শঙ্খপাড়ে তামাকের আগ্রাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান থেকে ৩৯ কিলোমিটার দূরের রুমায় যেতে শঙ্খের দুই পাড়জুড়েই সবুজের বিস্তৃতি। একসময় শীতের সবজিতে ভরে উঠত শঙ্খপাড়। এখন সেখানে জায়গা করে নিয়েছে বিষাক্ত তামাক। নগদ টাকা আয়ের লোভে আদিবাসী আর বাঙালিরা মিলেমিশে সেখানে শুরু করেছেন তামাক চাষ। জানা যায়, বান্দরবান জেলার রুমা উপজেলার উজানেও শঙ্খের দুই পাড়ে শুরু হয়েছে তামাক চাষ। তা ভাটির দিকে চন্দনাইশ এসে ঠেকেছে। শঙ্খপাড়ে এভাবে ব্যাপক হারে তামাক চাষের কারণে বান্দরবান ও আশপাশের এলাকায় এ শীতের মৌসুমেও সবজির দাম কমেনি—এমন অভিযোগ স্থানীয় লোকজনের।অথচ তিন-চার বছর আগেও শঙ্খপাড়ের সবজি বান্দরবানের চাহিদা পূরণ করার পর চট্টগ্রাম শহরসহ আশপাশের এলাকায় সরবরাহ করা হতো। বান্দরবান কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সাইং থোয়াই অং প্রথম আলোকে বলেন, ‘শঙ্খের পাড়জুড়ে একসময় ছিল আলু, বেগুন, মুলা, টমেটোসহ নানা রকম শীতকালীন সবজির ব্যাপক ফলন। এখন সেখানকার ৯৫ শতাংশ জমিতেই হচ্ছে তামাক চাষ। ফলে বান্দরবান শহরে সবজি আসে উত্তরবঙ্গ থেকে। এই শীতেও লোকজনকে ৬০ টাকা দামে টমেটো কিনে খেতে হয়।’ জানা যায়, তিন পার্বত্য জেলায় আবাদি ভূমির পরিমাণ খুবই কম হলেও তামাকচাষিরা এ জমিই বেছে নিয়েছেন। এর কারণ, তামাক পোড়ানোর জন্য পাহাড়ে কাঠের সহজলভ্যতা। একটি তামাক প্রক্রিয়াকরণ চুল্লিতে প্রতি মৌসুমে অন্তত এক হাজার ৫০০ মণ কাঠ পোড়াতে হয়। সমতলে এ পরিমাণ কাঠের জোগান দেওয়া সম্ভব নয় বলে তামাকচাষিরা মনে করেন। এসব চুল্লিতে পোড়ানো হয় সেগুন ও গামারির মতো মূল্যবান কাঠ। তামাকচাষি আবদুল মজিদ বলেন, ‘শীত মৌসুমে শঙ্খপাড়ে দীর্ঘদিন বিভিন্ন সবজির চাষ করেছি। কিন্তু তিন বছর ধরে তামাকপাতার চাষ করছি। তাতে আয়ও আগের চেয়ে ভালো হচ্ছে।’ তিনি জানান, পাতা প্রক্রিয়াজাত করতে কাঠের কোনো সমস্যা হয় না। স্থানীয় লোকজনই আশপাশের পাহাড় থেকে কাঠ কেটে নিয়ে আসেন। সরেজমিন শঙ্খপাড় ঘুরে দেখা যায়, সেখানে এখনো কিছু বাদাম, আলু, মুলা ও বেগুনখেত রয়েছে। তবে স্থানীয় লোকজনের আশঙ্কা, যে হারে তামাক চাষ বাড়ছে তা থামানো না গেলে আগামী দিনে সবজি চাষ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। রুমা উপজেলা চেয়ারম্যান অং থোয়াইং চিং মারমা তামাক চাষের ক্ষতিকর দিক সম্পর্কে বলেন, ‘শঙ্খের দুই পাড়সহ আশপাশের সমতলের আবাদি জমি এখন তামাক চাষে ভরে গেছে। আমরা বিচ্ছিন্নভাবে তামাকচাষি ও সাধারণ মানুষকে এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু তামাক পাতার ক্রেতাদের দেওয়া মোটা অঙ্কের টাকার সামনে গরিব ও ক্ষুধার্ত মানুষ অসহায় হয়ে পড়েন।’তামাক চাষ বন্ধ করতে না পারলে পাহাড়ের মূল্যবান কাঠও পুড়ে শেষ হয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, ‘শঙ্খপাড় ও আশপাশে তামাক পাতা প্রক্রিয়াকরণের শত শত চুল্লি আছে যার সঠিক পরিসংখ্যান কারও কাছে নেই।’