শখ পূরণ
ঈদের মাত্র কয়েক দিন বাকি। কোরবানির গরু কিনতে হবে। পরিবারের সদস্যরা আলোচনা করছে।
মায়ের কোলে হেলান দিয়ে বসে আছে ছোটন। পরিবারের খুদে সদস্য। চুপচাপ শুনছে সে। খুব জেদি কিন্তু সবার আদরের।
হঠাৎ লাফিয়ে উঠল ছোটন। চেপে বসল বাবার ঘাড়ে। হাটে যাবে বাবার সঙ্গে। ছোটন কোরবানির জন্য একটা লাল রঙের গরু কিনবে।
সবার সঙ্গে গরু কিনতে হাটে গেল ছোটন। পছন্দের গরু মিলছে না। অন্যদিকে দাম শুনে ক্রেতাদের চোখ কপালে উঠছে। তার ওপর আবার লাল রঙের গরু! অনেক চেষ্টার পরও ব্যর্থ রহিম সাহেব।
‘আজ থাক, কাল আবার দেখব’—এই বলে বাসায় ফিরে এলেন।
পরদিন আবার গেলেন। লাল রঙের গরু খোঁজা হচ্ছে। পছন্দ হয় কিন্তু বাদ সাধে ছোটন। বাবা, ‘এটা তো লাল না, আরেকটা দেখো।’ গরুর রং তো আর টকটকে লাল হয় না। কিন্তু ছোটন নাছোড়বান্দা।
অনেকক্ষণ ছোটনকে বোঝানোর চেষ্টা করলেন। চা স্টলে বসে কিছু সময় ভাবলেন। এরপর এক দৃষ্টিতে কী যেন দেখলেন তিনি। হঠাৎ এক গরুর ব্যাপারিকে ডাকলেন। কাছে আসতেই জানতে চাইলেন, কত দিতে হবে? স্টলে বসেই দামদর করে গরু কিনলেন রহিম সাহেব।
আকাশ জানতে চাইল, ‘এ কী বাবা, আপনি সাদা রঙের গরু কিনলেন!’
বাবা বললেন, ‘ছোটনকে বাসায় নিয়ে যাও, আমি আসছি। গরুর রং দেখবে তখন।’
ছেলের শখ মেটাতে অভিনব পদ্ধতি অবলম্বন করলেন। হাট থেকে গরু নিয়ে গেলেন পেইনটিং ওয়ার্কশপে। স্প্রে করলেন লাল রং। মিনিট কয়েকের ব্যবধানে গরুর রং হয়ে গেল টকটকে লাল। গলায় পরালেন সাদা রঙের মালা। শিংয়ে বাঁধলেন হলুদ ফিতা। নিয়ে গেলেন বাসায়।