চন্দনাইশ উপজেলার শঙ্খ নদে ১৩ এপ্রিল শুক্রবার গভীর রাতে বিষ প্রয়োগ করে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ মারা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র প্রতিবছর শুষ্ক মৌসুমে শঙ্খ নদের পানিতে বিষ ঢেলে মাছ শিকার করে। সংশ্লিষ্ট বিভাগে এ ব্যাপারে অভিযোগ করার পরও কোনো ফল পাওয়া যায়নি বলে এলাকাবাসী জানান।দোহাজারী সদর ইউনিয়নের বাসিন্দা জাফর আহমদ ও মোহাম্মদ আলী জানান, প্রতিবছর এ সময় সংঘবদ্ধ চক্রটি নদের পানিতে বিষ ঢেলে দেয়। এতে নদের প্রায় দেড় মাইল এলাকা বিষক্রিয়া হয়ে বিভিন্ন প্রজাতির মাছ মরে নদের পানিতে ভেসে ওঠে। ১৩ এপ্রিল রাতে এই চক্র নদে আবারও বিষ ঢালে। পরদিন ভোর হওয়ার আগেই চোরের দল মাছ আহরণ করে নিয়ে যায়। তবে এর পরও নদীতে প্রচুর মাছ ভেসে ওঠে। সকালে শঙ্খ নদে মাছ ভাসতে দেখে এলাকার শত শত নারী-পুরুষ মাছ ধরতে নেমে পড়ে। মাছ ধরতে থাকা মকবুল আহমদ জানান, তিনি চিংড়িসহ বিভিন্ন প্রজাতি মিলিয়ে প্রায় দুই কেজির মতো মাছ পেয়েছেন। এভাবে বিষ প্রয়োগের কারণে বিভিন্ন প্রজাতির মাছের রেণু ও পোনা নষ্ট হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে মাছের বংশ বিস্তার। এতে হারিয়ে যাচ্ছে শঙ্খ নদের বিভিন্ন প্রজাতির মাছ। কাটগড় এলাকার সৌরভ জলদাস জানান, নদে বিষ প্রয়োগ করে মাছ মারায় এখান থেকে বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। একসময় এ নদে বড় বড় রুই, কাতাল, মৃগেল, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত। এখন সারা দিন জাল ফেলেও মাছ পাওয়া যায় না। এ কারণে জেলেরা তাঁদের পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন যাপন করছেন।এ ব্যাপারে চন্দনাইশ উপজেলা মৎস্য বিভাগের সহকারী মাঠ কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো অভিযোগ পাননি বলে তিনি জানান। এ কাজে কারা জড়িত আছে, সে ব্যাপারে তদন্ত করা হবে বলে তিনি জানান।