শঙ্খের সঙ্গে লড়াই!
শঙ্খ কেড়ে নিচ্ছে ঘরবাড়ি, জমিজমা, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির সব। প্রতিবছর বর্ষা মৌসুমে প্রকৃতির কাছে অসহায় আত্মসমর্পণ ছাড়া আর যেন কোনো উপায় নেই মানুষের। কিন্তু এবার শঙ্খের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন ডা. মং তে ঝ। ভাঙনের কবল থেকে রক্ষা পেতে সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের বোমাং এলাকার এই বাসিন্দা নিজের উদ্যোগে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করছেন। জানা যায়, উপজেলার বাজালিয়া বোমাং হাট এলাকায় প্রতিবার বর্ষা মৌসুমে শঙ্খ নদে পাহাড়ি ঢলে ভাঙনের কবলে পড়ে শত শত ঘরবাড়ি। পানি উন্নয়ন বোর্ড কিংবা অন্য কোনো সরকারি সংস্থা এলাকায় ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি। এলাকার বোমাং হাট রাখাইনপাড়া, কামারপাড়া, হিন্দুপাড়া ও দুটি মুসলিমপাড়ার দেড় হাজার ঘরবাড়ি এখন হুমকির মুখে।এ ছাড়া রয়েছে পূর্ব বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি ফোরকানিয়া মাদ্রাসা ও একটি মসজিদ।এলাকার বাসিন্দা মোরশেদ ছিদ্দিকী জানান, প্রতিরোধের ব্যবস্থা না নিলে আগামী দুই বছরের মধ্যে বান্দরবান-কেরানীহাট সড়কের বাজালিয়া অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাবে।এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের পটিয়া জোনের উপসহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘বাজালিয়া ইউনিয়নের কোনো প্রকল্প আমাদের হাতে আপাতত নেই, বোমাং হাট এলাকাসহ বাজালিয়া মাহালিয়া এলাকায় ভাঙনরোধে খাল খননসহ প্রতিরক্ষা বাঁধের একটি প্রকল্প নেওয়ার প্রচেষ্টা চলছে, আশা করি আগামী বছর টেন্ডার আহ্বান করতে পারব।’এ রকম একটি প্রেক্ষাপটে বিস্তীর্ণ এই জনপদকে বাঁচাতে এগিয়ে এলেন বান্দরবানের সিভিল সার্জন মং তে ঝ। গত ২৮ জানুয়ারি থেকে তিনি নিজের উদ্যোগে সেখানে বাঁধ নির্মাণ করেছেন। তিনি বলেন, ‘বোমাং হাট এলাকার তীব্র ভাঙনরোধে সরকারিভাবে কোনো ব্যবস্থা নাই। এলাকার কথা চিন্তা করে নিজ উদ্যোগে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ শুরু করেছি।’২০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থ এ ভাঙন প্রতিরক্ষা বাঁধ নির্মাণে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। ইতিমধ্যে ছয় লাখ টাকা খরচ হয়ে গেছে বলে তিনি জানান।সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজালিয়া বোমাং হাট এলাকার রাখাইনপাড়ার পেছনে শঙ্খ নদের বাঁকে নদের পাড় কেটে মাটির ওপর জিওটেক্স (কার্পেট আকৃতির মোটা কাপড়) বিছিয়ে দেওয়া হয়েছে। তার ওপর সিমেন্ট-বালির মিশ্রণ চটের বস্তা ভর্তি করে বসিয়ে দেওয়া হচ্ছে। ২২ জন শ্রমিক নিয়মিত কাজ করছেন। নিজের প্রযুক্তিতে এ কাজ করছেন কি না, জানতে চাইলে ডা. মং তে ঝ বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের পরামর্শ অনুযায়ী কাজ হচ্ছে।’ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী অনুপম দাশ নিয়মিত এ কাজ দেখভাল করেন বলে তিনি জানান। বাঁধ নির্মাণের অর্থ ডা. মং তে ঝ নিজের তহবিল থেকেই ব্যয় করছেন। তবে এলাকার সাধারণ মানুষও সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছে বলে তিনি জানান। তিনি বলেন, ‘বড় অঙ্কের সাহায্যের মধ্যে মিজানুল হক চৌধুরী ১০০ ব্যাগ সিমেন্ট, বনলতা গার্মেন্টসের মালিক মৃদুল চক্রবর্তী এক লাখ টাকা ও এলাকার শহীদুল্লাহ ৫০ হাজার টাকা দিয়েছেন।’