শত বছরের পানির কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীঘিনালার জাম্বুরাপাড়ার বাসিন্দারা গত এক শতাব্দী ধরে পানির জন্য এই কুয়ার ওপর নির্ভরশীল। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
দীঘিনালার জাম্বুরাপাড়ার বাসিন্দারা গত এক শতাব্দী ধরে পানির জন্য এই কুয়ার ওপর নির্ভরশীল। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম জাম্বুরাপাড়া গ্রামের বাসিন্দা পূর্ণ মঙ্গল চাকমার বয়স ৮৭ বছর। জন্মের পর থেকেই ওই পাড়ার পাহাড়ের নিচে খনন করা কুয়ার পানি পান করছেন তিনি। কেবল তিনি নন, গ্রামের সবাই ওই কুয়ার পানি পান করেন। তাঁর এত বছর বয়সেও এই একটি বিষয়ে পরিবর্তন ঘটতে দেখেননি। প্রায় শত বছর ধরে ওই একটি কুয়াই জাম্বুরাপাড়া গ্রামের শতাধিক পরিবারের পানির একমাত্র উৎস।

বছরে ছয় মাস কুয়া থেকে পানির চাহিদা মিটলেও ভরা বর্ষায় আর শীতের শেষে পানির কষ্ট বেড়ে যায়। অথচ সামান্য কিছু টাকা খরচ করে কুয়ার পানি সংরক্ষণের ব্যবস্থা করলে পানির কষ্ট দূর হতো বলে মনে করেন পাড়ার বাসিন্দারা।

সম্প্রতি জাম্বুরাপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, পাহাড়ের নিচে একটি ছোট্ট কুয়া থেকে পানি উপচে পড়ছে। কুয়া থেকে পানি সংগ্রহ করছেন সবিতা চাকমা (৩৮) ও সুমতি চাকমা (৩০) নামের দুই নারী। তাঁরা বলেন, এখন কুয়া থেকে পানি উপচে পড়ছে। অথচ দুই মাস পর পানি তলানিতে গিয়ে ঠেকবে। পানি সংরক্ষণের ব্যবস্থা করলে সারা বছর আর পানির চিন্তা থাকত না তাঁদের।

তাঁরা আরও বলেন, এই কুয়া জাম্বুরাপাড়ার শতাধিক পরিবারের পানির একমাত্র উৎস। বছরে ছয় মাস কুয়ায় প্রচুর পানি থাকে। পানিও বেশ স্বচ্ছ। কিন্তু বর্ষা মৌসুমে পানি আর পান করা যায় না। পাহাড় থেকে আবর্জনা নেমে এসে কুয়ার পানি দূষিত করে ফেলে। আর ফাল্গুন, চৈত্র মাসে কুয়ায় পানি কমে যায়। তখন পানির সংকট দেখা দেয়।

গ্রামের বাসিন্দা চঞ্চলা দেবী চাকমা, পূর্ণ মঙ্গল চাকমা, রসায়ন চাকমা, প্রবীর রঞ্জন চাকমা ও কল্প রঞ্জন চাকমা জানান, জাম্বুরা এলাকায় মাটির নিচে পাথর থাকায় নলকূপ স্থাপন করা যায় না। গ্রামবাসী পাহাড়ের নিচে যে কুয়াটি খনন করেছে সেখানে প্রচুর পানি থাকে। বংশপরম্পরায় পাড়ার বাসিন্দারা এই কুয়ার পানিই পান করে আসছে। কুয়ার পানি অপচয় বন্ধ করা গেলে জাম্বুরাপাড়ায় সারা বছরই পানি পাওয়া যেত।

উপজেলার কবাখালী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য সীমা দেওয়ান বলেন, জাম্বুরাবাসীর পানি কষ্ট শত বছরের। তবে গ্রামবাসী যে কুয়াটি খনন করে পানির সুবিধা পাচ্ছে তাতে প্রচুর পানি পাওয়া যায়। পানি সংরক্ষণের ব্যবস্থা করলে পানির সমস্যা আর থাকবে না।

দীঘিনালা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরকার বলেন, জাম্বুরাপাড়া এলাকায় নলকূপ স্থাপন করা যায় না। কুয়ার পানি সংরক্ষণের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। এ ছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গ্রামীণ পানি সরবরাহ নামে একটি প্রকল্প রয়েছে। জাম্বুরাপাড়ায় সে প্রকল্পের আওতায় কাজ শুরু করা যায় কি না, এ ব্যাপারে চেষ্টা করা হবে।