কান জ্বালাপোড়া করার মতো কোনো উপদ্রব নেই, একে ধরো ওকে মারো ধরনের হুমকি-ধমকি নেই, নেই অলিগলিতে চা-নাশতা, শাড়ি-লুঙ্গি আর টাকার ছড়াছড়ি কিংবা হইচই। গত বৃহস্পতিবার লালখান বাজার ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন সুষ্ঠু-শান্ত পরিবেশ-পরিস্থিতি। মতিঝর্ণা, চানমারি সড়ক, হাইওয়ে সোসাইটি, হাইলেভেল রোড, বাঘঘোনা, কুসুমবাগ আবাসিক এলাকা ও গরিবউল্লাহ শাহ আবাসিক এলাকার জনসাধারণের সঙ্গে কথা বলে জানা যায়, বড় ধরনের কোনো দাবি-দাওয়া তাঁদের নেই। হাইওয়ে সোসাইটির মোহাম্মদ ফজলের মতে, ‘মানুষ যত চায় প্রার্থীরাও পারবেন কিংবা পারবেন না এমন প্রতিশ্রুতি দিয়ে দেন। শেষ পর্যন্ত দেখা যায়, সব প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় না।’ জানা গেছে, লালখান বাজার ওয়ার্ডের একেক এলাকার সমস্যা একেক রকম। তবে সব এলাকার একটি সাধারণ সমস্যা পানিসংকট। চানমারি সড়কের বাসিন্দা, মুক্তিযোদ্ধা শেখ মো. দেলোয়ার হোসেন, মতিঝর্ণার মো. ফারুক, হাইলেভেল রোডের মো. ইউসুফ, কুসুমবাগ আবাসিক এলাকার দানু মিয়া, রেহেনা বেগমসহ অনেকের অভিযোগ, এলাকার মানুষ বছরের পর বছর পানির অভাবে কষ্ট পাচ্ছেন। এবার নির্বাচিত কাউন্সিলর যেন পানির কষ্ট থেকে মুক্তির ব্যবস্থা করেন। মতিঝর্ণা এলাকার একটি বস্তির ভাড়াটিয়া আনোয়ারা বেগম ও খুদে ব্যবসায়ী শহীদ মিয়ার অভিন্ন বক্তব্য, ‘আগে বিভিন্ন প্রার্থী পাহাড়ধস বন্ধ এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেননি।’ কুসুমবাগ আবাসিক এলাকার মুদির দোকানদার সিরাজ মিয়া (৬৫) ৩০ বছর ধরে বাস করছেন ওই এলাকায়। তিনি বলেন, ‘জমিদারদের (ভাড়াঘরের মালিক) অত্যাচারে এলাকার নিম্নআয়ের মানুষ অতিষ্ঠ। পানি ও বিদ্যুৎ, নালা-নর্দমা পরিষ্কার ইত্যাদি সুবিধা ছাড়াই বছরে একাধিকবার ভাড়া বাড়ানো এবং কথায় কথায় ভাড়াটিয়াদের তাড়িয়ে দেওয়া হয়। আমরা এ অবস্থা থেকে মুক্তি চাই।’ প্রায় সব জায়গার মানুষ সড়ক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মোটামুটি সন্তোষ প্রকাশ করেছেন। তবে কয়েকটি বস্তি এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা এবং বখাটের উৎপাত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভোটারদের দাবি-দাওয়ার মধ্যে বস্তিবাসীর স্থায়ী বসবাসের ব্যবস্থার কথা বলেন সব প্রার্থী। এ ছাড়া এফ কবির বলেন, ‘আমার সময়ে ২১টি সড়ক ও বাইলেনের উন্নয়ন হয়েছে। চাঁদাবাজি, মদ্যপদের উৎপাত বন্ধ এবং শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছি। আশা করি জনগণ আমাকে পুনরায় নির্বাচিত করবেন।’ আগামীদিনে জনগণের কল্যাণে যা দরকার তা করবেন বলে তিনি মন্তব্য করেন। মমিনুল হক বলেন, ‘আমি আগে নির্বাচিত না হলেও আফসারুল আমীনের সহযোগিতায় মতিঝর্ণায় গ্যাসলাইন স্থাপন, শহীদনগর উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠাসহ নানাভাবে জনগণের কল্যাণ করার চেষ্টা করেছি। আগামীদিনে সুযোগ পেলে বিভিন্ন স্তরের মানুষের মতামত নিয়ে লালখান বাজারকে উন্নত এলাকায় পরিণত করার চেষ্টা করব।’আবদুল হালিম পয়োপ্রণালী, রাস্তাঘাট উন্নয়ন ও লালখান বাজারকে হেলদি সিটি করার কথা উল্লেখ করেন। প্রচার-প্রচারণালালখান বাজার ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পাঁচজন। এঁরা হলেন বর্তমান কাউন্সিলর আবুল ফজল কবির আহমদ (আপেল), আওয়ামী লীগ সমর্থিত মো. মমিনুল হক (ঘুড়ি), খুলশি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম (চাঁদ), জামায়াত সমর্থিত মুহাম্মদ কামরুল হুদা (নলকূপ) ও স্বতন্ত্র মো. মহিউদ্দিন পাটোয়ারী (ময়ূর)। গত শুক্রবার পর্যন্ত প্রচার-প্রচারণা ও গণসংযোগে বেশি সক্রিয় দেখা গেছে আবুল ফজল কবির আহমদ, মমিনুল হক ও আবদুল হালিমকে। কামরুল হুদা ও পাটোয়ারী প্রচারণায় নামলেও এখনো ততটা জোরালো নয়। কে হবেন বিজয়ী প্রায় দেড় লাখ জনসংখ্যা অধ্যুষিত এ ওয়ার্ডে ভোটার ৪২ হাজার ৩২ জন। এরমধ্যে নতুন ভোটার প্রায় তিন হাজার। বর্তমান কাউন্সিলর এফ কবির আহমদের বাড়ি ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব অংশে। মোমিনুল হক হাইলেভেল রোডের বাসিন্দা। আবদুল হালিমের বাড়ি ওয়ার্ডের উত্তর দিকে ঢেপার পাড়, কামরুল হুদার বাড়ি বাঘঘোনা এবং মহিউদ্দিন পাটোয়ারীর বাড়ি টাইগারপাস এলাকায়। আবদুল হালিম গতবার নির্বাচন করে এফ কবিরের কাছে পরাজিত হন। এবার এফ কবির, মমিনুল হক ও আবদুল হালিমের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও প্রথম দুজনের মধ্যে মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, ওয়ার্ডের প্রায় এক-তৃতীয়াংশ ভোটার রয়েছেন বাঘঘোনা-হাইলেভেল রোড থেকে চানমারি রোড ও টাইগারপাস এলাকায়। এর মধ্যে কেবল মতিঝর্ণা এলাকায় ভোটার আছেন প্রায় নয় হাজার। সচেতন ভোটারদের মতে, এলাকার উন্নয়নে প্রার্থীদের অতীতের ভূমিকা, ভোটারদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ এবং দলীয় পরিচয়ের পাশাপাশি নির্বাচনী ফলাফল নির্ধারণে হাইলেভেল রোড থেকে মতিঝর্ণা এলাকার ভোটারেরাই নিয়ামক ভূমিকা রাখবেন। লালখান বাজার ওয়ার্ডের সাবেক কমিশনার, আওয়ামী লীগ নেতা মোছলেম উদ্দিন আহমদ বলেন, ‘মমিনুল হক ব্যক্তিগত সততা, অমায়িক ব্যবহারসহ সামগ্রিক যোগ্যতার মাপকাঠিতে সবার সেরা। আশা করি জনগণ তাঁকে নির্বাচিত করবেন।’ এলাকার ভোটার চট্টগ্রাম দোকানমালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এস এম শামশুল ইসলাম, ব্যবসায়ী নিযামুল বারীসহ হাইলেভেল রোডের একাধিক বাসিন্দা মনে করেন ‘সরকারের সঙ্গে ঘনিষ্ঠমহলের সঙ্গে যোগাযোগ রেখে এলাকার উন্নয়নের স্বার্থে মমিনুল হককে ভোট দেওয়া উচিত।’মতিঝর্ণা এলাকার বাসিন্দা হোমিও চিকিৎসক ভজন কুমার তলাপাত্র বলেন, ‘এলাকার বেশির ভাগ মানুষ এফ কবিরকে (এলাকায় মানিক কমিশনার হিসেবে পরিচিত) সাধারণ মানুষের বন্ধু হিসেবে জানেন। যে কারও বিপদ হলে তিনি ছুটে যান।’ ব্যবসায়ী সুরুজ মিয়া, চাকরিজীবী এম এস করিম বলেন, ‘মানিক ভাইয়ের ব্যবহার, মানুষের বিপদে-আপদে সহায়তায় এগিয়ে আসার কারণে এবারও তাঁর জেতার সম্ভাবনা বেশি।’ কুসুমবাগ আবাসিক এলাকার এক নম্বর সড়কের বাসিন্দা, মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বলেন, ‘৩০ বছর ধরে এ এলাকায় আছি। এর মধ্যে অন্তত ২৫ বছর কাঁচা রাস্তায় হাঁটতে গিয়ে কষ্ট ভোগ করেছি। গত পাঁচ বছরে রাস্তাঘাটের উন্নয়ন হওয়ায় জনগণ একটু আরামে চলাফেরা করতে পারছেন। এবারের নির্বাচনে ভোটারেরা নিশ্চয়ই এসব বিবেচনা করবেন।’ কুসুমবাগ এক নম্বর সড়কের পাশের রিকশা গ্যারেজের মালিক নজরুল ইসলাম (৪৩) জানান, ‘হালিম, মানিক, মমিন—তিনজনই ভালো। তবে এ এলাকায় হালিম ভাইয়ের ভোট বেশি।’ কারও বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না জানতে চাইলে স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করে পাল্টা প্রশ্ন করেন বলেন, ‘আমরা সাধারণ মানুষ, অভিযোগ করে এলাকায় থাকতে পারব?’ এদিকে, একাধিক সূত্র নিশ্চিত করেছে আবদুল হালিম শিল্পপতি জাকিরসহ একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি। তবে তিনি এসব মামলায় জামিনে আছেন।