শঙ্খপাড়ে সবজি উৎসব

সারি সারি নৌকা ছুটে আসছে দুপাশ থেকে। কোনোটি আগাগোড়া ধবধবে সাদা, কোনোটি সবুজ। নৌকার গায়ে সকালের রোদ পড়ে চিকচিক করছে চারপাশ। ঘাটে ভিড়তেই দেখা গেল নৌকাভর্তি সবজি আর সবজি। এক একটি নৌকায় ১০ থেকে ১২টি করে ঝুড়ি। এসবের মধ্যে রয়েছে মুলা, বেগুন, বরবটি আর লালশাক। চট্টগ্রামের দোহাজারী এলাকার শঙ্খ নদের পাড়ের গত বৃহস্পতিবার সকালের চিত্র এটি। শঙ্খপাড়ে এখন চলছে সবজির উৎসব।
চট্টগ্রাম নগর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরের শঙ্খপাড়ের লাখিয়ার খিল রেলস্টেশন ঘাটে এসে নামে সবজির নৌকা। ঘাটের ওপর প্রতিদিন বসে সবজির হাট। ব্যবসায়ীরা এসব সবজি কিনে নিয়ে যান চট্টগ্রাম নগরের বিভিন্ন বাজার, কক্সবাজার, চকরিয়া, পেকুয়া, পটিয়া, বোয়ালখালী, সাতকানিয়া এলাকায় বিক্রির জন্য।
সরেজমিনে দেখা যায়, শঙ্খ নদীর উত্তরে মুন্সির চর আর দক্ষিণে লালদিয়ার চর এবং এর আশপাশের ধর্মপুর, রসুলাবাদ, চাগাচরের বিশাল এলাকাজুড়ে চাষ করা হয়েছে মুলা, বেগুন, কাঁচামরিচ, ধনেপাতা, বরবটি, শিম, বাঁধাকপি, ফুলকপি, লালশাক, লাউ প্রভৃতি সবজি। সেখান থেকে তাঁরা এসব সবজি নিয়ে আসেন রেলস্টেশন ঘাটে। সকাল আটটা থেকে দশটা পর্যন্ত চলে বেচাকেনা।
ফজরের আজানের পর সবজিখেতে নেমে যান চাষিরা। সেখান থেকে বাছাই করে বিভিন্ন সবজি তোলেন। এরপর সেগুলো পানিতে ধুয়ে ঝুড়িতে ভরেন। এরপর নৌকায় ভর্তি করে ঘাটে নিয়ে আসা হয়। এ ঘাট দিয়ে প্রতিদিন আনুমানিক দুই থেকে তিন হাজার মণ সবজি বিক্রির জন্য আনা হয় বলে জানিয়েছেন সবজিচাষি মোস্তফা জামান।
সবজির দাম নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। পেকুয়া থেকে আসা ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম সবজির দামে সন্তুষ্ট। বললেন, ‘দাম ঠিক আছে’। তিনি প্রতিদিনই এখানে আসেন সবজি কিনতে। নিয়ে যান ট্রাকভর্তি সবজি। একটি ট্রাকে প্রায় ২৫ মণ করে সবজি পরিবহন করা হয় বলে জানালেন তিনি। আট বছর ধরে শঙ্খপাড়ে সবজি কেনাবেচার সঙ্গে জড়িত সাতকানিয়ার ব্যবসায়ী নুর মোহাম্মদ। তবে এবার ব্যবসা ভালো যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘আমি এক কেজি মুলা ৩৫-৪০ টাকা আর বেগুন ৫০-৬০ টাকা দামে কিনে নিচ্ছি। কিন্তু প্রায় একই দামে এগুলো বিক্রি করতে হচ্ছে সাতকানিয়ার বাজারে। সাধারণ ক্রেতারা বেশি দামে কিনতে চান না। জোর করে তো আর বিক্রি করতে পারব না।’
সবজিচাষি আবুল হোসেন জানান, এখন বাজারে মুলা ও বেগুন আসছে বেশি। এক মাস পর বাজারে আসবে ফুলকপি-বাঁধাকপি। তিনি প্রতিবছর পাঁচ কানি জমিতে সবজি চাষ করতেন। কিন্তু এবার ঝড়-বৃষ্টির কারণে বেশি চাষ করেননি। তিনি দেড় কানি জমিতে বেগুন, এক কানিতে বাঁধাকপি এবং আধা কানিতে মরিচ চাষ করেছেন।
বৃহস্পতিবারের (১৪ নভেম্বর) বাজারে বিভিন্ন মানের মুলা প্রতি ঝুড়ি বিক্রি হয় দুই হাজার ৩০০, দুই হাজার ৫০০, দুই হাজার ৬০০ এবং তিন হাজার ৬০০ টাকা দামে। বেগুন বিক্রি হয় দুই থেকে দুই হাজার ২০০ টাকা করে। লালশাক দেড় থেকে এক হাজার ৬০০ টাকা প্রতি ঝুড়ি। এক একটি ঝুড়িতে ৮০ থেকে ১০০ কেজি পরিমাণ মুলা ও বেগুন থাকে। আর লালশাক থাকে ৬০ কেজি করে। বরবটি বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। লাউ প্রতিটি ৪৫ থেকে ৫০ টাকা করে।