শঙ্খপাড়ে এখনই বর্ষার আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঘরের অর্ধেক চলে গেছে শঙ্খের পেটে। বাকিটা ভেঙে পড়বে যেকোনো সময়। আসছে বর্ষায় হারিয়ে যাবে ভিটেমাটি। তখন কী করব, কোথায় যাব ভেবে কূল পাচ্ছি না। পরিবার নিয়ে কোথায় দাঁড়াব?’ কথাগুলো বলছিলেন সাতকানিয়া উপজেলার পশ্চিম আমিলাইশ গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস (৪০)। পাঁচ ছেলেমেয়েসহ ইদ্রিসের সাতজনের পরিবার। পেশায় দিনমজুর। বাপ-দাদার ভিটে ছাড়া হতে হচ্ছে শঙ্খ নদের ভাঙনে। ইদ্রিসের মতো আতঙ্কে এখানকার সহস্রাধিক পরিবার। আমিলাইশ ছাড়া চরতি ইউনিয়নেও ভাঙছে শঙ্খ। এই ইউনিয়নের মধ্যম ও দ্বীপ চরতিতে ভাঙনের মুখে রয়েছে পাঁচ শতধিক পরিবার। শঙ্খপাড়ের এসব মানুষের মধ্যে এখনই ভর করেছে বর্ষার আতঙ্ক।পশ্চিম আমিলাইশ গ্রামের বাসিন্দারা জানান, আমিলাইশ ইউনিয়নের অবস্থান শঙ্খ ও ডলু খালের মোহনায়। ফলে বর্ষায় উজানের পানির তোড়ে উন্মত্ত হয়ে ওঠে শঙ্খ নদ। ভাঙতে থাকে দুই তীর। গত পাঁচ বছরে আমিলাইশ ইউনিয়নের পাঁচ শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে গেছে নদে। একমাত্র ভিটেমাটি হারিয়ে বেশির ভাগ লোকজন এখন এলাকাছাড়া। সরেজমিনে দেখা যায়, আমিলাইশ ইউনিয়নে সবচেয়ে ভাঙনকবলিত এলাকা পশ্চিম ও পূর্ব আমিলাইশ, জেলেপাড়া ও শের মোহাম্মদ বাড়ি। এর মধ্যে পশ্চিম আমিলাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি শঙ্খে বিলীন হয়ে গেছে। শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে পাশের একটি পরিত্যক্ত মুরগির খামারে। একসঙ্গে চলে সব ক্লাসের পাঠদান। এদিকে আমিলাইশ-চরতি সড়কের কিছু অংশ ভেঙে যাওয়ায় গাড়ি চলাচল করছে বর্তমান বিদ্যালয়ঘর ঘেঁষে। ফলে ধুলাবালুতে খুদে শিক্ষার্থীদের প্রাণ ওষ্ঠাগত। পশ্চিম আমিলাইশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হূষীকেশ রক্ষিত বলেন, ধুলাবালুর অত্যাচারে বিদ্যালয়ে বসাই দায় হয়ে পড়েছে। মাস্ক পড়ে ক্লাসে বসতে হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা প্রায় সময় সর্দি-কাশিসহ ভাইরাসজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে।চরতি ইউনিয়নে গিয়ে দেখা যায়, মধ্যম ও দ্বীপ চরতি গ্রামের মানুষের দুশ্চিন্তা বেশি। এই দুই গ্রাম বেশি ভাঙনকবলিত হলেও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কোনো কাজ এখানে হচ্ছে না। গত বর্ষায় এই দুই গ্রামের প্রায় এক শ ঘরবাড়ি বিলীন হয়ে গেছে বলে জানান স্থানীয় লোকজন।গ্রাম-পুলিশের দফাদার আনোয়ারুল আলম (৩৯) বলেন, বর্ষায় মধ্যম ও দ্বীপ চরতির ভাঙন ভয়াবহ রূপ নেয়। তুলাতলী ও উত্তর ব্রাহ্মণডাঙায় ভাঙন থাকলেও কম। অথচ পাউবো কাজ করছে ব্রাহ্মণডাঙা ও দক্ষিণ চরতিতে। পাউবো সূত্র জানায়, শঙ্খের ভাঙন রোধে পশ্চিম আমিলাইশে সাড়ে তিন কোটি টাকার একটি প্রকল্পের কাজ চলছে। এ প্রকল্পের অধীনে এক হাজার ২০ ফুট পর্যন্ত নদীপাড়ে সিসি ব্লক ও বালুর বস্তা ফেলা হবে। এ ছাড়া দক্ষিণ চরতিতে ৭৮ লাখ টাকার আরেকটি প্রকল্পের কাজ চলছে। আমিলাইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার উদ্দিন বলেন, পাউবোর যে কাজ চলছে, ভাঙনের তুলনায় তা খুব সামান্য। তা ছাড়া কাজ চলছে ধীরগতিতে। বর্ষার আগে কাজ শেষ না হলে এর কোনো সুফল পাওয়া যাবে না।এ প্রসঙ্গে পাউবোর নির্বাহী প্রকৌশলী আশরাফ জামাল বলেন, ‘সাতকানিয়ার আমিলাইশ ও দক্ষিণ চরতির ভাঙন রোধ প্রকল্পের কাজ বর্ষার আগেই শেষ হবে বলে আশা করছি। ভাঙনকবলিত অন্যান্য এলাকার প্রকল্পও হাতে নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’