শঙ্খ নদীর অব্যাহত ভাঙনে বিলীন হওয়ার পথে সাতকানিয়ায় চরতি ইউনিয়নের তুলাতুলী গ্রাম। গত কয়েক দিনের বর্ষণেই নদীতে তলিয়ে গেছে ওই গ্রামের ৩০টি ঘর। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা বাসিন্দারা। হুমকির মুখে রয়েছে আরও ৩৫টি ঘর। ভাঙন অব্যাহত থাকলে এই মৌসুমেই ঘরগুলো তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় লোকজন জানান, প্রতি বছর বর্ষা ও পরবর্তী সময়ে ভারী বৃষ্টিপাতে ভাঙতে থাকে শঙ্খের দুই পাড়। গত বছরও এই সময়ে প্রায় এক শ ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। তখন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শনে এসে আশ্বাস দেন ভাঙন প্রতিরোধে প্রকল্প গ্রহণের। কিন্তু তা আর বাস্তবায়ন দেখা যায় না। এবারও একই অবস্থা। কর্মকর্তারা পরিদর্শন করে গেছেন।
সরেজমিনে দেখা গেছে, হুমকির মুখে রয়েছে আড়াই কিলোমিটার দীর্ঘ তুলাতুলী ঘাট সড়কটি। যেকোনো মুহূর্তে এটি নদীতে তলিয়ে যেতে পারে। সড়কটি গ্রামের যোগাযোগের একমাত্র মাধ্যম। এটি বিলীন হয়ে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে তুলাতুলী। ভাঙন তীব্র আকার ধারণ করেছে গ্রামের উত্তর অংশে। কিছু ঘরের অর্ধেক নদীতে তলিয়ে গেছে। ওইসব ঘরের বাসিন্দারা জিনিসপত্র বেঁধে অন্যত্র নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ ব্যস্ত ভিটার গাছ কাটায়।
এলাকার বাসিন্দা মোস্তাকিন চৌধুরী (৬০) বলেন, ‘আমার ঘরের অর্ধেক নদীতে চলে গেছে। বাকি অর্ধেক যেকোনো সময় চলে যাবে। তিনি বলেন, গত বছরও অনেক ঘর ভেঙে গেছে। এবারও ভাঙছে। এভাবে এক সময় তুলাতুলীই থাকবে না।
আবদুল কাদের (৫২) নামের আরেক বাসিন্দা বলেন, ‘ঘরবাড়ি হারিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি। সামনের দিনগুলো যে কীভাবে কাটাব সেই চিন্তা এখন সবসময়।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব জানান, শঙ্খের ভাঙনে আশ্রয়হীন ২৮ পরিবারের একটি তালিকা করে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সরকারি সাহায্য পায়।
চরতি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে যেকোনো সময় তুলাতুলী গ্রামটি হারিয়ে যাবে। বৃষ্টির পর নদীর পানি নামতে শুরু করলে ভাঙনের তীব্রতা আরও বেড়ে যাবে। তিনি বলেন, পাউবোর কর্মকর্তারা শুধু আশ্বাসই দেন, কোনো কাজ হয় না।
এ প্রসঙ্গে পাউবো পটিয়া জোনের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, চরতি ইউনিয়নের তুলাতুলী ও ব্রাক্ষণ ডাঙ্গা এলাকার ভাঙন প্রতিরোধে প্রায় চার কোটি টাকার একটি বাধ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিগগির এ প্রকল্পের কাজ শুরু হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল ইসলাম বলেন, ‘আমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য চরতি ইউনিয়নের কোথায় খাস জমি আছে সেটি দেখার জন্য উপজেলা ভূমি কার্যালয়ে তালিকা চাওয়া হয়েছে। ভূমি পাওয়া গেলে তাদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে।’