শঙ্খের ভাঙন: ঝুঁকিতে মোহছেন আউলিয়া সড়ক
আনোয়ারায় তীব্রতর হয়েছে শঙ্খ নদের ভাঙন। উপজেলার জুঁইদণ্ডীর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের বসতবাড়ি, দোকানপাট ও ফসলিজমি শঙ্খের গর্ভে বিলীন হয়েছে। এই ইউনিয়নের যোগাযোগের প্রধান মাধ্যম শাহ মোহছেন আউলিয়া সড়কটিও যেকোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।জুঁইদণ্ডীর খুরুশকুল গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মাবুদ সওদাগর জানান, আর কয়েক হাত ভাঙলেই শঙ্খের গর্ভে বিলীন হয়ে যাবে শাহ মোহছেন আউলিয়া সড়ক। ফলে বন্ধ হয়ে যাবে পুরো ইউনিয়নের সড়ক যোগাযোগব্যবস্থা।সরেজমিনে ভাঙনকবলিত এলাকায় গিয়ে দেখা যায়, জুঁইদণ্ডী ইউনিয়নের শাহ মোহছেন আউলিয়া সড়কের কয়েক হাত কাছে চলে এসেছে শঙ্খ নদ। স্থানীয় অধিবাসীরা জানান, দুই বছর ধরে শঙ্খের ভাঙনে বিলীন হয়ে গেছে ইউনিয়নের শান্তির হাট, লামার বাজার ও গোদারগোড়ার অন্তত অর্ধশতাধিক দোকানপাট, বাড়িঘর ও ফসলি জমি।সম্প্রতি ওই এলাকার একটি দাখিল মাদ্রাসা, ২০টি দোকানপাট ও স্লুইসগেট শঙ্খের গর্ভে তলিয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গোদারগোড়া এলাকায় এক কোটি টাকা ব্যয়ে ব্লক নির্মাণের কাজ হলেও ভাঙন ঠেকাতে এখনো ব্লকগুলো নদীতে ফেলা হয়নি।জানা গেছে, শাহ মোহছেন আউলিয়া সড়কটি ভেঙে গেলে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়বে জুঁইদণ্ডী ইউনিয়ন। এতে ইউনিয়নের ১৬ হাজার মানুষ দুর্ভোগে পড়বেন।জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী জানান, ইউনিয়নে শঙ্খের ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনের কবলে পড়ে এলাকার বহু পরিবার সহায়-সম্পত্তি হারিয়েছে। শাহ মোহছেন আউলিয়া সড়কটি যেকোনো দিন ভেঙে যেতে পারে। তা ছাড়া লামার বাজার ও গোদারগোড়ার ভাঙন তীব্রতর হচ্ছে, এ অবস্থায় ভাঙন প্রতিরোধে উদ্যোগ নেওয়া না হলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে।আনোয়ারা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আফতাব হোসেন চৌধুরী বলেন, পুরো উপজেলার চার কিলোমিটার এলাকা ভাঙনকবলিত। বৃষ্টি শেষ হলে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।