
এসে গেছে বিয়ের মৌসুম। এখন তো পাথর বসানো কিংবা কারচুপি নকশা করা পোশাক চাই-ই। কিন্তু শখের এমন পোশাক কিনতে অনেকেই দ্বিধা করেন। কারণ, কদিন পরেই যদি পোশাকের পাথরগুলো পড়ে যায়, তবে তো শখ আর টাকা সবই জলে যাবে।
বেশ ভাবনার কথা। এত দামের পছন্দের পোশাকটা এক-দুবার পরেই ফেলে রাখতে কারই বা মন চায়। তাহলে তো বিকল্প কিছু ভাবতেই হয়। এ নিয়ে বলছিলেন ড্রেসিডেলের প্রধান নির্বাহী ফ্যাশন ডিজাইনার মায়া রহমান। যদি এমন হয় যেকোনো শাড়ি, লং ড্রেস, গাউন, কামিজ অথবা লেহেঙ্গার বড় কোনো পাথর পড়ে গেল। সে ক্ষেত্রে একই রকম পাথর কিনে পুনরায় বসিয়ে নেওয়া যাবে। অথবা কাপড় ও কাজের ধরন বুঝে তাতে ফ্লোরাল মোটিফের কোনো কাজ, একটু ভিন্ন ধরনের পাথর, মুক্তো বসানো লেস, অ্যাপ্লিক অথবা ফুলের মতো দেখতে পাথর বসিয়ে পোশাকে ভিন্নতা আনা যেতে পারে। এতে করে নতুনও লাগবে, আবার পোশাকটি পরার উপযোগীও হবে।
ফ্যাশন ডিজাইনার রামিম রাজ এ বিষয়ে বললেন একটু ভিন্ন করে ভাবতে। অনেক দিন পরার পর যদি পাথর পড়েই যায়, তবে সেটা দিয়ে চলতি ফ্যাশনের সঙ্গে মিল রেখে করা যেতে পারে অনেক কিছু। যেমন অনেক ব্যবহারের পর প্রিয় লেহাঙ্গাটির পাথর পড়ে গেছে বলে সেটি ফেলে না রেখে তার ওড়নাটি দিয়ে কাতান, সিল্ক বা বিভিন্ন সুন্দর কোনো কাপড়ের কামিজ তৈরি করে তার সঙ্গে পরতে পারেন। আর লেহেঙ্গাটির নিচের অংশ দিয়ে করে নিতে পারেন পালাজ্জো। আর তার সঙ্গে শর্ট টপ বা কোট পরলে খুব ভালো লাগবে। ওড়নাটায় ফলস লাগিয়ে করা যেতে পারে একটি শালও। শীতের কোনো পার্টিতে শাড়ি বা যেকোনো পোশাকের সঙ্গে বেশ মানিয়ে যাবে। এ ছাড়া নানা রকম পাথর কিনে নিয়ে পুনরায় লাগিয়ে নেওয়ার সুযোগ তো আছেই। ফ্যাশন ডিজাইনার এ সবই করতে বলেন সময়ের ট্রেন্ড, কাপড়ের ধরন, কাজের মোটিফ আর ব্যক্তির পছন্দ অনুযায়ী।
শাড়ির পাথর পড়ে যাওয়া প্রসঙ্গে ঢাকার নিউমার্কেটের গুলশান শাড়ি দোকানের বিক্রয়কর্মী সোহেল হাসান বললেন, সাধারণত এসব পাথর সহজে পড়ে যায় না। আর যদি যায়-ই, তবে তাঁদের কাছে নিয়ে এলে তাঁরা ঠিক করিয়ে দেন। কেনার সময় দেখে কিনতে হয়, পাথরটি আঁটো করে বসানো হয়েছে কি না। অনেক সময় দেখা যায়, শাড়িতে বা পোশাকে বসানো পাথর হাত দিয়ে নেড়ে দেখতে গেলে মনে হয় নড়ছে, সে ক্ষেত্রে সেটা কেনা থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ। একই মত গাউছিয়া মার্কেটের টাইমস ফ্যাশনের বিক্রয়কর্মী আলীর। বসুন্ধরা শপিং মলের রাগিণী শাড়ি হাউসের মো. আরিফ হোসেনের মতে, শাড়ি বা পোশাকে যেসব পাথর বসানো থাকে, তা পড়ে গেলে চিন্তার কিছু নেই। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। যে পাথরটি পড়ে যাবে, হুবহু সেই পাথর কিনে নিয়ে কেউ চাইলে বাড়িতেই লাগিয়ে নিতে পারেন।
গাউছিয়া মার্কেটের লেস হাউসের আবদুস সালাম বাবু জানান, শাড়ি লেহাঙ্গায় যেসব পাথর, কুন্দন, মুক্তো লাগানো থাকে, তার সবই বাজারে কিনতে পাওয়া যায়। দামও বেশি নয়। পাথরভেদে দাম শুরু ২০ টাকা থেকে শুরু করে ৩৫০-৫০০ টাকা পর্যন্ত।
ক্যালকাটা ড্রাই ক্লিনার্স, ব্যান্ডবক্স, ওয়াশ আউট ইত্যািদ লিন্ড্রতে কথা বলে জানা গেল, পাথর বসানো জামাকাপড়গুলো বেশ যত্ন নিয়েই পরা উচিত। একবার পরার পর ড্রাই ওয়াশ করে প্লাস্টিক প্যাকেটে মুড়িয়ে রেখে দিলে কাপড়টি ভালো থাকবে। ব্যান্ডবক্সের কর্মী শামসুল হক বলেন, পাথর বসানো পোশাকগুলো আলমারিতে তুলে রাখার সময় উল্টো করে রাখলে অন্য কোনো কাপড়ের সঙ্গে ঘষা লাগবে না, আর পাথরগুলোও নাড়া খাবে না—তাই পড়ে যাওয়ার ঝুঁকিও কম থাকবে।