
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদের তফসিল ঘোষণার পর ঘটেছে দুটি হত্যাকাণ্ড। পুলিশের ধারণা, নির্বাচনকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডগুলো ঘটেছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনবিষয়ক আইনশৃঙ্খলা সভায় প্রার্থীরা নিজেদের নিরাপত্তাহীনতার কথা জানান। সভায় বেশ কয়েকজন প্রার্থী পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠনগুলোর কাছ থেকে হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেন। এ বিষয়গুলো বিবেচনা করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি শুরু করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুটি পুলিশ ফাঁড়িতে পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে।
পুলিশ ও আদিবাসী ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ের বিবদমান আঞ্চলিক দলগুলোর সংঘাত বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি উপজেলার বাবুছড়া এলাকায় দুটি হত্যাকাণ্ডের ঘটনায় আদিবাসী ভোটারদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। দুজন স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেছেন আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে তাঁদের কর্মী ও সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে। একজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করেছেন, তিনি নিরাপত্তাহীনতার কারণে অনেকটা আত্মগোপনে থেকে নির্বাচনী প্রচারণা চালাতে বাধ্য হচ্ছেন।
দীঘিনালার বাবুছড়া ও বোয়ালখালী ইউনিয়নের বিভিন্ন এলাকার আদিবাসী ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনকে ঘিরে উচ্ছ্বাস নয় বরং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ভোটার বলেন, ‘প্রতিবার নির্বাচন এলে আমরা অজানা আতঙ্কে থাকি। নির্বাচনকে কেন্দ্র করে আঞ্চলিক দলগুলোর মধ্যে ভ্রাতৃঘাতী সংঘাত আরও বাড়বে।’
উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জানা যায়, এর আগের মেয়াদেও উপজেলা পরিষদে নির্বাচনের সময় সহিংসতা হয়েছে। সেবার এ কারণে তিন মাস নির্বাচন স্থগিত ছিল। পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করেও সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এসব কারণে এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি (জেএসএস)—এম এন লারমা পক্ষের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা বলেন, ‘আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে নির্বাচনে প্রার্থী দিয়েছি। ভোটারদের ভালোবাসা দিয়ে মন জয় করতে চাই আমরা। সবার কাছে গিয়ে আমাদের প্রার্থীর পক্ষে ভোট চাইছি। গত উপজেলা পরিষদ নির্বাচনেও আমরা ভোটারদের সমর্থন পেয়ে জয়লাভ করেছিলাম। এবারও আমাদের সমর্থিত প্রার্থীর জয় হবে।’
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দীঘিনালা উপজেলা সংগঠক কিশোর চাকমা বলেন, ‘আমাদের সংগঠনের পক্ষ থেকে কাউকে চাপ প্রয়োগ করিনি। জনগণ আমাদের ভালোবাসে বলেই আমরা সংসদ নির্বাচনে দীঘিনালায় প্রথম হয়েছি।’ দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ‘আমরা বিগত উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ঘটনা বিচার-বিশ্লেষণ করে এবারের নির্বাচনে আগাম সর্তকতামূলক ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন স্থানে নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। ভোটারদের আতঙ্কিত হওয়ার কিছুই নেই।’
উল্লেখ্য, ৩১ মার্চ অনুষ্ঠিত হবে দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচন। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জেএসএস (এমএন লারমা) ও ইউপিডিএফ-সমর্থিত নয়জন প্রার্থী লড়ছেন চেয়ারম্যান পদে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চারজন নির্বচনে প্রার্থী হয়েছেন।