শক্ত হও

শক্ত হও, মজবুত করে গড়ে তোলো নিজেকে। আত্মরক্ষার কৌশল আয়ত্ত করো। ট্রেনিং নাও। কুলাঙ্গারদের ভিড়ে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করে নাও।
মারো কামড়ে ধরো, যতক্ষণ চোয়ালে জোর আছে ছেড়ো না। নেইলপলিশে সজ্জিত আঙুল ঢুকিয়ে দাও পশুটার চোখে, আঙুলটা ভেঙে যাক, তবু ওর চোখটা যেন না বাঁচে। হাঁটু দিয়ে সজোরে আঘাত করো, তিন দিন হাঁটু ব্যথা করুক তোমার, কিন্তু পশুটা যেন আঘাতটার কথা আজীবন মনে রাখে। চুড়ি পরা-মেহেদি রাঙানো হাতের কনুইটা দিয়ে যত জোরে পার আঘাত কর ওর কণ্ঠনালির শেষ অংশে।
মরে যাও কিন্তু অন্তত একটাকে নিয়ে মরো! বীরের মতো লড়ে মরো। তোমার পরবর্তী প্রজন্মকে সাহস দিয়ে যাও।
নয়তো ঘরের কোণেই বসে থাকো। এই দেশে কেউ তোমাকে নিরাপত্তা দিতে পারবে না। সরকার, পুলিশ আশপাশের মানুষ এমনকি তোমার সঙ্গে থাকা স্বামী, কেউ না। তোমার নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে। নয়তো তুমি লাঞ্ছিত হবে পথে-ঘাটে আর তাতে কার কি আসবে-যাবে বলো? কী লাভটা হবে বলো তোমার? জীবনে কি এক দিনের জন্যও ওই বিভীষিকার মুহূর্তটা ভুলতে পারবে? পারবে আতঙ্ক কাটাতে? পারবে এরপর কোনো দিন তোমার মেয়ে, বোন অথবা কাছের যেকোনো মেয়েকে উৎসবে যেতে বাধা না দিয়ে থাকতে?
নিজেকে প্রস্তুত করো, আত্মরক্ষা করতে শেখো, লড়াই করতে শেখো, টিকে থাকতে শেখো। আর নয়তো অবলা হয়ে রাস্তায় নেমো না। ভিড়ের মধ্যে যেয়ো না।
কলঙ্ক আর বাড়িয়ো না!
বাংলামোটর, ঢাকা