শঙ্খে অসংখ্য চর
শুষ্ক মৌসুমের শুরুতে পানি শুকিয়ে শঙ্খনদীতে জেগেছে ছোট-বড় অসংখ্য চর। কিছু স্থানে ডুবোচরও আছে। চর জেগে ওঠায় নৌপথে ব্যবসা-বাণিজ্য প্রায় অচল হয়ে পড়েছে। ফলে বেকার হয়ে গেছে চন্দনাইশ-সাতকানিয়ার চার শতাধিক মাঝি-মাল্লা ও জেলে। ব্যাহত হচ্ছে চাষাবাদের সেচকাজও। অথচ শঙ্খ নদী ড্রেজিংয়ের জন্য এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শঙ্খ নদীর পানি প্রবাহিত হচ্ছে থানচি, রুমা, রোয়াংছড়ি, বান্দরবান সদর এবং দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী ও আনোয়ারার ওপর দিয়ে। ২৯৫ কিলোমিটার দীর্ঘ শঙ্খনদী বাঁশখালী উপজেলার খানখানাবাদে মিলিত হয়েছে বঙ্গোপসাগরের সাথে। সরেজমিনে দেখা গেছে, শঙ্খনদীর চন্দনাইশ-সাতকানিয়া অংশে দোহাজারী, চাগাচর, লালুটিয়া, পূর্ব ও পশ্চিম কাটগড়, বৈলতলী, বসরতনগর, ধোপাছড়ি, দ্বীপ-চরতি এলাকায় ছোট-বড় কমপক্ষে ২০টি চর জেগে উঠেছে। কিছু স্থানে ভাটার সময় সহজে পায়ে হেঁটে নদী পার হওয়া যায়। ইরি ও বোরো চাষে পানি সরবরাহের জন্য জোয়ারের অপেক্ষায় থাকতে হচ্ছে কৃষকদের। পশ্চিম কাটগড় এলাকার জেলে অঞ্জন জলদাস ও সৌরভ জলদাস জানান, নদীর পানি কমে যাওয়ায় বর্তমানে মাছ ধরা যাচ্ছে না। ফলে পরিবার নিয়ে অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছি। ইতিমধ্যে অনেকেই এ পেশা ছেড়ে দিয়ে শ্রমিকের কাজ করছেন। শঙ্খনদীর মাঝি আনু মিয়া ও মোহাম্মদ আলী জানান, কয়েক যুগ ধরে নদীর পানি কমে যাওয়ায় নৌ-চলাচল প্রায় বন্ধ হওয়ার পথে। এখন আরও চর জেগে ওঠায় নৌকা-সাম্পান চলছে খুব কম এলাকায়। যেসব এলাকায় চলে সেখানেও জোয়ারের জন্য অপেক্ষায় থাকতে হয়। স্থানীয় লোকজন জানান, প্রতিবছর পাহাড়ি এলাকা থেকে নেমে আসা পলি মাটিতে ক্রমান্বয়ে নদী ভরাট হয়ে যাচ্ছে। তলদেশ ভরাট হয়ে নাব্যতা হারিয়ে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলা অংশে জেগে ওঠেছে অসংখ্য চর। ফলে শুষ্ক মৌসুমে পানি হ্রাস পেয়ে নৌ-চলাচল বন্ধ হয়ে ব্যবসা বাণিজ্য অচল হয়ে পড়ে। অপরদিকে বর্ষা মৌসুমে ঢলের পানি নিচের দিকে দ্রুত নিষ্কাশন না হওয়ায় বন্যা ও নদীর ভাঙন দেখা দেয়। দুই যুগ আগে নদীর গভীরতা থাকাকালে শুধুমাত্র নৌপথে খাদ্যদ্রব্য, মালামাল পরিবহন করা হত। এর ভিত্তিতে দোহাজারীতে গড়ে উঠেছিল লবণের মিল ও গুদাম। টেকনাফ, বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়াসহ সব এলাকায় উৎপাদিত লবণ বড় বড় নৌকা বোঝাই করে দোহাজারী লবণ মিলে নিয়ে আসা হত। এসব লবণ দোহাজারী লবণ মিলে পরিশোধন করে চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হত। দোহাজারীর একটি লবণ মিলের মালিক খোরশেদ আলম জানান, নদীর গভীরতা কমে যাওয়ায় নৌ-সাম্পান চলাচল এখন প্রায় বন্ধ। ফলে মিলে উৎপাদন কমে গেছে। শত শত শ্রমিক বেকার হয়ে পড়েছে। নদী ড্রেজিং করা হলে পুনরায় ব্যবসা-বাণিজ্য সচল হবে। চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এমদাদুল হক চৌধুরী বলেন, ‘অসংখ্য চরের কারণে শঙ্খের নাব্যতা হ্রাস পাওয়ায় নৌপথে পাহাড়ি এলাকা থেকে যেসব সবজি ও ফলমূল আসত এখন তা বন্ধ হয়ে গেছে। এছাড়া সেচ সুবিধা না পাওয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। শঙ্খ দ্রুত ড্রেজিং করা দরকার।’ পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলী আমান উল্লাহের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শঙ্খনদী ক্রমান্বয়ে ভাঙন এবং পাহাড়ি এলাকা থেকে পলি মাটি নেমে আসায় নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। তবে শঙ্খনদী ড্রেজিংয়ের জন্য এখনো কোনো বরাদ্দ নেই। বরাদ্দ পেলে ড্রেজিং করা হবে।’