লড়াই হবে ত্রিমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকবর শাহের মাজারের পাশ দিয়ে একটি রাস্তা গেছে রেলওয়ে হাউজিংয়ের দিকে। দুপাশে হোটেল, মাছ-মুরগি ও মুদির দোকান। লোকজনের আনাগোনা সারাক্ষণ। এসব দোকানের ফাঁকে ফাঁকে গড়ে উঠেছে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিভিন্ন কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী কার্যালয়। প্রতিটি কার্যালয়ে রয়েছে চার-পাঁচজন করে লোক। কিছুক্ষণ আগে জামায়াতে ইসলামী বাংলাদেশ সমর্থিত প্রার্থী নুরুল আলম তাঁর কার্যালয় উদ্বোধন করেন। নির্বাচনী হাওয়া সরগরম। ‘বর্তমান কাউন্সিলর নুরুল বশর মিয়া এবারও টিকে যাবেন।’ বললেন হোটেলে বসা বয়োজ্যেষ্ঠ ভোটার জাকির হোসেন। তাঁর কথার রেশ না কাটতেই এক তরুণের কণ্ঠে উচ্চারিত হলো, ‘এখানে বিএনপির সমর্থিত প্রার্থী আবদুস সাত্তার ওরফে সেলিমের অবস্থা ভালো। তাঁর সঙ্গেই হবে মূল লড়াইটা।’ তাহলে মূল প্রতিদ্বন্দ্বিতায় এঁরা দুজনই থাকছেন? না, এখানে হিসাবটা অন্য রকম। বর্তমান ওয়ার্ড কাউন্সিলর নুরুল বশর মিয়ার ব্যাপারে তেমন কোনো আপত্তি নেই কারও। বিশেষ করে বয়স্ক লোকজনের আস্থা রয়েছে তাঁর প্রতি। নুরুল বশর মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৯৯৪ ও ২০০৫ সালে দুবার নির্বাচিত হন। এবারও লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এ সময়ে উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এলাকার রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাকেন্দ্র গড়ে তুলেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আবদুল আলী উচ্চবিদ্যালয়, প্রিমিয়ার কলেজ, হাজি আবদুল আলী হাসপাতাল প্রভৃতি। এ ছাড়া সিটি করপোরেশনের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটিও এ ওয়ার্ডে স্থানান্তর করা হবে বলে তিনি জানান। এ ব্যাপারে জমিও বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি এলাকার মানুষের জন্য যা কিছু করেছি তাঁরা যদি তার মূল্যায়ন করেন তবে আমার জয়ের ব্যাপারে ভাবতে হবে না।’ অপরদিকে, সেলিম গতবারও নির্বাচন করেছেন। অপেক্ষাকৃত তরুণ ও উদ্যমী বলে এলাকাবাসীর গ্রহণযোগ্যতা পেয়েছেন। তরুণদের মধ্যেও জনপ্রিয়। আবদুস সাত্তার ওরফে সেলিম বলেন, ‘আমি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। আমাদের উত্তর পাহাড়তলী ওয়ার্ডে প্রায় ৬০ ভাগের মতো লোক দারিদ্র্যসীমার নিচে বাস করেন। আর এসব মানুষের জীবনমান উন্নয়নের স্বার্থে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, যোগাযোগব্যবস্থার আরও উন্নয়ন দরকার। এ ছাড়া এলাকায় জলাবদ্ধতা, পানীয়জলের সংকটসহ আরও কিছু নাগরিক সমস্যার দিকেও মনোযোগ দিতে হবে।’ সেলিম গতবারও নির্বাচন করেছেন। প্রায় ১৫৭ ভোটের ব্যবধানে হেরে যান নুরুল বশর মিয়ার কাছে। তবে এবারে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। বললেন, ‘আমি বিপুল ভোটের ব্যবধানে জিতে আসব ইনশাআল্লাহ।’তবে এ এলাকায় এবার নির্বাচনী লড়াইটা হবে ত্রিমুখী। উত্তর পাহাড়তলী ওয়ার্ডের পাঞ্জাবি লেন, নিউ শহীদ লেন, সিডিএ মার্কেট, ফিরোজশাহ এলাকায় ঘুরে পাওয়া গেল এ তথ্য। বিএনপি সমর্থিত প্রার্থী সেলিমের সঙ্গে ভোটযুদ্ধে নুরুল বশর মিয়ার পাশাপাশি আরও দুজনের লড়াই হতে পারে। এঁরা আওয়ামী ঘরানার। একজন সাবেক কাউন্সিলর এস এম আলমগীর। অপরজন জহুরুল আলম ওরফে জসিম। এর মধ্যে জসিমের অবস্থা ভালো। এস এম আলমগীর তাঁর এলাকায় (ফিরোজশাহ) ভালো ভোট পেলেও পুরো ওয়ার্ডে তা বজায় রাখতে কষ্ট হবে। কারণ তিনি ইতিপূর্বে সমালোচিত হয়েছেন তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য। রেলওয়ে হাউজিং এলাকায় অপরাধ কর্মকাণ্ডের আখড়া অবৈধ বস্তি উচ্ছেদে বাধা দেওয়ায় ক্ষিপ্ত এলাকাবাসী। জানালেন স্থানীয় বাসিন্দা রুহুল আমিন। ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে প্রার্থী নয়জন—আবদুস সাত্তার ওরফে সেলিম, ফজল আজিম, কামাল পারভেজ, নুরুল আলম, মুহাম্মদ নুরুল বশর মিয়া, মো. সেলিম, জহুরুল আলম ওরফে জসিম, নিয়াজ আহমদ ও এস এম আলমগীর।