শত চুরির পর উপলব্ধি ‘চুরি করা ভালো না’
এ পর্যন্ত অন্তত ৭০টি চুরির ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ আছে। ঢাকার ব্র্যাক ব্যাংক ও রেলওয়ে ভবনে চুরির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তবে এর আগে কখনোই পুলিশের হাতে ধরা পড়েননি। সম্প্রতি তিনি প্রথমবারের মতো পুলিশের হাতে গ্রেপ্তার হন। ধরা পড়ার পর তাঁর উপলব্ধি—‘চুরি করা ভালো নয়’। চুরিবিদ্যায় মহা ওস্তাদ ব্যক্তিটি হলেন সাতকানিয়ার খাগরিয়া গ্রামের বাচা মিয়া। সম্প্রতি কোতোয়ালি এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ধরা পড়ার পর আক্ষেপ করে বাচা মিয়া বলেন, ‘চুরি করা খুবই খারাপ। আর এ কাজ করব না।’ বাচা মিয়ার বাবার নাম সোনা মিয়া। কুখ্যাত চোর হিসেবে পুলিশের খাতায় নাম আছে তাঁরও। বাচা মিয়া জানান, তাঁর সহযোগী আরিফ মঈনুদ্দিন ও হাকিম একসময় পুলিশের সোর্স ছিলেন। আরিফ সম্প্রতি বায়েজিদ এলাকায় পুলিশের হাতে ধরা পড়েছেন। বাচা মিয়া জানান, গত ডিসেম্বর থেকে তিনি ও তাঁর সহযোগীরা বিভিন্ন বিদ্যালয়ে চুরি করা শুরু করেন। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘ডিসেম্বর ও জানুয়ারি মাসে বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। এ জন্য এ সময় প্রতিটি বিদ্যালয়ে অনেক টাকা জমা থাকে। তা ছাড়া বিদ্যালয়ের পাহারার ব্যবস্থাও থাকে অনেক বেশি ঢিলেঢালা। এতে সহজেই বিদ্যালয়গুলোতে ঢুকে যাওয়া যায়।’ সর্বশেষ চান্দগাঁও চৌধুরীপাড়ার একটি বিদ্যালয়ে চুরি করেছেন বলে বাচা মিয়া জানান। কোতোয়ালি থানায় পুলিশের সামনেই বাচা মিয়া চুরিবিদ্যায় নিজের পারদর্শিতার কথা উল্লেখ করে বলেন, ‘একটি চার-পাঁচতলা ভবনের যেকোনো তলায় উঠতে সময় লাগে বড়জোর ১০ মিনিট।’ পেছনের পাইপ দিয়ে তিনি অনায়াসে উঠে যেতে পারেন যেকোনো তলায়। এরপর দরজা খোলা কিংবা অন্যান্য কাজও অতি দ্রুত সময়ে করা সম্ভব। তিনি বলেন, একটি বাসায় চুরি করতে ১০ থেকে ১৫ মিনিটের বেশি সময় লাগে না তাঁর। কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বাচা মিয়া শতাধিক চুরির সঙ্গে জড়িত। কিন্তু তার বিরুদ্ধে ঢাকা রেলওয়ে ভবনে চুরির দায়ে মাত্র একটি মামলা রয়েছে। ফলে এত দিন সে নির্ভয়ে চুরি করেছে।’ তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, বাচা মিয়ার নাম পুলিশের তদন্তে একাধিকবার এসেছে। কিন্তু দায়িত্ব এড়াতে এবং সংশ্লিষ্ট থানা এলাকায় চুরির ঘটনার রেকর্ড না রাখায় মূলত বাচা মিয়ার বিরুদ্ধে মামলা নেওয়া হয়নি। পুলিশি হেফাজতে বাচা মিয়া প্রথম আলোকে বলেন, ‘চুরি করা ভালো না। এত দিন না বুঝে চুরি করেছি।’