শঙ্খের চরে আটকে আছে পিকিং বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোহাজারীতে নির্মাণাধীন পিকিং বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা যন্ত্রপাতি শঙ্খ নদের চরে আটকে আছে। ৩০০ টন ওজনের ছয়টি বিদ্যুৎ উৎপাদনের যন্ত্রবাহী বিডি তরুনিয়া বার্জ মাউন্টেড নামের নৌযানটি ৩ এপ্রিল দোহাজারীর কাছাকাছি এসে বারুদখানা চাগাচর এলাকায় শঙ্খের চরে আটকে যায়। এর ফলে চন্দনাইশ উপজেলার দোহাজারী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে নির্মাণাধীন ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ বিলম্বিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর আগস্ট মাসেই বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যাওয়ার কথা। বিদ্যুৎ উৎপাদনে তেল কিংবা গ্যাস উভয় ধরনের জ্বালানি ব্যবহারের বিকল্প ব্যবস্থা রয়েছে। তবে গ্যাসলাইন না থাকায় আপাতত তেল দিয়ে উৎপাদন শুরু হবে। বিভিন্ন সূত্রে জানা গেছে, কেন্দ্রটির জন্য আরও পাঁচটি যন্ত্র আসার পথে রয়েছে। এসব যন্ত্র নৌপথে আনার কারণ সম্পর্কে কর্মকর্তারা জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে ছোট-বড় অসংখ্য সেতু রয়েছে। ওই সব সেতু দিয়ে ৩০০ টন ওজনের যন্ত্র নিয়ে আসা মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই নৌপথে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে।প্রকল্প পরিচালক স্বপন চক্রবর্তী জানান, প্রকল্পের ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। তিনি আগামী আগস্ট মাসে এটি চালু করার ব্যাপারে আশাবাদী। দোহাজারীর চাগাচর এলাকার চরে বিদ্যুৎযন্ত্র বহনকারী নৌযানটি আটকে পড়ার কথা স্বীকার করে তিনি বলেন, খননযন্ত্র আনা হচ্ছে, কয়েক দিনের মধ্যে ওই এলাকায় খনন করে যন্ত্রগুলো দোহাজারী শঙ্খ সেতু এলাকায় নিয়ে আসা হবে।