শজনের চার স্বাদ
খাওয়া শেষেও শজনে ডাঁটা চিবোনোর মজাই আলাদা। চার স্বাদের শজনে ডাঁটার রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম।নারকেল-চিংড়িতে শজনে ডাঁটাউপকরণ: শজনে ২৫০ গ্রাম, নারকেলবাটা আধা কাপ, চিংড়ি আধা কাপ, পেঁয়াজবাটা ১ চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ, তেজপাতা ২টি, তেল ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচবাটা আধা চা-চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ২টি ও চিনি ১ চা-চামচ।প্রণালি: তেলে সব মসলা কষিয়ে নারকেলবাটা, চিংড়ি ও শজনে দিয়ে ঢেকে দিতে হবে। সেদ্ধ হয়ে এলে চিনি ও কাঁচা মরিচ দিয়ে নামাতে হবে।শজনে-ইলিশউপকরণ: ইলিশ মাছ ৬ টুকরা, শজনে ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ চা-চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা আধা চা-চামচ, জিরার গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, হলুদের গুঁড়া আধা চা-চামচ, লাল মরিচবাটা আধা চা-চামচ, টমেটো কুচি বা পিষে নেওয়া ১ চা-চামচ, ধনেপাতা পরিমাণমতো, কাঁচা মরিচ ২-৩টি ও তেল ২ টেবিল চামচ।প্রণালি: মাছে হলুদ, মরিচ ও লবণ মেখে ভেজে তুলে নিতে হবে। তেলে সব মসলা কষিয়ে শজনে ঢেলে দিতে হবে। সামান্য পানি দিয়ে শজনে সেদ্ধ করে ভাজা মাছ, কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে।সরষে-শজনেউপকরণ: শজনে ১ কাপ, আলু ১ কাপ, হলুদের গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচবাটা আধা চা-চামচ, লবণ স্বাদমতো, সরষেবাটা ৩ টেবিল চামচ, পাঁচফোড়নবাটা আধা চা-চামচ, সরষের তেল ১ টেবিল চামচ, পেঁয়াজবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ ও কাঁচা মরিচ ২-৩টি।প্রণালি: মসলা কষিয়ে আলু ও শজনে দিয়ে দিতে হবে। পানি আন্দাজমতো দিয়ে সেদ্ধ হলে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিতে হবে।শজনে ডালের বড়িউপকরণ: শজনে ২৫০ গ্রাম, ডালের বড়ি ১ কাপ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, আদাবাটা আধা চা-চামচ, জিরার গুঁড়া আধা চা-চামচ, লেমন রাইন্ড বা লেবুর খোসা কুচি আধা চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, লবণ স্বাদমতো, মরিচের গুঁড়া আধা চা-চামচ, হলুদের গুঁড়া আধা চা-চামচ ও তেল ২ টেবিল চামচ।প্রণালি: তেলে ডালের বড়ি ভেজে নিতে হবে। সব মসলা কষিয়ে শজনে ও ভাজা ডালের বড়ি সামান্য পানি দিয়ে ঢেকে দিতে হবে। এরপর লেবুর খোসা কুচি ও রস দিয়ে নামিয়ে দিতে হবে।