শণের ঘরে করের বোঝা !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশনের অনুন্নত তিনটি ওয়ার্ডে শণের ঘরের বাসিন্দাদের ওপরও করের বোঝা চাপানো হয়েছে। ওয়ার্ডগুলো হচ্ছে দক্ষিণ পাহাড়তলী, জালালাবাদ ও পাঁচলাইশ। নাগরিক সুবিধাবঞ্চিত এসব নিম্ন আয়ের মানুষকে করের আওতায় আনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে ক্ষোভ এবং হতাশা দেখা দিয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আমলে এসব ওয়ার্ডে শুধু পাকা-সেমিপাকা ঘরের ওপর কর ধার্য করা হতো। এখন শণের ছাউনি মাটি ও বেড়ার ঘরের মালিকদের কাছ থেকেও গৃহ, পরিচ্ছন্নতা, সড়কবাতি ইত্যাদি খাতে কর নেওয়া হচ্ছে। অথচ তারা ওইসব নাগরিক সুবিধা পায় না। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে এই তিনটি ওয়ার্ডসহ করপোরেশনের আরও সাতটি ওয়ার্ডে কর নির্ধারণের জন্য পঞ্চবার্ষিকী মূল্যায়ন করা হয়। ওই বছরের হিসাব অনুযায়ী, দক্ষিণ পাহাড়তলীতে হোল্ডিংয়ের সংখ্যা তিন হাজার ৫৬৫, জালালাবাদে দুই হাজার ৬৩০ এবং পাঁচলাইশ ওয়ার্ডে পাঁচ হাজার ৫৯৮টি। সব মিলিয়ে ১১ হাজার ৭৯৩টি।এর আগে ১৯৯৩ সালের পঞ্চবার্ষিকী মূল্যায়নে এ তিন ওয়ার্ডে মোট হোল্ডিংয়ের সংখ্যা ছিল পাঁচ হাজার ২০০। সে সময় শুধু পাকা-সেমিপাকা ঘরে কর নির্ধারণ করা হয়েছিল শতকরা ১৪ টাকা।একইভাবে ২০০৮ সালের মূল্যায়নেও করের হার ১৪ শতাংশ অপরিবর্তিত থাকলেও অস্বাভাবিক হারে বাড়ানো হয় হোল্ডিং-সংখ্যা। এতে পাকা-সেমিপাকা ঘরের পাশাপাশি শণের ছাউনি দেওয়া মাটি ও বেড়ার ঘরও যুক্ত করা হয়। ১৪ শতাংশের মধ্যে ৭ শতাংশ গৃহ, ৪ শতাংশ পরিচ্ছন্নতা ও ৩ শতাংশ সড়কবাতি কর হিসেবে নির্ধারণ করা হয়েছে।শণের ঘরে কর আরোপ প্রসঙ্গে জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্ত্তী বলেন, ২০০৮ সালের কর মূল্যায়নটা একটু বেশি হয়েছে বলে মনে হয়। এতে হোল্ডিং-সংখ্যা কিছুটা বেড়েছে। তবে এসব ওয়ার্ডে ক্ষেত্র বিশেষে করদাতাকে সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড় দেওয়ার জন্য মেয়র মহোদয় সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন।২২ নভেম্বর সরেজমিনে দক্ষিণ পাহাড়তলী ও জালালাবাদ ওয়ার্ডে গেলে কথা হয় বিভিন্ন শ্রেণীর করদাতাদের সঙ্গে। দক্ষিণ পাহাড়তলীর ব্রাহ্মণপাড়ার বাসিন্দা মধুসূদন চক্রবর্ত্তী (হোল্ডিং নম্বর-১৬৮৪/২৫৪৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার ঘর বেড়ার তৈরি শণের ছাউনিযুক্ত। এ ঘরের ওপর বছরে ৬০০ টাকা কর ধরা হয়েছে।’ একই বাড়ির গোপাল চক্রবর্ত্তীর বেড়ার ওপর টিনশেড ঘরের (হোল্ডিং নম্বর-২৫৫২) ওপর বার্ষিক কর ধরা হয়েছে দুই হাজার ১০০ টাকা। তিনি বলেন, ‘আমাদের গ্রামে ডাস্টবিন কিংবা পরিচ্ছন্নতা কার্যক্রম নেই। সড়কে বাতি থাকলেও অধিকাংশ সময় জ্বলে না। এর পরও এসব খাতে কর আরোপ করা হয়েছে।’উত্তর ফতেয়াবাদ এলাকার নিতাই দেওয়ানজির মাটির ঘরে কর আরোপ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘মহিউদ্দিন চৌধুরীর আমলে শুধু পাকা ঘরে কর আরোপ করা হয়েছিল। এখন মনে হয়, গোয়াল ঘরের ওপরও করের বোঝা চাপানো হবে।’একইভাবে ক্ষোভ প্রকাশ করেছেন জালালাবাদ ওয়ার্ডের টেনারি বটতলী এলাকার বাসিন্দা মো. ইউসুফসহ অনেকে।ফতেয়াবাদ ওয়ার্ডে কর আদায়কারী মো. দিদারুল আলম বলেন, ‘আমাকে করদাতার কাছ থেকে দিনে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জমা দিতে হয়। মাসে এক লাখ টাকার টার্গেট পূরণ করতে না পারলে বেতন বন্ধ হয়ে যাবে।’ তিনি জানান, দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড এমন এক অনুন্নত এলাকা, যেখানে কর সংগ্রহের জন্য করদাতাদের কাছে যেতে হয় জমির আইল ধরে, কাদা মাড়িয়ে।এ বিষয়ে দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহজাহান বলেন, মেয়র সাহেব সংশ্লিষ্ট এলাকার জন্য কর পুনর্বিবেচনা বোর্ড গঠন করে দিয়েছেন। কর নিয়ে কারও আপত্তি থাকলে তাঁরা বোর্ডের শরণাপন্ন হতে পারেন। অনেকে বোর্ডে আপিল করে কর ছাড় করিয়ে নিচ্ছেন।সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা শামসুল ইসলাম বলেন, নগরের অন্যান্য ওয়ার্ডের চেয়ে এই তিন ওয়ার্ডে করের পরিমাণ ৩-৫ শতাংশ কম। এসব এলাকা একটু অনুন্নত বলেই ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর পরও অনেক করদাতাকে মোট ধার্য করের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।