শঙ্খের ভাঙনের মুখে প্রাথমিক বিদ্যালয়
সাতকানিয়া উপজেলার পশ্চিম আমিলাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মানববন্ধন করে তাদের বিদ্যালয়টি শঙ্খের কবল থেকে রক্ষা করতে প্র্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছে। বিদ্যালয়টি রক্ষা করা না গেলে শতাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন বিপন্ন হবে। সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নের পশ্চিম আমিলাইশ গ্রামে বিগত দুযুগ ধরে প্রমত্ত শঙ্খ নদের ভাঙনের কবলে পড়ে আমিলাইশের তিনটি পাড়াসহ চরতি খাগরিয়া, নলুয়া, কালিয়াইশ, ধর্মপুর, বাজালিয়া, পুরানগড়, চন্দনাইশের দোহাজারী, বৈলতলী, চাগাচর ও আনোয়ারা উপজেলার বিস্তীর্ণ জনপদ, মসজিদ-মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, ৫০ হাজারের বেশি বসতবাড়ি, পুকুর, গাছপালা, ফসলি জমি বিলীন হয়ে গেছে। এসব এলাকায় আরও সড়ক, মসজিদ-মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় ১৫ হাজারেরও বেশি বসতবাড়ি, পুকুর, গাছপালা, ফসলি জমি ভাঙনের সম্মুখীন। জরুরি ভিত্তিতে শঙ্খ নদের পশ্চিম আমিলাইশ এলাকায় ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা করা না গেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান থেকে চরতি যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি শঙ্খের গর্ভে বিলীন হয়ে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এ ছাড়া পশ্চিম আমিলাইশ দাখিল মাদ্রাসাটিও ভাঙনের মুখে। যেকোনো মুহূর্তে মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থীর পড়াশোনা চিরতরে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।ইতিপূর্বে আমিলাইশ ইউনিয়নের জেলেপাড়াসহ (কইবক্তপাড়া) তিনটি পাড়ার বসতবাড়ি, পুকুর, ফসলি জমি, গাছপালা শঙ্খের গর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে অর্ধশতাধিক পরিবার অসহায় মানবেতর জীবনযাপন করছে। এদের মধ্যে শঙ্খের বাঁধের ওপর এবং রাস্তার পাশে আশ্রয় নিয়েছে অসংখ্য পরিবার। ভাঙনে সাতকানিয়া, চন্দনাইশ, আনোয়ারা উপজেলা এবং পার্বত্য জেলা বান্দরবানে ঘরহারা হয়েছে প্রায় দুই লক্ষাধিক পরিবার। এদের বেশির ভাগই জেলে সমপ্রদায়ের। নাগরিক সুবিধাবঞ্চিত ভাঙন এলাকার অসহায় মানুষগুলো সরকারি সাহায্য পায়নি বলে অভিযোগ রয়েছে। শঙ্খের অপর প্রান্তে জেগে ওঠা বড় বড় চর এলাকায় সরকারি অর্থায়নে বাড়িঘর নির্মাণ করে দেওয়ার দাবি জানিয়েছে গৃহহারা পরিবারগুলো। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাদ ছাল্লাল জানান, আমিলাইশ এলাকায় শঙ্খের ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে তিন মাস আগে তিনি সরেজমিন পরিদর্শন করে জেলা প্রশাসক ও মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান।