শঙ্খের গর্ভে বিলীনের অপেক্ষা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আর কয়েক ফুট ভাঙলেই বিদ্যালয়টি চলে যাবে শঙ্খের গর্ভে। ইতিমধ্যে হেলে পড়ছে ভবন। এখন শুধু বিলীন হওয়ার অপেক্ষা। যেন মৃত্যুর প্রহর গুনছে বাঁশখালীর দক্ষিণ বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি।’ আক্ষেপ নিয়ে কথাগুলো বললেন দক্ষিণ বরুমচড়ার বাসিন্দা আবদুর রহমান।সরেজমিনে দেখা যায়, ভাঙনের ফলে বিদ্যালয়ের বাঁ পাশের মাটি সরে গিয়ে ভবনটি হেলে পড়ছে। এখন বিদ্যালয় থেকে কয়েক ফুট দূরত্বে শঙ্খ নদীর অবস্থান। যেকোনো মুহূর্তে বিদ্যালয় ভবন তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আবিদা সুলতানা বলে, ‘স্কুল কোন সময় ভেঙে পড়ে এ জন্য আমরা ভয়ে থাকি। আমার মা-বাবা আমাকে সব সময় স্কুলে আসতে দেয় না।’বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী জাওয়াদুল করিম, রাইছা রহমান, আবিদুল হক ও লুৎফুন্নাহার জানায়, ‘বিদ্যালয়টি যদি নদীতে ভেঙে যায় তাহলে আমাদের লেখাপড়া এখানেই শেষ করতে হবে।’ এক শিক্ষার্থীর অভিভাবক করিম উদ্দিন বলেন, এমন অবস্থায় ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় বিদ্যালয়টি ধসে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। জানা যায়, প্রতি পূর্ণিমা ও অমাবস্যায় জোয়ারের পানিতে বিদ্যালয়ের নিচতলা হাঁটুপানিতে নিমজ্জিত থাকে। শত দুর্ভোগ সয়েও শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে। কারণ দক্ষিণ বরুমচড়ায় চার কিলোমিটারের মধ্যে এটি একমাত্র বিদ্যালয়। এখানে প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৪০ সালে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের বরুমছড়া গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এলাকার কয়েকজন হিতৈষী ব্যক্তি। বিদ্যালয়টি প্রথমে অবকাঠামোগতভাবে অনুন্নত থাকলেও লেখাপড়ার মানোন্নয়নে ১৯৯৭ সালে সৌদি আরবের একটি দাতা সংস্থার অর্থায়নে বিদ্যালয়ের জায়গায় সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, আবদুল হাকিম, কুলসুমা বেগম জানান, ‘জোয়ার এলে বিদ্যালয়ের নিচতলায় হাঁটুপানি থাকে। এ সময় আমাদের বিদ্যালয়ে যাওয়া-আসা বন্ধ থাকে। বিদ্যালয়টি যদি নদীতে ভেঙে যায় তাহলে আমাদের লেখাপড়া এখানেই শেষ করতে হবে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসনা বানু জানান, বিদ্যালয়টি রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রতিরোধক (রিটেইনিং) দেয়াল বা ব্লক বসিয়ে ভবনটি রক্ষার উদ্যোগ নেওয়া প্রয়োজন। অন্যথায় শিক্ষাপ্রতিষ্ঠানটি যেকোনো সময় শঙ্খ নদীতে হারিয়ে যাবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহমদুল হক চৌধুরী বলেন, বিদ্যালয়টি রক্ষায় দ্রুত পদক্ষেপ না নিলে এলাকার শিক্ষার্থীরা লেখাপড়া থেকে অনেক দূর পিছিয়ে পড়বে। তিনি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে বিদ্যালয়টি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পুকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, ভাঙনকবলিত বিদ্যালয়টি পরিদর্শন শেষে এ বিষয়ে ইউনিয়ন পরিষদ সভায় রেজুলেশন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পত্র প্রেরণ করা হয়েছে। এ ছাড়া প্রকল্প গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতাও চাওয়া হয়েছে।উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস বিদ্যালয়টি পরিদর্শনে গিয়েছেন। তিনি বলেন, ‘বিদ্যালয়টি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।’ এটি রক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পত্র পাঠানো হয়েছে বলে জানান তিনি। জরুরি ভিত্তিতে বিদ্যালয়টি রক্ষার পরিকল্পনা নেওয়া হচ্ছে।