শঙ্খের ভাঙন অব্যাহত
চন্দনাইশ উপজেলায় শঙ্খ নদের ভাঙন অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে চাগাচর গ্রামের আরও সাতটি বাড়ি নদগর্ভে চলে গেছে। এ ছাড়া দোহাজারীর চাগাচর-খাগরিয়া সড়কের একাংশ নদগর্ভে চলে যাওয়ায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে চাগাচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র ভাঙনের মুখে রয়েছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত আগস্ট মাসের মাঝামাঝি থেকে এ পর্যন্ত উপজেলার চাগাচর, বজ্যাখালীর মুখ ও পালপাড়ার ২০০ ঘরবাড়ি, কয়েক শ একর আবাদি-অনাবাদি জমি নদগর্ভে চলে গেছে।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নদে ভাঙা পরিবারগুলো পলিথিন, খড় দিয়ে কোনো রকমে একটা আশ্রয় তৈরি করেছে। আবার অনেকেই তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।নদে ভাঙনের শিকার ফজলুল করিম বলেন, ‘ভাঙনে সব হারিয়েছি। ছেলেমেয়েদের জন্য দুবেলা খাবার জোগাড় করাও সম্ভব হচ্ছে না। ঈদে ছেলেমেয়েদের জন্য নতুন জামাকাপড় কিছুই কিনে দিতে পারিনি।’ভাঙনে সব হারিয়েছেন জামাল উদ্দিন। তিনি বলেন, ‘বাড়িঘর, জমি হারিয়ে আমি সর্বস্বান্ত। এ পর্যন্ত নয়বার ভাঙনের শিকার হয়েছি। এখন খাজনা দিয়েও জায়গা পাওয়া যাচ্ছে না।’ চাগাচর গ্রামের আমির উদ্দীন ও আজিজুল হক জানান, শঙ্খ নদের কারণে গ্রামের বহু সম্পন্ন লোকও নিঃস্ব হয়ে গেছেন। তাঁরা দ্রুত চাগাচর এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ তৈরির আবেদন জানিয়েছেন।দোহাজারীর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ্ আল নোমান বলেন, বিগত কয়েক বছরে শঙ্খ নদের ভাঙনে এই চাগাচর গ্রামের চার ভাগের তিন ভাগ নদে তলিয়ে গেছে। গ্রামটি রক্ষার জন্য জরুরি ভিত্তিতে বন্যানিন্ত্রয়ণ বাঁধ নির্মাণ করা প্রয়োজন।চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিদুল আলম চাগাচর গ্রামে শঙ্খ নদের ভয়াবহ ভাঙনের কথা স্বীকার করে বলেন, ‘ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আমরা বাঁধ তৈরির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী জানান, শঙ্খে বন্যানিয়ন্ত্রণ বাঁধ দেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে লিখিত অনুরোধ জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান জানান, ‘বাঁধ তৈরির জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এ খাতে বরাদ্দ পেলে কাজ শুরু হবে।