শঙ্খে ভাঙন, ঝুঁকিতে বিদ্যালয় ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কের কিছু অংশ তলিয়ে গেছে শঙ্খ নদে। ঝুঁকির মুখে পড়েছে  সাতকানিয়ার পশ্চিম আমিলাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন l প্রথম আলো
সড়কের কিছু অংশ তলিয়ে গেছে শঙ্খ নদে। ঝুঁকির মুখে পড়েছে সাতকানিয়ার পশ্চিম আমিলাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন l প্রথম আলো

সাতকানিয়ার পশ্চিম আমিলাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়। শঙ্খ নদী থেকে বিদ্যালয় ভবনটির দূরত্ব ১০ ফুটের মতো। ওই ১০ ফুট আবার চলাচলের ইট বিছানো সড়ক। সাম্প্রতিক ভারী বর্ষণ ও বন্যায় সড়কের কিছু অংশ বিলীন হয়েছে শঙ্খে। ফলে শঙ্খ ধীরে ধীরে বিদ্যালয় ভবনের পাশে চলে আসছে। বিদ্যালয় ভবন ও সড়ক রক্ষায় দ্রুত সিসি ব্লক বসানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের নতুন ভবনের সামনের মৌলভীর দোকান-চরতি সড়কের উত্তর পাশ ধসে নদীতে বিলীন হয়ে গেছে। কয়েকজন শ্রমিক ধসে পড়া স্থানে বালুর বস্তা দিয়ে সড়ক ও বিদ্যালয় ভবন রক্ষার কাজ করছেন।
স্থানীয় বাসিন্দা আহমদ হোসেন ও অলি আহমদ জানান, বন্যার পানি কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে নদীর পাড়ে ফাটল দেখা দেয়। পরে সড়কের উত্তর পাশ নদী গর্ভে বিলীন হয়ে যায়। সড়কটি রক্ষা করতে না পারলে বিদ্যালয় ভবনটিও রক্ষা করা যাবে না। তা ছাড়া বিদ্যালয় ভবনের পাশের বসতঘরের মালিকেরা আতঙ্কের মধ্যে আছে।
আমিলাইশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, নদীর তীর ও সড়কধসের কারণে বিদ্যালয় ভবন ঝুঁকিতে রয়েছে। এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। জরুরি ভিত্তিতে সড়ক রক্ষা করতে না পারলে বিদ্যালয় ভবন নদী গর্ভে হারিয়ে যাবে। সড়ক ও বিদ্যালয় ভবন রক্ষা করতে সিসি ব্লক বসানো জরুরি হয়ে পড়েছে।
সাতকানিয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্র জানায়, মৌলভীর দোকান-চরতি সড়কের সংস্কার কাজ চলছে। এই মধ্যে দুই দফা বন্যার কারণে সংস্কার করা অংশেও ব্যাপক ক্ষতি হয়েছে। ওই সড়কটি ঘেঁষে পশ্চিম আমিলাইশ এলাকায় ২০১১-১২ সালে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে পশ্চিম আমিলাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়।
উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন জানান, মৌলভীর দোকান-চরতি সড়কের পশ্চিম আমিলাইশ এলাকায় নদীর তীর সংলগ্ন সড়ক ও বিদ্যালয় ভবন রক্ষা করতে ১০ লাখ টাকা ব্যয়ে একটি প্রতিরোধক দেয়াল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ বলেন, নদীর তীরবর্তী ধসে পড়া অংশে বালুর বস্তা দিয়ে সড়ক ও বিদ্যালয় ভবন রক্ষা করার চেষ্টা চলছে। তা ছাড়া পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, নদী গর্ভে সড়ক ধসের কারণে বিদ্যালয় ভবন ঝুঁকির বিষয়ে এলাকা পরিদর্শন করা হয়েছে। সড়ক ও বিদ্যালয় ভবন যাতে রক্ষা করা যায় সে জন্য প্রকল্প গ্রহণ করা হবে।