শখের ছবিতে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘লস্ট চাইল্ডহুড’ শিরোনামে আলোকচিত্রী পিনু রহমানের এই ছবিটি পুরস্কার জিতেছে।
‘লস্ট চাইল্ডহুড’ শিরোনামে আলোকচিত্রী পিনু রহমানের এই ছবিটি পুরস্কার জিতেছে।

পিনু রহমান শুক্র আর শনিবারের নাম দিয়েছেন ছবিবার। ছুটির এ দিন দুটিতেই তিনি ক্যামেরা কাঁধে বেরিয়ে পড়েন। মানুষের রোজকার জীবন ফ্রেমবন্দী করেন। দিনভর ছবি তোলেন বলেই দিন দুটির এমন নামকরণ!

এমন এক ছবিবারেই তিনি হাজির হয়েছিলেন রাজধানীর সদরঘাটে। ছবি তুলতে তুলতে মানুষের জীবনের গল্প তাঁকে নিয়ে যায় বুড়িগঙ্গার ওপারে, কেরানীগঞ্জে। সেখানেই দেখতে পান একটি কারখানা। তবে কারখানা তাঁকে টানেনি, টেনেছিল কারখানার খুদে কর্মীরা। নিতান্তই শিশুরা সেখানে কাজ করছিল। জ্বলন্ত আগুনে গলাচ্ছিল পুরোনো লোহা। গলানো লোহা থেকেই তৈরি করা হচ্ছিল লঞ্চের ছোট যন্ত্রাংশ। পিনু রহমান সে দৃশ্যই ক্যামেরাবন্দী করলেন। ‘আমি ওই দিকটায় (সদরঘাট) প্রায়ই যাই। ছবি তুলি। গত বছরের অক্টোবরের কোনো একসময় গিয়ে ছবিটি তুলেছিলাম।’ বলেন পিনু রহমান।

অনেক ছবির ভেতর হঠাৎ এই ছবি নিয়ে কথা বলার কারণ, ‘বেস্ট অব নেশন—বাংলাদেশ’ সম্মাননা। ‘ওয়ার্ল্ড ফটোগ্রাফিক কাপ’ নামে আন্তর্জাতিক এক আলোকচিত্র প্রতিযোগিতায় তাঁর ছবিটি সম্মাননা পেয়েছে। ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।

হারানো শৈশব
পিনুর সেই ছবিতে দেখা যায়, আগুনের লেলিহান শিখার পাশে বসে কাজ করেছে এক শিশু। তাকে আবার দেখা যাচ্ছে টেলিভিশনের মধ্য দিয়ে। যেন এক ভাঙা টেলিভিশনের খোপটাই ধারণ করেছে শিশুটির যাপিত জীবনের গল্প। যে গল্প সংগ্রামের, এক শিশুর হারানো শৈশবের।

পিনু রহমান বলেন, ‘এ জন্য ছবিটির নামও দিয়েছি লস্ট চাইল্ডহুড বা হারানো শৈশব। যাদের স্কুলে থাকার কথা, তারা জীবনধারণের জন্য ঝুঁকিপূর্ণ কাজ করছে প্রতিনিয়ত।’ পিনু রহমানের পুরস্কার বিজয়ী ছবিতে গভীরভাবে তাকালে মনের কোনায় অনেক কথা বলে ওঠে। সেসব কথার অনেকটাই হয়তো আমাদের জানা। সে জানা গল্পই পিনু রহমানের ক্যামেরায় অনন্য হয়ে ওঠে।

পিনু রহমান। ছবি: খালেদ সরকার
পিনু রহমান। ছবি: খালেদ সরকার

শখের আলোকচিত্রী
এসএসসি পরীক্ষার সময় আত্মীয়স্বজনের কাছ থেকে সালামি পাওয়ার রীতি নতুন নয়। ২০০০ সালে পিনু রহমানের জীবনেও এসএসসি পরীক্ষা এসেছিল! সালামি হিসেবে পেয়েছিলেন কিছু টাকা। প্রথম ক্যামেরা কেনার কথা জানতে চাইলে এমন গল্পই শোনাচ্ছিলেন পিনু রহমান, ‘এই টাকার একটা অংশ থেকে আমি ক্যামেরা কিনেছিলাম। ওসাকা ব্র্যান্ডের সেই ক্যামেরাই ছিল আমার প্রথম ক্যামেরা।’

পিরোজপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে। ক্যামেরার কারিকুরিও চলতে থাকে। এর মধ্যে তিন দফা ক্যামেরা হারিয়ে হাতে আসে আধুনিক ডিএসএলআর ক্যামেরা। সেসব ক্যামেরায় তোলা ছবিতেই অংশ নেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায়। পুরস্কারপ্রাপ্তিও ঘটে যার দু-একটিতে।

এরই মধ্যে স্নাতকোত্তর শেষে যোগ দেন রূপালী ব্যাংকে। এখনো ব্যাংকটির খুলনার একটি শাখায় সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন পিনু রহমান। তবে প্রতি সপ্তাহেই ঢাকা আসেন। এখানেই তাঁর পরিবারের বসবাস। ১২ ফেব্রুয়ারি ঢাকায় যখন কথা হচ্ছিল, তখনো এসেছিলেন ব্যক্তিগত এক কাজে। 

তিনি বলছিলেন, ‘ঢাকায় এসেছি পুরস্কার বিজয়ী সেই ছবিকে ঘিরেই। বেস্ট অব নেশন পুরস্কারটি নরওয়ের ডারমেনে দেওয়া হবে এক অনুষ্ঠানের মাধ্যমে। সেখানে অংশ নেওয়ার ব্যাপারেই আমার প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক ও অন্যান্য বিষয়ে বৈঠক করলাম।’

সেই বৈঠকে ইতিবাচক সাড়াও মিলেছে। কয়েক মাস পরই আলো ঝলমল মঞ্চে হাতে তুলে নেবেন বিজয়ীর পুরস্কার। আপাতত অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের।