শঙ্খপারে আতঙ্কে বসবাস

কৃষক ফোরক আহমদ। সাতকানিয়ার দ্বীপ চরতির দক্ষিণপাড়ার বাসিন্দা। ছয় মাস আগেও ছিল নিজের জমি ও বসতঘর। এখন তিনি নিঃস্ব। শঙ্খে বিলীন হয়ে গেছে বসতভিটা ও ফসলি জমি। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে স্ত্রী, ছেলেমেয়ে নিয়ে আশ্রয় নিয়েছেন পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে। প্রতি মুহূর্ত কাটছে দুশ্চিন্তায়।
ফোরক মিয়ার মতো অবস্থা একই গ্রামের দেলোয়ার হোসেন, বাদশা মিয়া, মোহাম্মদ হোসেন ও ইউনুচ নূরের। নদে বিলীন হয়ে গেছে তাঁদের বসতঘর।
বাদশা মিয়া জানান, এখনো পর্যন্ত তাঁরা সরকারি কোনো সাহায্য পাননি। পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে।
স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানান, গত এক মাসে দ্বীপ চরতির দক্ষিণপাড়ায় ভাঙনে বসতঘর হারিয়েছে ৬৬ পরিবার। বিলীন হয়ে গেছে বোট ঘাটের আটটি দোকান, শাহ আবদুল ফকিরের মাজার, দুটি কবরস্থানসহ অন্তত ২০০ একর ফসলি জমি। ভাঙন এখনো অব্যাহত। ফলে হুমকির মুখে রয়েছে দক্ষিণপাড়া শাহি জামে মসজিদ ও দ্বীপ চরতি দারুল ইসলাম দাখিল মাদ্রাসা ও আরও শতাধিক বসতঘর।
৭ অক্টোবর দ্বীপ চরতির দক্ষিণপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, ভাঙন আতঙ্কে গ্রামের লোকজন তাঁদের বসতঘর সরিয়ে নিয়ে যাচ্ছেন।
দ্বীপ চরতি-বৈলতলী সড়কের কিছু অংশ নদে বিলীন হয়ে গেছে। ওই সড়কের আরও কিছু অংশে দেখা দিয়েছে ফাটল। দক্ষিণপাড়া শাহি জামে মসজিদ রক্ষার জন্য স্বেচ্ছাশ্রমে কিছু লোক বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন। দ্বীপ চরতি ছাড়াও শঙ্খ ভাঙছে তালগাঁও ও ব্রাক্ষণডাঙা এলাকায়ও।
গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরে বর্ষার মাঝামাঝি সময়ে নদে ভাঙন শুরু হয়। গত সেপ্টেম্বর মাসের শুরুতে তৃতীয় দফা বন্যার সময় নদের তীরের অন্তত ৩০ একর ফসলি জমি ও নয়-দশটি বসতঘর বিলীন হয়ে যায়। ওই সময় ভাঙন তীব্র আকার ধারণ করে। এখন প্রতিদিন জোয়ারের পর ভাটার সময় ভাঙন শুরু হয়। পাড়ের মানুষের দিন কাটছে আতঙ্কের মধ্যে।
দক্ষিণপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুস বলেন, আমার ঘর যেকোনো মুহূর্তে চলে যাবে। ইতিমধ্যে মালামাল কিছু সরিয়ে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে রেখেছি। কী করব, কোথায় যাব বুঝতে পারছি না।
দ্বীপ চরতি বোট ঘাটের ব্যবসায়ী আবু তাহের বলেন, ‘ভাঙন দেখা দিলে দোকানের মালামাল সরিয়ে নিই। দোকানের আয় দিয়েই সংসার চলত। দোকান বন্ধ হয়ে যাওয়ায় এখন খুব কষ্টে আছি।’
চরতি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, তাঁর ইউনিয়নের তালগাঁও, ব্রাক্ষণডাঙ্গা ও দ্বীপ চরতি ওয়ার্ডের অর্ধেকের বেশি অংশ শঙ্খে চলে গেছে।
এ প্রসঙ্গে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ বলেন, ভাঙনকবলিত ১৯ পরিবারের জন্য সরকারি সাহায্য পাওয়া গেছে। যাঁরা গৃহহীন হয়েছেন তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে খাসজমি বরাদ্দ দেওয়া হবে। তিনি বলেন, ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডে জানানো হয়েছে। তা ছাড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয়ের পক্ষ থেকে নতুন করে সড়ক নির্মাণের ব্যবস্থা করা হবে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পটিয়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো.আবুল কালাম আজাদ বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। ভাঙন প্রতিরোধে বড় বাজেটের একটি প্রকল্প তৈরির কাজ চলছে। প্রকল্প তৈরির পর জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হবে। এরপর বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু করা হবে।