পাখিতে আর মানুষে কী দারুণ সখ্য! অগণিত শঙ্খচিল ঘিরে আছে নাম না-জানা এক নারীকে। তার হাতে খাবার। খুদে চোখজোড়ায় রাজ্যের মমতা। উড়ন্ত পক্ষীদল কী নির্দ্বিধায় ছুটে এসেছে তার হাতের খাবার লুফে নিতে। পাখিতে-মানুষে এই অপূর্ব সখ্য আরও বেশি দ্যুতিময় হয়ে উঠেছে আলোকচিত্রীর দক্ষতায়। বার্তা সংস্থা রয়টার্সের সরবরাহ করা এই ছবিটা চীনের কুনমিং শহরের। খবর বলছে, শীতের মৌসুমে সাইবেরিয়া থেকে কুনমিংয়ের দিয়ানংচি লেকে উড়ে আসে হাজারও কালোমাথা শঙ্খচিল। আর উড়ে আসা এই অতিথিদলের আপ্যায়নটা কত চম ৎকার হয়, সেটা এই ছবিই বলে দিচ্ছে পরিষ্কার। (সূত্র: প্রথম আলো, ৩০ নভেম্বর, ২০১১)সুদূর চীন দেশের এই ছবি আমাদের ক্ষণিকের জন্য হলেও নাড়া দেয় এবং পত্রপাঠ মনে করিয়ে দেয় আমাদের দেশের কথাও। গুটি গুটি পায়ে এ দেশেও এগিয়ে এসেছে শীত। ঝাঁকে ঝাঁকে সাইবেরিয়া থেকে উড়ে আসতে শুরু করেছে পাখিরা। কিন্তু এসব অপরূপ শঙ্খচিল কিংবা বনহংসের সঙ্গে আমাদের সখ্য হবে না জানি। আমাদের লোভী চোখ ওরা নিশ্চিত চিনে গেছে এত দিনে। দেশীয় আর অভিনব সব ফাঁদ নিয়ে ওত পেতে আছে চোরা শিকারির দল। এইসব পাখিরা তাই নিশ্চিত আমাদের কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকবে। আর তাদের বড় একটি অংশ বরণ করবে সেই পরিণতি, যেমনটি ঘটেছিল ঠিক তাদের পূর্বপুরুষদের বেলায়। সদলবলে শিকারির ফাঁদে ধরা পড়বে তারা। আমৃত্য উল্টো হয়ে ঝুলবে ছিঁচকে পাখি বিক্রেতার হাতে। হ্যাঁ, মাথা নিচে, পা ওপরে। যতক্ষণ না তারা পৌঁছে যায় আরেক দল বিকৃত মানুষের পাকস্থলী অবধি!— ইকবাল হোসাইন চৌধুরী