১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা। এই মেলায় প্রথমবার যাওয়ার স্মৃতি লিখে পাঠিয়েছেন চার বন্ধু

আমরা তখন ইউনিভার্সিটিতে, ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড। ১৯৮৭ অথবা ১৯৮৮-এর কথা। সালটা ঠিক মনে নেই। পুরো বাংলা একাডেমি চত্বরে ফেব্রুয়ারি মাসে শুরু হলো বইমেলা। বিকেলে টিএসসির অবধারিত আড্ডা ফিকে হয়ে আসে। হাজার হাজার মানুষের জনস্রোতে আমরাও কয়েক বন্ধু জীবনের প্রথম বইমেলায় প্রবেশের স্বাদ নিলাম। একদম অন্য রকম অনুভূতি। যা দেখি তা-ই ভালো লাগে। মেলায় প্রবেশমুখেই ছোট ছোট দোকান। একনাগাড়ে বিখ্যাত আবৃত্তিকারদের আবৃত্তি বাজছে ক্যাসেটে। ভিড় ঠেলে ভেতরে যেতেই সারি সারি বইয়ের দোকান। নতুন বইয়ের গন্ধে আমরা উদ্দীপ্ত। চোখের সামনে বিখ্যাত কবি ও লেখক সৈয়দ শামসুল হক খুব ক্যাজুয়ালি হেঁটে বেড়াচ্ছিলেন। দেখা গেল কবি সমুদ্র গুপ্ত আর কবি আসাদ চৌধুরীকে। কবি মহাদেব সাহাকে দেখি একটা স্টলের পাশে দাঁড়িয়ে আছেন। একটা সাদা পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছিলেন আনিসুল হক। দু-একজন দৌড়ে গেলেন। তাঁদের লেখা বই নিয়ে। খুব বিনয়ীভাবে মুগ্ধতা ছড়িয়ে অটোগ্রাফ দিয়ে দিলেন সৈয়দ শামসুল হক । কে যেন বলল, ওপাশে যাওয়া যাবে না— রাজ্যের ভিড়। আমরা ততই উৎসাহী হয়ে ভেতরে ঢুকি। তারপর অবাক বিস্ময়ে নির্বিকার এক লেখককে আবিষ্কার করি, যাঁর নাম হুমায়ূন আহমেদ। শত শত তরুণ তাঁকে ঘিরে আছেন। তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি। লেখক, প্রকাশক আর নতুন বইয়ের এমন স্বর্গরাজ্যে আমি অভিভূত হয়ে তাকিয়ে থাকি।
বাংলা একাডেমির প্রবেশমুখেই সেবার বানানো হয়েছিল মঞ্চ। চলছিল বিভিন্ন আলোচনা সভা, কবিতা পাঠের আসর। চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। লেখককুঞ্জ নামে একটা জায়গাও ছিল, যেখানে অনেক তরুণ লেখক উপস্থিত ছিলেন। মেলার তথ্যকেন্দ্র থেকে কিছুক্ষণ পরপরই নতুন প্রকাশিত বইগুলোর নাম, লেখক ও প্রকাশকের নাম ঘোষণা করা হচ্ছে। আমরা খুব মনোযোগ দিয়ে নতুন নতুন বই আর লেখকের নাম শুনছিলাম। ভালো লেগেছিল সেবার মেলার প্রবেশদ্বারের পাশেই স্টল বানিয়ে বিভিন্ন রক্ত সংগ্রাহক প্রতিষ্ঠান রক্ত সংগ্রহ করে ছিল। আমাদের দুই বন্ধু সেখানে রক্তও দিয়ে এসেছিলেন।
প্রকাশনা প্রতিষ্ঠানের লোকজন আমাদের দেখেই তাঁদের নতুন বইয়ের তালিকা ধরিয়ে দিচ্ছিলেন। আমরা এক এক করে প্রায় সবগুলো বইয়ের দোকান থেকে নতুন প্রকাশিত বইয়ের ক্যাটালগ নিয়েছিলাম। যেন এটাই আমাদের আনন্দ। তারপর সেই ক্যাটালগ দেখে আমাদের মধ্য থেকে কয়েকজন বেশ কিছু বইও কিনেছিলাম। সেই ছিল আমার জীবনের প্রথম অমর একুশে বইমেলার স্মৃতি।