শঙ্খের ভাঙনের কবলে আনোয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার জুঁইদণ্ডী ও রায়পুর ইউনিয়নে শঙ্খের ভাঙন প্রবল আকার ধারণ করেছে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো ব্যবস্থা না নেওয়ায় সামনের বর্ষা মৌসুমে বিশাল এলাকা নদের গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পাউবো সূত্রে জানা গেছে, বান্দরবান থেকে সাতকানিয়া-চন্দনাইশ হয়ে আনোয়ারা ও বাঁশখালী উপজেলায় প্রবেশ করেছে শঙ্খ নদ। নদের এক পাড়ে বাঁশখালী, অন্য পাড়ে আনোয়ারা। কয়েক দশক ধরে শঙ্খের ভাঙন তীব্রতর হওয়ায় আনোয়ারা ও বাঁশখালীর বেশ কিছু এলাকা বিলীন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভাঙনের কবলে পড়েছে আনোয়ারার রায়পুর ও জঁুইদণ্ডী ইউনিয়ন।
সম্প্রতি আনোয়ারার এই দুই ইউনিয়নে শঙ্খের ভাঙনে নদের গর্ভে বিলীন হয়েছে সড়ক, বসতভিটা ও ফসলের জমি। বেড়িবাঁধের যেসব স্থানে সিসি ব্লক নেই, সেসব স্থানে ভাঙন বেড়েছে।
আনোয়ারার শঙ্খতীরবর্তী এলাকা ঘুরে দেখা গেছে, উপকূলীয় রায়পুরের দক্ষিণ সরেঙ্গা, পূর্ব গহিরা ও ধলঘাটের চার কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ নিশ্চিহ্ন হয়েছে। এ ছাড়া জঁুইদণ্ডীর সাপমারা খালের মুখ, লামারবাজার, গোদার গোড়া ও বারখাইনের দক্ষিণ তৈলারদ্বীপ এলাকার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার সড়ক ও ফসলের জমি নদের গর্ভে হারিয়ে গেছে। জঁুইদণ্ডীর লামারবাজার এলাকার শাহ মোহছেন আউলিয়া সড়কটি নদের গর্ভে হারিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই ইউনিয়ন। বর্তমানে ভাঙন ঠেকাতে জঁুইদণ্ডী উপকূলের বাসিন্দারা নিজেরাই নদের তীরে বালুর বস্তা ফেলছে।
রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইছমাইল জানান, গত তিন দশকে শঙ্খের ভাঙনে এলাকার মানচিত্রই পাল্টে গেছে। এ সময়ে একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসহ শঙ্খে বিলীন হয়েছে বিশাল জনপদ। তিনি আরও জানান, বর্তমানে দক্ষিণ সরেঙ্গা, পূর্ব গহিরার ফকিরহাট এলাকায় কিছু ব্লক বসানো হলেও অন্যান্য অংশে ভাঙন অব্যাহত আছে।
জুঁইদণ্ডী ইউপির চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী জানান, গত এক মাসে এই ইউনিয়নে শঙ্খের ভাঙন তীব্রতর হয়েছে। এই সময়ে লামারবাজারের আশপাশের এলাকায় বেশ কিছু ফসলের জমি শঙ্খের গর্ভে চলে গেছে। ইউনিয়নটি এখন একরকম বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
পাউবো সূত্র জানায়, আনোয়ারা, পতেঙ্গাসহ ভাঙনকবলিত গুরুত্বপূর্ণ এলাকার জন্য অগ্রাধিকারের ভিত্তিতে ৩৫০ কোটি টাকার উন্নয়ন প্রস্তাব পাঠানো হয়েছে। তার মধ্যে আনোয়ারা উপকূলের জন্য ৮০ থেকে ১০০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে আনোয়ারায় বাঁধের সংস্কার কাজ করা সম্ভব হবে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুফিদুল আলম বলেন, ‘আনোয়ারায় শঙ্খের ভাঙনের বিষয়টি আমি সরেজমিন দেখেছি। জঁুইদণ্ডী এলাকার লোকজন উদ্যোগী হয়ে শঙ্খের ভাঙনকবলিত স্থানে বালুর বস্তা ফেলছে, এটি একটি মহৎ উদ্যেগ।’
এ ব্যাপারে পাউবোর উপসহকারী প্রকৌশলী কাইছার উদ্দিন প্রথম আলোকে বলেন, আনোয়ারা উপজেলার ভাঙনকবলিত বিভিন্ন স্থানে কাজ করার জন্য বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। তবে তা এখনো অনুমোদন হয়নি।