শঙ্খ নদে অরক্ষিত ফেরি নষ্ট ও চুরি হচ্ছে যন্ত্রাংশ
তৈলারদ্বীপ সেতু উদ্বোধনের পাঁচ বছর পরও শঙ্খ নদে পড়ে আছে দুটি ফেরি। দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় চার কোটি টাকা দামের ফেরি দুটি থেকে মূল্যবান যন্ত্রাংশ নষ্ট ও চুরি হয়ে যাচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে বলে স্থানীয় লোকজন জানান।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, আশির দশকে সরকার আনোয়ারা-বাঁশখালী উপজেলার মধ্যে যানবাহন ও জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে শঙ্খ নদের তৈলারদ্বীপ-চাঁনপুর স্থানে ফেরি সার্ভিস চালু করে। পরবর্তী সময়ে বাঁশখালী-আনোয়ারার মানুষের দাবির মুখে ২০০১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ফেরিঘাট-সংলগ্ন এলাকায় তৈলারদ্বীপ সেতুর নির্মাণকাজ শুরু করে। ওই বছরের ১৭ জানুয়ারি শেখ হাসিনা সেতুর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নির্মাণকাজ শেষ হলে ২০০৬ সালের ২৯ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কিন্তু স্থানীয়ভাবে কোনো কাজে না লাগলেও গত পাঁচ বছরেও ফেরি দুটি সরিয়ে নেওয়া হয়নি।সূত্র জানায়, গত বছর ফেরি দুটির একটি নড়াইল ও একটি বরগুনায় স্থানান্তর করার কথা ছিল। পরে রহস্যজনক কারণে তা হয়নি।স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন অব্যবহূত থাকায় ফেরি দুটির বিভিন্ন যন্ত্রাংশ মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে।এ ছাড়া আশপাশের কিছু চিহ্নিত চোর বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নিয়ে যাচ্ছে। এসব চোরাই যন্ত্রাংশ ভাঙারির দোকানে বিক্রি করা হয় বলে তাঁরা জানান। তবে চোরচক্রের ভয়ে নাম প্রকাশ করতে চাননি তাঁরা।এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিজাম উদ্দিন বলেন, ‘সরকারি সম্পদ দীর্ঘদিন এভাবে পড়ে থাকলে যা হওয়ার তা-ই হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা সওজের সঙ্গে কথাও বলেছি। তারা ফেরিগুলো সরিয়ে নেবে বলে জানিয়েছে।’এ বিষয়ে যোগাযোগ করা হলে সওজের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ কামরুল আহসান প্রথম আলোকে বলেন, ‘আমি নতুন এসেছি। ফেরির যন্ত্রাংশ নষ্ট ও চুরি হওয়ার কথা শুনেছি। বর্তমানে ফেরি দুটির একটি সিলেট ও অন্যটি সুনামগঞ্জে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এগুলো পাঠিয়ে দেওয়া হবে।’