শখের ‘হাতি’
রমজান আলীর শখ ছিল, হাতির পিঠে চড়ে ঘুরে বেড়ানো। আর বিখ্যাত গ্রিক পৌরাণিক চরিত্র ইকারুসের স্বপ্ন ছিল, আকাশে পাখির মতো ওড়ার। পিঠে মোমের ডানা লাগিয়ে আকাশে উড়াল দিয়েছিল ইকারুস। আর আমাদের রমজান আলী পোষা মোষের মুখে কাপড়ের শুঁড় দিয়ে হাতি সাজিয়ে তার পিঠে উঠে বসলেন। সূর্যের তাপে ইকারুসের ডানা গলে গিয়েছিল। তার মৃত্যু হয়েছিল আকাশ থেকে পড়ে। কিন্তু রমজান আলী সফল, তাঁর ছোট্ট স্বপ্ন পূরণ হয়েছে। ইদানীং তিনি হাতির সাজে সজ্জিত মোষের পিঠে চড়ে রাজকীয় ঢংয়ে এলাকায় ঘুরে বেড়ান। তিনিও খুশি, মানুষও খুশি। সাধ যে সব সময় সাধ্যের সীমায় বন্দী থাকে না, রমজান আলী এর প্রমাণ। রসবোধ বাঙালির মজ্জাগত। আধুনিক শহুরে জীবনের ছোটাছুটিতে সেই রসবোধ শুকিয়ে এলেও গ্রামবাংলায় এখনো রমজান আলীর মতো রসিকেরা আছেন। দৈনন্দিন জীবনের ব্যতিব্যস্ততার বাইরে কেউ কেউ যে এখনো নির্দোষ আনন্দে মাতেন, তা বরং আনন্দেরই কথা। রমজান আলীর রসবোধ গ্রামীণ সংস্কৃতির স্পন্দনকেই প্রকাশ করে। সাদামাটা জীবন এভাবেই রং পায়। গত বৃহস্পতিবারের প্রথম আলোয় দেখা যায়, রমজান আলী তাঁর হাতিরূপী মোষের পিঠে চড়ে গ্রাম পরিদর্শনে বেরিয়েছেন। তাঁর এই নির্দোষ শখ পূরণে আনন্দ ছাড়া কারও কোনো ক্ষতি নেই। কিন্তু ঢাকা শহরে এমন কিছু মানুষ আছেন, যাঁরা বিজ্ঞাপনের জৌলুস দেখিয়ে জলাশয়কে আবাসিক প্রকল্প বানান কিংবা আবাসিক ভবনের মাথায় সাইনবোর্ড ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের সাজ দিয়ে মানুষ ঠকান। রসিকতা আর ফাঁকির মধ্যে পার্থক্য এটাই যে রসিকতায় রসদাতা ও রসগ্রহীতা উভয়ই আনন্দ পান। তাতে কারও কোনো ক্ষতি হয় না। কিন্তু ফাঁকির মাধ্যমে যখন ব্যবসা চলে, তখন মানুষের প্রতি মানুষের বিশ্বাসটিই টলে যায়। হয়তো রমজান আলী কোনো কিছু চিন্তা করে মোষকে হাতি বানাননি, কিন্তু তাঁর এই ‘হাতি’ তাদেরকেই যেন পরিহাস করছে সমাজের যাঁরা তাঁদের আসল রূপ লুকিয়ে মানুষ ঠকান। —ফারুক ওয়াসিফ