শক্তিশালী নেতানিয়াহুর দুঃসময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনী স্লোগান ছিল, ‘শক্তিশালী দেশের জন্য শক্তিশালী নেতা’। কিন্তু দেশটির সদ্য অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভালোই ধাক্কা খেয়েছেন এই ‘শক্তিশালী নেতা’। এই নির্বাচনে মধ্যবামপন্থীরা উল্লেখ করার মতো ভালো ফল করেছে। এ কারণে স্থিতিশীল সরকার গঠনের ক্ষেত্রে ডানপন্থী এই ইসরায়েলি নেতা বেশ সমস্যায় পড়বেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।ভোটের প্রাথমিক ফল দেখে নেতানিয়াহু ফেসবুকে ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেছিলেন, জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে তিনি আবারও প্রধানমন্ত্রী হবেন। তিনি আরও বলেন, নির্বাচন এখন অতীত, সামনে তাকাতে হবে। নেতানিয়াহুর এই মন্তব্যকে বেহাল অবস্থাকে ইতিবাচক দিকে ঘোরানোর স্থূল চেষ্টা হিসেবে বর্ণনা করেছেন অনেকে। নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্ব কতটা শক্তিশালী ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর ‘শক্তিশালী নেতৃত্ব’ এখন খুবই দুর্বল অবস্থায় রয়েছে বলে মনে করছেন অনেকে। অথচ নির্বাচনের আগে আত্মবিশ্বাসে টগবগ করছিলেন। এক জনমত জরিপের ফল বলছিল, ৮০ শতাংশ ভোটারই মনে করেন, আবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। সহজ জয়ের আশায় আগাম নির্বাচন দিয়েছিলেন নেতানিয়াহু। ভেবেছিলেন, এতে তাঁর ক্ষমতা আরও দৃঢ় হবে। কিন্তু ক্ষমতা দৃঢ় হওয়ার বদলে উল্টো একরকম বিপদে পড়েছেন নেতানিয়াহু।মার্কিন রাজনৈতিক বিশ্লেষক আর্থার ফিঙ্কেলস্টাইনের পরামর্শমতো তাঁর সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবিগদর লিবারম্যানের উগ্রজাতীয়তাবাদী দল ইসরায়েল বেইতেনুর সঙ্গে নির্বাচনে গাঁটছড়া বেঁধেছিলেন নেতানিয়াহু। কিন্তু কৌশলগত এই জোট প্রত্যাশার চেয়ে অনেক খারাপ ফল করেছে। এটা এখন স্পষ্ট, নির্বাচনের আগে নেতানিয়াহু তাঁর সম্ভাবনার অতিমূল্যায়ন করেছিলেন। ২০০৯ সালে এই দুই দল ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে পেয়েছিল ৪২টি। কিন্তু এবার পেয়েছে মাত্র ৩০টি।কেউ কেউ বলছেন, নির্বাচনী প্রচারণায় নেতানিয়াহুর দল লিকুদ বা জোটসঙ্গী ইসরায়েল বেইতেনু বিশেষ কোনো রাজনৈতিক অবস্থান তুলে ধরেনি। তারা মূলত নিরন্তর এ কথাই বলে গেছে, ‘ঐক্যের মধ্যেই আমাদের শক্তি, আর ভোট টানতে সেটাই যথেষ্ট।’এখন পরিষ্কার বোঝা যাচ্ছে, লিকুদ পার্টি ও ইসরায়েল বেইতেনু এ রকম ভাবলেও ভোটারদের মনে ছিল অন্য কিছু। ইসরায়েলে বেশ কিছুদিন ধরে দুটি রাজনৈতিক ব্লকের ‘রাজত্ব’ চলছে। ক্ষমতাসীন রক্ষণশীল-ধর্মীয় ডানপন্থীরা এক পাশে, আর অন্য পাশে মধ্য ও বাম দলগুলো। প্রভাবশালী হারেৎজ পত্রিকার ভাষ্যকার আরি শাভিত বলেছেন, এই রীতি ভেঙে গেছে। এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক ইয়াইর লাপিদের নেতৃত্বাধীন নবাগত ইয়েশ আতিদ দলের আশাতীত সাফল্য। ধারণার চেয়ে তিন গুণ বেশি আসন পেয়েছে টেলিভিশন টক শোর সাবেক জনপ্রিয় উপস্থাপক, ধনকুবের লাপিদের দল। ২০টির মতো আসন পেয়ে পার্লামেন্টে দ্বিতীয় শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয়েছে তারা। দাউদ ইসলাম