের আগেই দুই দলের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। তাই সুষ্ঠু নির্বাচন হয় কি না, তা নিয়ে তাঁরা শঙ্কিত। ভোটার জামাল হোসেন, আব্দুর রহমান ও শামীমা আকতার বলেন, নির্বাচনে কে কোন দলের প্রার্থী সেটা বড় কথা নয়। সুষ্ঠু নির্বাচন নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, পৌর নির্বাচনে এখানকার নয়টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। মহেশখালী: মহেশখালী পৌরসভায় এখন ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সরোয়ার আজম (টেলিফোন) ও দলের বিদ্রোহী প্রার্থী মকছুদ মিয়া (জাহাজ)। ভোটাররা জানান, তাঁদের মধ্যে লড়াই হওয়ার সম্ভাবনা বেশি। এখানে চারদলীয় জোট-সমর্থিত মেয়র প্রার্থী গোলাম মোস্তফা (কাপ-পিরিচ) নির্বাচন করলেও তাঁকে নিয়ে তেমন মাতামাতি নেই। কারণ তাঁর সঙ্গে বিএনপি-জামায়াতের কেউ নেই। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউছার হোসেন জানান, নয়টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য থাকবে। নৌবাহিনী ও র‌্যাাব সদস্যরা দায়িত্বে নিয়োজিত থাকবেন। এ পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন আরও ছয় প্রার্থী। এঁরা হলেন—আওয়ামী লীগের বিদ্রোহী পূর্ণচন্দ্র দে (তালা), জাতীয় পার্টির শামসুল আলম (আনারস), স্বতন্ত্র প্রার্থী জামালুর রহমান (দোয়াত-কলম), মনিরুল আলম (মাইক) ও সার্জিনা আকতার (দেয়ালঘড়ি)।