শণপাটে বিশ্ব জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশেই তৈরি হচ্ছে এসব বিশ্বমানের পণ্য। ছবি: খালেদ সরকার
বাংলাদেশেই তৈরি হচ্ছে এসব বিশ্বমানের পণ্য। ছবি: খালেদ সরকার

বরিশাল শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে। আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল, নিবিড় ছায়া শীতল বাঘধা গ্রাম। এই গ্রামের দুই শতাধিক নারী শণপাট দিয়ে তৈরি করছেন বিশ্বমানের সামগ্রী। তাঁরা সবাই বাঘধা এন্টারপ্রাইজের উত্পাদনকর্মী। উৎপাদনের ওপরই তাঁদের আয়। যে আয়ে চলে সংসার এবং সন্তানদের পড়াশোনা। সরেজমিনে দেখা গেছে, শণপাট গুদামজাত করছেন কেউ কেউ। কেউ বা আঁশ ছাড়াচ্ছেন। বাড়ির আঙিনায় বসে সুতা কাটার যন্ত্রে পাটের চিকন সুতা তৈরি করছেন কেউ কেউ। এক পাশে একটি চালাঘরে কয়েকজন নারী পাটকে মসৃণ করছেন। কয়েকজন সুতাকে বলের মতো তৈরি করে এক স্থানে জড়ো করছেন। অন্য একটি লম্বা ঘরে ৩০-৪০ জন নারী সুতা দিয়ে নানা উপকরণ তৈরি করছেন। উপকরণগুলোতে নানা ধরনের নকশা করছেন কেউ কেউ। বাঘধা এন্টারপ্রাইজের ইউনিট ব্যবস্থাপক কালীপদ অধিকারী জানান, শুরুর দিকে বিদেশি সংস্থা শণপাট দিয়ে বিভিন্ন উপকরণ তৈরি শুরু করে। আগৈলঝাড়া অঞ্চলে ১৯৭৯ সালে কাজ শুরু করলেও বাঘধা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা হয় ১৯৮২ সালে। শুরু থেকেই প্রতিষ্ঠানটি স্বাধীনভাবে কাজ শুরু করে। তবে রপ্তানি এবং বাজারজাতকরণে তারা সহযোগিতা দেয় ম্যাননাইড সেন্ট্রাল কমিটিকে (এমসিসি)।
যেভাবে যাত্রা শুরু
১৯৬৯ সালের কথা। ম্যাননাইড সেন্ট্রাল কমিটি নামের আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে আসে কর্ম সৃষ্টি প্রকল্প নিয়ে। তারা সহজলভ্য অতিসাধারণ জিনিস নিয়ে কাজ শুরু করে। মূলত সাধারণ মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গবেষণা পরিচালনা করে। ওই গবেষণার অংশ হিসেবে তারা শণপাট, কচুরিপানা, তালপাতা, কেয়াপাতা এবং পরিত্যক্ত ময়লা-আবর্জনা কাজে লাগানোর উদ্যোগ নেয়।

বাংলাদেশেই তৈরি হচ্ছে এসব বিশ্বমানের পণ্য। ছবি: খালেদ সরকার
বাংলাদেশেই তৈরি হচ্ছে এসব বিশ্বমানের পণ্য। ছবি: খালেদ সরকার

১৯৮২ সালে বাঘধা ইউনিয়নের বাঘধা গ্রামে গড়ে তোলা হয় শণপাট নিয়ে নান্দনিক সৌন্দর্যমণ্ডিত বিভিন্ন উপকরণ। ঘর সাজানো এসব উপকরণ এবং প্রসাধনী পণ্য এখন দেশের বাইরে রপ্তানি হচ্ছে। আর এই উপকরণ তৈরিতে কাজ করছেন গ্রামের পিছিয়ে পড়া নারীরা। বাঘধা গ্রামের মনোয়ারা বেগম ৩০ বছর ধরে পাট দিয়ে সুতা তৈরির কাজ করছেন। তিনি জানান, শণপাট কিনে স্তূপ করা হয়। পরে সেগুলো ঝেড়ে আঁশগুলো পৃথক করে চলে সুতা তৈরির কাজ। ওই সুতা দিয়েই অন্য নারীরা একের পর এক বিভিন্ন উপকরণ তৈরি করেন। সহকারী সুপারভাইজার অপূর্ব লাল সরকার জানান, শণপাট দিয়ে হাতে তৈরি উপকরণের মধ্যে অন্যতম হচ্ছে পুতুল, ব্যাগ, হ্যান্ডরিস্ট, বাথমিট (শরীর পরিষ্কার করার), ওয়াশক্লথ, জুয়েলারি সামগ্রী, সাবানের ব্যাগ, ব্রেসলেট, টুপি, হ্যাটসহ প্রায় ২০০ প্রকার সামগ্রী। বাঘধা এন্টারপ্রাইজের উত্পাদিত হাতে তৈরি পেণ্যর বেশি চাহিদা রয়েছে ইংল্যান্ড, ইতালি, জাপান, হংকং, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, স্পেন, ডেনমার্ক ও নেদারল্যান্ডেস। উৎপাদন ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌস জানান, ২০১৪ সালে ২ কোটি ২১ লাখ টাকার পণ্য রপ্তানি করা হয়েছে। এ বছর ২ কোটি ৫০ লাখ টাকার পণ্য রপ্তানির চাহিদা পাওয়া গেছে। এলাকার মানুষ, বিশেষ করে নারীরা এই অর্থের সরাসরি সহযোগিতা পাচ্ছেন। স্বামী মারা যাওয়ায় মনিতারা বাড়ৈ বিপাকে পাড়েন। একপর্যায়ে কাজ পান বাঘধা এন্টারপ্রাইজে। ২৫ বছর ধরে কাজ করছেন তিনি। তাঁর আয় দিয়েই সংসার চলছে। ২০ বছর ধরে কাজের সঙ্গে যুক্ত নারীশ্রমিক অজুফা বেগম বলেন, ‘এই প্রতিষ্ঠানে কাজ করে পরিবার নিয়ে বেঁচে আছি। এই কাজ না থাকলে মানুষের বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করতে হতো।’