শঙ্খে বিলীন হচ্ছে আনোয়ারার বিস্তীর্ণ এলাকা
শঙ্খের গর্ভে বিলীন হতে চলেছে আনোয়ারার পাঁচটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। এসব এলাকার মধ্যে বহু বসতবাড়ি, হাটবাজার, ফসলি জমি, মসজিদ, কবরস্থান, বিদ্যালয়, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। দিন দিন বাড়ছে ভাঙন। এরই মধ্যে অনেকে বসতভিটা হারিয়েছেন।জানা গেছে, আনোয়ারা উপজেলার রায়পুর, জুঁইদণ্ডী, বরুমচড়া, বারখাইন ও হাইলধরের বিস্তীর্ণ এলাকায় শঙ্খের ভাঙন সম্প্রতি আরও তীব্র হয়েছে।সবচেয়ে বেশি ভাঙনের শিকার উপজেলার রায়পুর ইউনিয়ন। কয়েক বছর আগের রায়পুরের চেহারার সঙ্গে বর্তমান চেহারার কোনো মিল নেই। এ ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা, পূর্ব গহিরা ও ঘাটকুল এলাকার বিশাল এলাকা চলে গেছে শঙ্খে। গত ১০ বছরে শঙ্খে হারিয়ে গেছে এই ইউনিয়নের ফকিরহাট, দক্ষিণ সরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসহ বিশাল এলাকা। শঙ্খের ভাঙনে জুঁইদণ্ডী ইউনিয়নেরও মানচিত্র বদলে যাচ্ছে। গত কয়েক বছরে এ ইউনিয়নের শান্তির হাট, গোদারগোড়া ও সাপমারা খালের মুখের দোকানপাট ও ফসলি জমি চলে গেছে শঙ্খে। তা ছাড়া এ ইউনিয়নের আনোয়ারুল উলুম মাদ্রাসাটিও হারিয়ে গেছে নদীগর্ভে।এ ছাড়া বারখাইনের তৈলারদ্বীপ ও বারখাইনেও শঙ্খের ভাঙন তীব্রতর হয়েছে। গত কয়েক বছরের ভাঙন ছাড়াও চলতি বছর শঙ্খে চলে গেছে তৈলারদ্বীপের মোহাম্মদ ইলিয়াছ, আবু তালেব, বদি আহমদ, আবদুল মাবুদের শতাধিক এবং বারখাইনের দিলীপ মাস্টারের বাড়ির খোকন মজুমদার, মৃদুল মজুমদার, রতন মজুমদার, কুনতি বালা, উজ্জ্বল মজুমদার ও উত্তম মজুমদারের ১৫-২০টি ঘর। এলাকাবাসী ভাঙনকবলিত তৈলারদ্বীপে বেড়িবাঁধ নির্মাণ ও পাথর বসানোর দাবি জানিয়ে স্থানীয় সাংসদের মাধ্যমে পানিসম্পদমন্ত্রীর কাছে আবেদন করেছেন। ভাঙনে পড়ে আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে হাইলধর ও বরুমচড়া ইউনিয়নের গ্রামগুলো। বারখাইনের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে তৈলারদ্বীপ-বারখাইন বিলীন হয়ে যেতে পারে।জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, শঙ্খের ভাঙনে জুঁইদণ্ডীর অবস্থা শোচনীয়। দ্রুত ভাঙন রোধে উদ্যোগ নেওয়া না হলে এলাকার দৃশ্যপট পাল্টে যেতে পারে। রায়পুরের চেয়ারম্যান ছাবের ইবনে মাহবুব জানান, ভাঙনে পড়ে রায়পুরের মানচিত্র বদলে গেছে। এ ইউনিয়ন রক্ষায় সরকারকে বড় পরিকল্পনা হাতে নিতে হবে। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আফতাব হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, আনোয়ারার বিভিন্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে, বিশেষ করে রায়পুরের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নতুন করে করার উদ্যোগ নেওয়া হচ্ছে।