শক্ত হাতে হাল ধরতে হবে কেনিয়াট্টাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কারণেই কেনিয়ার এবারের নির্বাচন খুব তাৎপর্যপূর্ণ। কেনীয়রা ২০০৭ সালের নির্বাচনোত্তর সহিংসতার স্মৃতিকে চিরদিনের জন্য ঝেড়ে ফেলতে ভোট দিয়েছে এবার। কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল ৮৬ শতাংশ, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও হয়েছে যাকে বলে হাড্ডাহাড্ডি। বিজয়ী প্রার্থী উহুরু কেনিয়াট্টা পেয়েছেন ৫০ দশমিক শূন্য ৭ শতাংশ ভোট। অর্থাৎ, একেবারেই সুতোয় ঝোলা সংখ্যাগরিষ্ঠতা। আর একটু হলেই সে দেশের নিয়ম অনুযায়ী দ্বিতীয় দফা ভোটে যেতে হতো বিজয়ী নির্ধারণে।লক্ষণীয় আরেকটি বিষয় হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ আদালতে বিজয়ী প্রার্থী কেনিয়াট্টার বিরুদ্ধে মামলা। ২০০৭ সালের নির্বাচনের পর ঘটা ব্যাপক সহিংসতার জেরেই ওই মামলা হয়েছিল। কেনিয়াট্টার বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই সময় সাম্প্রদায়িক সহিংসতায় উসকানি দিয়েছিলেন। সে সহিংসতায় প্রাণ হারায় এক হাজারের বেশি মানুষ। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয় ছয় লাখ। আগামী জুলাইয়ে এ মামলার বিচার শুরু হলে কেনিয়াট্টাকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যদিও তাঁর আইনজীবীরা অভিযোগ প্রত্যাহারের আবেদন করেছেন।নবনির্বাচিত প্রেসিডেন্ট কেনিয়াট্টা তাঁর জয়কে ‘গণতন্ত্র ও শান্তির বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছেন। বলেছেন, তিনি ‘ভয় ও পক্ষপাতের ঊর্ধ্বে থেকে’ কেনিয়ার সব মানুষের জন্য কাজ করবেন। পরাজিত মূল প্রতিদ্বন্দ্বী রাইলা ওডিঙ্গা ও অন্য নেতাদের দেশকে এগিয়ে নিতে তাঁর সঙ্গে হাত মেলানোর আহ্বানও জানিয়েছেন কেনিয়াট্টা। তবে ফলকে ত্রুটিপূর্ণ দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন ওডিঙ্গা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশবাসীর স্বপ্নভঙ্গের অভিযোগ করেছেন তিনি।ওডিঙ্গার অভিযোগের পেছনে হয়তো কিছু যুক্তি অন্তত আছে। ভোট গণনার সময় বেশ কিছু কারিগরি সমস্যা ঘটেছিল। এর মধ্যে ছিল প্রোগামিংয়ের একটি ত্রুটি, যাতে বাতিল ভোটের সংখ্যা বেশ কয়েক গুণ বেড়ে যায়। ওডিঙ্গার রাজনৈতিক জোট ‘কর্ড’ অভিযোগ করেছিল ১১টি আসনের ভোটের কোনো হিসাব মেলেনি। এতে করে আড়াই লাখ ভোট কমে গেছে তাঁর। তবে ওডিঙ্গা দাঙ্গা-হাঙ্গামার ডাক দেননি। সমর্থকদের শান্ত থাকতে বলছেন। সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, সহিংসতা দেশকে চিরদিনের জন্য শেষ করে দেবে।ওডিঙ্গার আবেদনে সাড়া দিয়ে কেনিয়ার সুপ্রিম কোর্ট এরই মধ্যে ২২ ভোটকেন্দ্রে জালিয়াতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী কর্মকর্তারা খতিয়ে দেখবেন এসব কেন্দ্রে নিবন্ধিত ভোটারের তুলনায় বেশি ভোট পড়েছে কি না। এই তদন্ত শিগগিরই শেষ হবে। এর আগ পর্যন্ত বুক ঝেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন না কেনিয়াট্টা।অবশ্য প্রেসিডেন্ট হিসেবে কেনিয়াট্টা এমনিতেও যে খুব স্বস্তিতে থাকতে পারবেন, তা আশা করা যায় না। অনেক জাতিগোষ্ঠীর দেশ কেনিয়া। তাদের মধ্যে বিভক্তিও ব্যাপক। ভোটাররা যে শুধুই দলীয় নীতি আর মতাদর্শকে সামনে রেখে ভোট দিয়েছেন, তা নয়। তাঁদের কাছে অগ্রাধিকার পেয়েছে ব্যক্তি। কাজেই নির্বাচিত প্রেসিডেন্টকে প্রথমে প্রকৃত সমাজ সংস্কারের বিষয়ে গভীর মনোযোগ দিতে হবে। একই সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে হবে বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীর মধ্যে। কেনিয়ার সেনারা এখনো গোলযোগপূর্ণ প্রতিবেশী সোমালিয়ায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে। অথচ কেনিয়ার অভ্যন্তরেই নিরাপত্তাব্যবস্থা হুমকির মুখে। অভ্যন্তরীণ নানা সমস্যায় তারা জর্জরিত। বেকারত্বের হার এখন ৪০ শতাংশ ছাড়িয়ে গেছে। জীবনযাত্রার ব্যয় আকাশছোঁয়া। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হলে দেশটিতে কোনো প্রেসিডেন্টের পক্ষে পূর্ণ মেয়াদ টিকে থাকার বিষয়টি পর্যন্ত অনিশ্চিত। ভূমির মালিকানা নিয়ে কেনিয়ায় রয়েছে দীর্ঘদিনের বিরোধ। সেখানে ভূমির মালিকানা নিয়ে অন্যায়-অবিচারের ঘটনা ঐতিহাসিক। এসব অন্যায়-অবিচারের জের ধরে হাজার হাজার কেনীয় বাস্তুচ্যুত হয়েছে। ঘটেছে রক্তক্ষয়ী হানাহানির ঘটনা। দীর্ঘদিনের এই ক্ষত সারাতে নতুন প্রেসিডেন্ট কী ভূমিকা নেন, তা দেখার বিষয়। এত সমস্যায় জর্জরিত বলেই নতুন প্রেসিডেন্টের কাছে জনগণের প্রত্যাশা থাকবে খুব বেশি। বিশেষ করে তারা চাইবে স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, কৃষি—এসব সমস্যাপীড়িত ক্ষেত্রে লক্ষণীয় উন্নতি। অভ্যন্তরীণ শত বাধার মুখেও এই প্রত্যাশা পূরণে অটল থাকা ছাড়া নতুন প্রেসিডেন্টের গত্যন্তর নেই।  শরিফুল ইসলাম ভূঁইয়া