শত বছরের আলোয়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উৎ​সবে প্রাক্তন ছাত্ররা l প্রথম আলো
রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উৎ​সবে প্রাক্তন ছাত্ররা l প্রথম আলো

১৯১৪ থেকে ২০১৫। রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয় শিক্ষার আলো জ্বেলে পার করেছে শতবর্ষ। এ উপলক্ষে আয়োজন করা হয় দুই দিনব্যাপী শতবর্ষ উদ্যাপন উৎসব। ২৬ ডিসেম্বর বিকেলে বিদ্যালয় মাঠে উৎসব উদ্বোধন করেন সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম।
তিনি বলেন, শিক্ষা ছাড়া সমাজ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদের এ ক্ষেত্রে অধিক মনোযোগী হতে হবে। কঠোর সাধনার মাধ্যমেই প্রতিভাবান হওয়া যায়।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯১৪ সালে ২ দশমিক ৩৫ একর জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন তৎকালীন দানবীর খিজারী দালাল। কক্সবাজার জেলার প্রথম এই বিদ্যালয়টি স্বীকৃতি লাভ করে ১৯১৯ সালে।
‘মিলনের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রাণে প্রাণে’—এ স্লোগানে আয়োজিত উৎসবে দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন হাজারো প্রাক্তন শিক্ষার্থী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্যাপন পরিষদের সভাপতি মোশতাক আহমদ। স্বাগত বক্তব্য দেন উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের সংরক্ষিত নারী আসনের সাংসদ খোরশেদ আরা হক, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা কাজী ও শিক্ষাবিদ অরবিন্দু বড়ুয়া।
শুরুতে শতবর্ষ উৎসব স্মারকগ্রন্থ খিজারীয়ান-এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
উৎসবের দ্বিতীয় দিন সভাপতিত্ব করেন ফতেখাঁর কূল ইউনিয়ন পরিষদের (ইউিপ) সাবেক চেয়ারম্যান ওবাইদুল হক। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত রামু কেন্দ্রীয় সীমাবিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরকে সংবর্ধিত করা হয়। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তরুণ বড়ুয়া বলেন, ১৯৪৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৩০টি ব্যাচের কয়েক হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী উৎসবে অংশ নিয়েছেন। উৎসবে ছিল ব্যাচভিত্তিক আলোচনা, স্মৃতিচারণাসহ নানা আয়োজন। উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় নাটক মালকাবানু সবার মন ছুঁয়েছে। গান গেয়ে দর্শকদের মন জয় করেন সংগীতশিল্পী তপন চৌধুরী, প্রেম সুন্দর বৈঞ্চব, অর্পিতা দত্ত ও মুন।