লড়াকু সৈনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্তান রাতিহ কুমালসারির ছবিটির সামনে গিয়েই থমকে যাচ্ছিল দর্শনার্থীদের চোখ। মেয়েটির দেহাবয়ব থেকে এখনো হারিয়ে যায়নি শিশুসুলভ কমনীয়তার ছাপ, অথচ চোখমুখে কী আশ্চর্য দৃপ্ততা! দুই হাত বাড়িয়ে দাঁড়ানোর ভঙ্গিই বলে দিচ্ছে, সে এক সাহসী যোদ্ধা!ইন্তান রাতিহ কুমালসারি একজন তরুণ নারী মুষ্টিযোদ্ধা। ইন্দোনেশিয়ার স্বল্পসংখ্যক নারী মুষ্টিযোদ্ধার মধ্যে অন্যতম ইন্তান ১৩ বছর বয়স থেকেই মুষ্টিযুদ্ধ শুরু করে। বর্তমানে ১৭ বছর বয়সী এই নারী মুষ্টিযোদ্ধা ইতিমধ্যেই ১০টি অফিশিয়াল জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপে অপরাজেয় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে। এখন অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে মাকে গৌরবান্বিত করাই তার একমাত্র স্বপ্ন। ইন্দোনেশিয়ায় পুরুষদের মুষ্টিযুদ্ধ বেশ জনপ্রিয় হলেও নারীদের ক্ষেত্রে এ খেলাটি এখনো অজনপ্রিয়ই রয়ে গেছে। তাই স্বপ্ন আর বাস্তবতার মিলন হওয়া খুবই দুরূহ। স্বপ্ন পূরণের লক্ষ্যে ইন্তান কঠোর পরিশ্রম করে চলেছে। এই স্বপ্ন, আত্মবিশ্বাস, পরিশ্রম আর দৃঢ়তার গল্পই উঠে এসেছে ইন্দোনেশিয়ার তরুণ আলোকচিত্রী রনি জাকারিয়ার ক্যামেরায়। ছবিমেলায় আলোকচিত্র প্রদর্শনীর সুযোগে রনি তুলে এনেছেন অসাধারণ কিছু ছবি, অন্য রকম একটি গল্প। রনির আলোকচিত্রগুলোর শিরোনামও চোখে পড়ার মতো, ‘হীরার স্বপ্ন’! জানা গেল, ইন্দোনেশিয়ার ভাষায় ‘ইন্তান’ শব্দের অর্থ হীরা, আর তাই এই নামকরণ! কোনো ছবিতে ইন্তানকে দেখা যাচ্ছে অনুশীলনে মগ্ন, কোনো ছবিতে রিংয়ে নামার আগে প্রস্তুতিতে ব্যস্ত, আবার কোনো কোনো ছবিতে ক্ষিপ্রতার সঙ্গে প্রতিপক্ষকে আক্রমণরত। এসব আলোকচিত্র দেখেই মুষ্টিযুদ্ধে ইন্তানের দারুণ দক্ষতা অনুমান করে নেওয়া যায়। রনি জাকারিয়ার ভাষায়, ‘বক্সিং রিংয়ে সে প্রজাপতির মতো উড়ে বেড়ায়, মৌমাছির মতো হুল ফোটায়!’ মা আর বোনকে নিয়ে জাকার্তার ছোট্ট একটি ঘরে ইন্তানের বসবাস। কেন আলোকচিত্রের বিষয় হিসেবে ইন্তানকে বেছে নিলেন? প্রশ্ন করলে রনি জাকারিয়া জানান, ‘তার সঙ্গে আমার প্রথম দেখা একটি বক্সিং জিমে। সেখানে ইন্তান ছাড়া অন্যান্য নারী ও পুরুষ মুষ্টিযোদ্ধা প্রশিক্ষণ নেয়। কিছুদিন সেখানে যাওয়া-আসার সুবাদে তৃতীয় দিনের মাথায় আমার কাছে একটি ব্যাপার পরিষ্কার হয়ে ওঠে, তা হলো ইন্তান অন্যান্য মুষ্টিযোদ্ধার চেয়ে একটু অন্য রকম। এর পর থেকেই আমি ওর প্রতি মনোনিবেশ করি ’